পুনম বোস
টুকরো রোদ- ছায়ায় পাঠ্য বই
চট বিছানো রংচটা বারান্দা ছিল খুব প্রিয়,
প্রাথমিক স্কুল, প্রবীণ স্যার ঈশাক খানের ক্লাসে দুপুর গড়াতো —
কচি ঘাসে ঘাসে এখনও কিশোরী ঘ্রাণ!
ঝড় উঠত প্রশ্ন কবিতার কচি ঠোঁটে ঠোঁটে…
শব্দার্থ উপেক্ষা করেই ধীর পায়ে হেঁটে আসে আশীর্বাণী—
শব্দ শুধু আবেগ নয়, শব্দ বৃহৎ শক্তি,
ঘাড় নেড়ে বোঝাতাম অক্ষরে অক্ষরে..
.
ঈশাক স্যারের কন্ঠরোধ হতো,
হেঁসে আড়াল হতেন!
এখন বুকে ঝড় ওঠে প্রশ্ন কবিতায়,
বিষাক্ত সুচের এফোঁড়ওফোঁড়
প্রতি মুহুর্ত জুড়ে।।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
