প্রীতন্বিতা

নক্ষত্রদের জীবন যাপন

আমাদের এই ব্রহ্মাণ্ড এমন এক রঙ্গমঞ্চ যেখানে প্রতিমুহূর্তে ঘটে চলেছে অসংখ্য নাটকীয় ঘটনা। এমনই একটি ঘটনা হলো নক্ষত্রপুঞ্জের সংঘর্ষ। দুটি নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি যখন পরস্পর কাছাকাছি আসে এবং ধাক্কা মারে তখন জন্ম নেয় কোটি কোটি নতুন নক্ষত্র, বেশিরভাগ সময়েই এরা থাকে জোট বেঁধে বা ক্লাসটার তৈরি করে। এই ক্লাসটার গুলির মধ্যে উজ্জ্বলতা এবং ভারসাম্য যাদের সবচেয়ে বেশি তাদেরকে বলা হয় সুপারস্টার ক্লাস্টার। 

আজ পর্যন্ত নক্ষত্রপুঞ্জের সংঘর্ষের সবচেয়ে ভালো ছবি ধরা পড়েছে অ্যান্টেনা গ্যালাক্সিদের ক্ষেত্রে। মজার কথা হলো, এই সংঘর্ষ আমাদের পৃথিবীতে ঘটে চলা সংঘর্ষগুলির মত বিধ্বংসী বা নারকীয় নয়। আমাদের সংঘর্ষগুলি আকার নেয় যুদ্ধের কিন্তু মহাকাশের এই সংঘর্ষকে নক্ষত্রপুঞ্জের মিলন বলাই ভালো কারণ, এই সংঘর্ষ জন্ম দেয় বিশাল সংখ্যক নবজাতক নক্ষত্রের। 

সংঘর্ষে জন্ম নেওয়া সুপারস্টার ক্লাস্টারগুলির অধিকাংশেরই মৃত্যু হলেও অন্তত দশ শতাংশ এক কোটি বছর পর্যন্ত বেঁচে থাকে। অ্যান্টেনা গ্যালাক্সিদের সংঘর্ষ শুরু হয়েছিল আজ থেকে পঞ্চাশ কোটি বছর আগে। সেই পর্যায়েই এই নক্ষত্রগুলির লেজ সৃষ্টি হয় যা দেখতে কিনা অনেকটা অ্যান্টেনার মত। তাই এমন নামকরণ। এই সংঘর্ষের ছবি দেখে আমরা আন্দাজ করতে পারি যে আজ থেকে ৬০ কোটি বছর পর আমাদের ছায়াপথ গ্যালাক্সি যদি প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সঙ্গে ধাক্কা খায় তার পরিণাম কী হতে পারে।

এই নক্ষত্রপুঞ্জগুলির জন্ম হয় কিভাবে? বিজ্ঞানী মহলে এর সব থেকে স্বীকৃত ও পছন্দসই উত্তর হল হায়ারার্কিকাল ফর্মেশন মডেল, অর্থাৎ ক্রমান্বয়ে শ্রেণীগত মেলবন্ধন। সহজ করে বলতে গেলে, একাধিক জলস্রোত মিশে যেভাবে নদী তৈরি করে এবং এই নদীগুলির জলধারার মিলনে তৈরি হয় বৃহত্তর আরেকটি নদী, মেলবন্ধনের মাধ্যমে মিশে গিয়ে মহাকাশে ঠিক সেভাবেই জন্ম নেয় সুবিশাল নক্ষত্রপুঞ্জগুলি। 

এই বিশাল গ্যালাক্সিগুলি কখন শক্তি সঞ্চয় করে? কিভাবে কখন তাদের ভর বৃদ্ধি পায়? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই কয়েকজন মহাকাশ বিজ্ঞানীর একটি দল পর্যবেক্ষণ করেন ৪০ কোটি আলোকবর্ষ দূরত্বে একদল গ্যালাক্সিকে, যারা চারটি দলে বিভক্ত ছিল। বিজ্ঞানী দলের নেতা গবেষণা শেষে মতামত জানিয়ে বলেছেন যে বিগত কয়েক কোটি বছরে ক্লাস্টারগুলি কতটা ভর বৃদ্ধি করেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এটা বোঝা গেছে যে এই সময়কালে তাদের ভর বেড়েছে প্রায় ৫০ শতাংশ। তিনি আরো বলেন যে উল্লেখযোগ্য ব্যাপার হলো চারটির মধ্যে তিনটি দলেই দেখা গেছে উজ্জ্বলতম গ্যালাক্সিটির প্রতিবেশী গ্যালাক্সিও যথেষ্ট উজ্জ্বল এবং এই গ্যালাক্সি জোড়গুলি পরস্পর মিশে যাচ্ছে। 

এই পর্যবেক্ষণ হায়ারার্কিকাল ফর্মেশন মডেলের সমর্থনে একটি অনন্য ও শক্তিশালী প্রমাণ।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *