তাপস সরকার
লেখক পরিচিতি
সৃজনশীল সাহিত্য কর্মে নিয়োজিত কিশোর বয়স থেকেই। প্রথম পঠিত গ্রন্থ রামায়ণ, মহাভারত ও গীতা। গদ্যসাহিত্য ও উপন্যাসেই সাবলীল। যদিও শতাধিক গল্প ও দশ-বারোটি উপন্যাসের রচয়িতা কিন্তু সেসব হারিয়ে গেছে অপ্রীতিকর কারণে। প্রিয় বিষয় মহাকাশবিদ্যা। কল্পবিজ্ঞান ও কিশোর সাহিত্য প্রিয় লেখা।কিছু গল্প নব্বইয়ের দশকে বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্রপত্রিকায় প্রকাশিত। উন্মীলন নামে প্রকাশিত সাহিত্য পত্রিকায় নিজের গল্প ও দুটি উপন্যাস ছাপা হলেও সেই উদ্যোগ থেমে যায়।প্রতিভাস সাহিত্য ম্যাগাজিন চলছে পনের বছর যা মায়ের নামে। সেখানে মায়ের উদ্দেশ্যে নিবেদিত লেখা স্মৃতিচিত্রণ ও বেশ কিছু ছোটগল্প। নব্বইয়ের দশকে কলেজ স্ট্রিট কফি হাউসে কিছুদিন লিটল ম্যাগাজিন গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে জেলায় জেলায় সাহিত্য আসরে ঘোরাঘুরি। বিশ্বকে নিজের ঘর বলে ভাবতে অভ্যস্ত। মায়ের মৃত্যুর পর অবসাদে দীর্ঘদিন লেখায় বিরত। তারপর আবার লেখা শুরু কিশোর সাহিত্য ‘গাছবাড়ির বাসিন্দা ‘ দিয়ে। পেশায় অর্থনীতি বিষয়ের অধ্যাপক।
বিষয় পরিচিতি
(জন্মসূত্রে প্রত্যেকেই একটি দ্বীপের অধিকার পায়। সেটি একান্তভাবে তার নিজেরই দ্বীপ। শৈশবে সেই দ্বীপকে ঘিরে গড়ে ওঠে বহুবর্ণ বৈচিত্র্যময় অজস্র সমস্ত আশা-আকাঙ্খা, স্বপ্ন। তারপর সে এগিয়ে চলতে থাকে তার জীবনের পথ ধরে। ক্রমশ সেই দ্বীপে হানাদারদের অনুপ্রবেশ ঘটতে থাকে, তার অজ্ঞাতসারে, হিতাকাংখীরূপে। যত সে কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্বের স্তরগুলি অতিক্রম করে চলে হানাদারদের আগমন ও আক্রমণের তীব্রতা বাড়তেই থাকে। এভাবে বার্ধক্যে উপনীত হয়ে সে দেখে সে তার জন্মসূত্রে পাওয়া দ্বীপটি হারিয়ে ফেলেছে, দ্বীপ চলে গেছে হানাদারদের অধিকারে। হারিয়ে গেছে তার শৈশবের সব আশা-আকাঙ্খা ও স্বপ্ন। সে নিজেকে আবিষ্কার করে বিপন্ন, বিদ্ধস্ত, বিষণ্ণ, হতাশ, সর্বহারা, একাকী নির্বাসিত এক সত্ত্বা হিসেবে। অনিবার্য মৃত্যুর দরজায় দাঁড়িয়ে সে কি আবার তার শৈশবের দ্বীপটি হানাদারদের কবল থেকে পুনরুদ্ধার করতে পারবে?)
অধ্যায় : ৩
বাবা ও মায়ের সঙ্গে আমার নিয়মিত বৈঠক হত। অনেকবার আমরা একসঙ্গে ভ্রমণ করতেও যেতাম। এই একত্র সমাবেশের সময় আমাদের মধ্যে বহু বিষয় নিয়ে আলোচনা চলত। দ্বীপের নানা বৈশিষ্ট্য ও প্রকৃতি ছিল এইসব আলোচনার মূল বিষয়। এছাড়া অন্য অনেক আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা কথা বলতাম। অতীত দিনের অনেক ঘটনা বাবা আর মা আমাকে গল্প করে শোনাত। বিগত দিনের বহু গৌরব ও দুর্দশার কথা আমি তাদের মুখ থেকেই জানতে পেরেছিলাম। বর্তমানের কার্যকলাপ এবং ভবিষ্যতের পরিকল্পনাও তারা সমান গুরুত্ব দিয়ে আমার সামনে তুলে ধরত।
আমার দ্বীপের চরিত্র বুঝতে বেশ কিছু বছর লেগে গিয়েছিল এবং এখানে আমার বাবা ও মায়ের খুব বড় ভূমিকা ছিল। তাদের ক্রমাগত চেষ্টা আমাকে আমার দ্বীপটির জন্য ভালোবাসা জাগাতে পেরেছিল এবং তাদের কাছেই আমি জানতে পেরেছিলাম কেন যেকোন বিপদ থেকে আমার দ্বীপকে সবসময় রক্ষা করা উচিত। এভাবেই আমার দ্বীপ আমার জীবনের নিশ্চিত আশ্রয়স্থল হয়ে উঠেছিল। ক্রমে আমি একথা বুঝতে পেরেছিলাম যে দ্বীপের অস্তিত্ব বজায় থাকলেই আমার অস্তিত্ব থেকে যাবে। আমি ও আমার দ্বীপ সমস্ত অর্থেই অবিচ্ছেদ্য হয়ে গেলাম।
তারপর আমার বাবা-মা আমাকে সেই বিশেষ বরেণ্য সম্পদটির কথা বলেছিল। এ হল সেই সম্পদ যাকে পেতে দরকার প্রবল ইচ্ছে ও উন্নত অনুশীলন। কোথায় পাওয়া যাবে সেই লুকোনো সম্পদ? পাশাপাশি আমি জানলাম সেই বইটির কথা যাকে প্রত্যেকেই পেতে চায়। কেন? কোন অমূল্য বিষয়ের কথা সেখানে বলা আছে, হতে পারে সেই লুকোনো সম্পদ খুঁজে পাওয়ার কোন সূত্র। তাই সবাই এই বইটি পাওয়ার জন্য প্রলুব্ধ হয়। এভাবেই কেটে যায় দশকের পর দশক, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দ। সবশেষে বইটিকে অতি পবিত্র কিছু বলে ভাবা হতে থাকে।
আমরা মানবজাতির এই পবিত্র বইটিকে খুঁজে পাওয়ার পরিকল্পনা করলাম যা হারিয়ে গিয়েছিল সহস্রাধিক বৎসর আগে। কেউ জানেনা বইটি কোথায় পাওয়া যাবে অথবা বইটি আদৌ আছে কিনা। কিন্তু আমাদের স্থির বিশ্বাস ছিল যে বইটি অবশ্যই আছে এবং এটিকে আবিষ্কার করার দৃঢ় সংকল্প নিলাম। ওই বইটিতে আছে সমস্ত কিছুর উত্তর ও সমাধান। জীবনের গোপনীয় সম্পদ এবং তাকে অর্জন করার সহজতম উপায় সেখানে বলা আছে। মানুষের কী চূড়ান্ত লক্ষ্য হতে পারে তাও বলে দেওয়া হয়েছে বইটিতে। সমস্ত অর্থেই বইটি হল অতি মূল্যবান।
পৃথিবীর কোন মানুষ কি কখনো বইটি সম্পূর্ণ পড়তে পেরেছে? এটি এক অনিবার্য প্রশ্ন যার কোন উত্তর জানা নেই। বিস্তৃত ও ব্যাপক অনুসন্ধান হয়তো মুষ্টিমেয় কিছু লোককে খুঁজে পেতে পারে যারা সম্ভবত বইটির কয়েকটি অধ্যায় পড়েছে বলে দাবি করবে। এই দাবি কতটা বিশ্বাসযোগ্য? এমনও হতে পারে যে কেউ বইটিকে আজ পর্যন্ত চোখেই দেখেনি। পৃথিবীতে জন্ম নেওয়ার পর কোন মানুষ এই বইটিকে হাতে পেয়েছে কিনা এমন সন্দেহও না করে থাকা যায়না। হতে পারে বইটি কোন কিংবদন্তি বা কল্পকাহিনী প্রত্যেকে যার কথা জানতে পেরেছে মুখে মুখে। কিন্তু বইটির বিষয়বস্তু সভ্যতার সূচনা থেকেই একটি প্রধান আলোচ্য প্রসঙ্গ। অপর্যাপ্ত পরিমাণ সম্পদ ও তাকে হস্তগত করার উপায় বলে দেওয়া আছে বইটিতে। তাই লোকেরা পাগলের মত একে খুঁজে এসেছে। এই অনুসন্ধানের সাফল্য বিভিন্ন লোক বিভিন্নভাবে দাবি করেছে। কিন্তু বইতে বর্ণিত সেই সম্পদ কেউ আবিষ্কার করতে পেরেছে কিনা এটি আজ পর্যন্ত জানা যায়নি।
কেউ কি কখনো বইটি পড়ে দেখেছে? এটিও এক অপরিহার্য প্রশ্ন। যাই হোক না কেন, আমাদের কর্তব্য ছিল বইটি আছে কিনা তা প্রমাণ করা এবং এর অধ্যায়গুলিতে কী শিক্ষা দেওয়া হয়েছে যা লুকোনো সম্পদ খুঁজে পেতে সাহায্য করবে তা বার করা। বিচ্ছিন্নভাবে হলেও কিছু গোপন তথ্য বা সংকেত জানা ছিল কিছু লোকের এবং তার ওপর ভিত্তি করে জনসাধারণ সামগ্রিকভাবে তাদের জীবন যাপনের নিয়ম রচনা করেছিল।
এখানে রয়েছে আবার একটি অপরিহার্য প্রশ্ন। সর্বপ্রথম কিভাবে মানুষ এই বইটির কথা জানতে পেরেছিল? যদি কেউ না দেখে থাকত বা হাতে না পেত তাহলে কিভাবে এর অধ্যায়গুলির বিষয়বস্তু নিয়ে কথা বলা সম্ভব হয়েছিল? কে তাদের বইটির গল্প বলেছিল এবং কী উদ্দেশ্যে? যারা গল্পটি শুনিয়েছিল অবশ্যই তাদের কিছু স্বার্থ ছিল। যে জনসাধারণকে গল্পটি বলা হয়েছিল তাদের কেন্দ্র করে কিছু তো স্বার্থ থাকতে বাধ্য।
এসব কারণেই আমরা আমাদের অনুসন্ধান শুরু করেছিলাম। এই উদ্দেশ্যে একটি নকশা তৈরি করে নেওয়া হয়েছিল। দুটি সম্ভাবনা ছিল আমাদের সামনে, হয় আমরা বইটি খুঁজে পাব আর নয়তো সেই লুকোনো সম্পদ। বিপুলায়তন পৃথিবীর সমস্ত অঞ্চল খুঁজে দেখা কোন মতেই সম্ভব নয়। বাবা আমাকে জানিয়েছিল যে আমার দ্বীপটি হচ্ছে খুঁজে দেখার আদর্শ স্থান। এখানে বইটি বা সেই লুকোনো সম্পদ খুঁজে পাওয়ার সমস্ত সম্ভাবনা বর্তমান। বাবার এই কথার সঙ্গে আমার মাও একমত হতে পেরেছিল।
এক বৃষ্টিমুখর দিনে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। অবিশ্রাম বর্ষণ আমাদের থামাতে পারল না কারণ বাবা-মা এই বৃষ্টিধারার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছিল। আমরা ভিজে একসা হয়ে গেলেও আশ্রয় নেওয়ার কোন ইচ্ছে ছিল না আমাদের মধ্যে। যে নদীকে লক্ষ্য করে আমরা এগোচ্ছিলাম তার তীরে পৌঁছতে অনেক সময় লেগে গেল। প্রবল বর্ষণে পরিপূর্ণ নদীটি তীব্র স্রোতে বয়ে যাচ্ছিল। আমরা নদী ধরে চলতে লাগলাম। একটি নৌকো পেয়ে গেলাম কিন্তু মাঝির কোন পাত্তা ছিল না। আমাদের যাত্রা কি নিরাপদ হবে? ভাবনার কোন সময় ছিল না। আমরা কোনক্রমে নৌকোতে উঠে গেলাম আর এটি সঙ্গে সঙ্গেই চলতে শুরু করল। এই সময় বৃষ্টির চরিত্র পাল্টে গেল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে লাগলো সহানুভূতি হয়ে আর আমাদের নৌকো তার মধ্যে দিয়ে এগিয়ে চলল ভরা নদী ধরে যার নাম করুণা বা ক্ষমা। বাবা জানালো, ‘নদীর জলের তলায় কোথাও সেই বইটি বা সম্পদ অবশ্যই খুঁজে পাওয়া যাবে।’ আমার মা জিজ্ঞেস করেছিল, ‘খুঁজে দেখতে কি আমরা নদীর তলায় যাব?’ বাবা উত্তর দিয়েছিল, ‘যাওয়া উচিত, কিন্তু এক্ষুনি নয়। আগে অন্য জায়গা খুঁজে দেখা যাক।’
রাতেও আমরা চলা থামালাম না যখন কোমলতা নামে কিরণ ছড়িয়ে দিচ্ছিল চাঁদ। স্নিগ্ধতা নদী ধরে এগিয়ে যাওয়া কিছুটা বিপদজনক হয়ে গেল যখন জলপ্রপাত আন্তরিকতা আমরা পেরিয়ে যাচ্ছিলাম। আমাদের অনুসন্ধান পাহাড়ি এলাকা এবং রুক্ষ মরুপ্রান্তরেও অব্যাহত ছিল। গুহা ও খনিজ এলাকায় অন্বেষণ চালিয়ে আমরা উদারতা এবং সততা নামের খনিজ সম্পদ খুঁজে পেলাম। উদারতা ও সততা নামের খনিজগুলি মাটির তলায় ঘন অন্ধকারে দ্যুতিময় হয়ে ছিল, আমরা তাদের ওপরে তুলে আনলাম। ভালোবাসা ও স্নেহ এই দুটি নদী ধরে যাওয়ার সময় আমরা বেশ আশান্বিত হয়েছিলাম। আমাদের যাত্রাপথে আমরা তুষারপাত হিসেবে সহানুভূতি খুঁজে পেলাম। আমাদের অভিযানে একসময় আমরা ঘন জঙ্গলেও প্রবেশ করেছিলাম।
কিন্তু সেই বই বা তাতে উল্লেখিত সম্পদ আমরা পুরোপুরি খুঁজে পেলাম না। অনেক লোকের সঙ্গে আমাদের আলাপ হল এবং জানতে পারলাম যে সবাই সেই বই বা সম্পদের কথা শুনেছে। এমন কিছু লোকেরও সন্ধান পেলাম যারা সেই বই এবং তার শিক্ষাকে বিশ্বাস করে না। তারা স্বভাবে খুবই দুর্বিনীত এবং অন্য লোকদের কথা তারা ভাবেই না। তারা আমাদের চেষ্টাকে নিন্দেমন্দ করল এবং কখনো কখনো শত্রুতা করতে লাগল। এমনও পরিস্থিতি ছিল যখন তারা আমাদের বাধা দিতে চেয়েছিল। এক সময় একটি ঘটনা ঘটেছিল যখন আমাদের প্রাণ পর্যন্ত বিপন্ন হয়ে উঠেছিল। সেই কাহিনী বরং বলা যাক।
বন্দুক হাতে একদল মুখোশধারী লোকের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। একটি বিশেষ ধর্মমত অনুযায়ী তারা তাদের বাসভূমির নামকরণ করেছিল এবং কেউ তাদের এলাকায় বাইরে থেকে ঢুকলেই সবাইকে তাদের ধর্মমত গ্রহণ করতে বাধ্য করত। তারা সন্ত্রাসবাদে বিশ্বাসী ছিল এবং অন্য ধর্মের ওপর তাদের কোন শ্রদ্ধা দেখতে পাইনি। সারা পৃথিবীতে তারা নিজেদের ধর্ম ও বিশ্বাস প্রতিষ্ঠিত করার কথা ভাবত । দেখা গেল বন্দুকের ডগায় তারা বহিরাগত কিছু লোককে বন্দি করে রেখেছে। তাদের হেফাজতে থাকা সেই লোকগুলি নিজেদের জীবন ভিক্ষা করছিল।
আমরা তাদের বলার চেষ্টা করলাম কিভাবে আমার দ্বীপে করুণা বা সমবেদনা নদীটি বয়ে যায় এবং কিভাবে এই নদী তার দুকূল ছাপিয়ে মানব জীবন উর্বর করে তোলে। আমরা তাদের সেই বৃষ্টিপাতের কথা উল্লেখ করলাম যা দয়া বা উদারতা হিসেবে নেমে আসে এবং কিভাবে মানুষকে ভিজিয়ে দেয় যখন তার প্রয়োজন। আমার দ্বীপের খনিগুলি উদারতা ও মহানুভবতা খনিজ সম্পদে সমৃদ্ধ যা নিয়মিত ব্যবহারের জন্য তোলা হয়ে থাকে। আমরা বাণিজ্যের এক শর্ত নিয়ে এলাম যা তাদের জন্য লাভজনক এবং যেখানে তারা তাদের নিষ্ঠুরতা ও হিংসার পরিবর্তে আমাদের কাছ থেকে নেবে মহানুভবতা ও দয়ামায়া। যৌথ উদ্যোগের ভিত্তিতে তাদের দেশ থেকে আমার দ্বীপের ভালোবাসা ও করুণা বা ক্ষমা নদী দুটিকে যুক্ত করে একটি খাল কাটার প্রস্তাবও তাদের কাছে রাখলাম। কিন্তু তারা আমাদের কোন প্রস্তাবই গ্রহণ করল না এবং আমাদের সঙ্গে কোন চুক্তিতে রাজি হল না। উল্টে তারা তাদের হেফাজতে থাকা দুর্ভাগা লোকগুলির মত আমাদেরও বন্দী করে রাখল।
তারপর তারা শাস্তি হিসেবে আমাদের মৃত্যুদণ্ড দিল। তাদের কথায় লুকোনো সম্পদের হদিশ থাকা বইটির খোঁজ আমাদের এক মারাত্মক অপরাধ। তাদের দেশে এই বইয়ের খোঁজ ও পঠনপাঠন সম্পূর্ণ নিষিদ্ধ। দয়ামায়া বা করুণা, ভালোবাসা বা উদারতা দেখানোর মত মানসিকতা তাদের একেবারেই নেই। ঘৃণা করতেই জানে তারা, আনন্দ পায় বর্বরতা দেখাতে। এসব কারণেই তারা আমাদের প্রাণ নিতে উদ্যত হল।
তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। আমাদের মারার জন্য পৃথিবীর পৃষ্ঠতলের ওপরে যখন তারা বন্দুক তুলল ঠিক সেই সময় ভূপৃষ্ঠের তলায় টেকটোনিক প্লেটগুলিতে বিচ্যুতি দেখা দিল। তাতে এক ভয়ানক ভূমিকম্প জন্ম নিল, সবকিছুকে অবিন্যস্ত করে তুলল। আমি জানি যে উদ্ধার পাওয়ার এমন একটি সাজানো উপায় অনেকেই পছন্দ করবে না। কী করব, নিরুপায় হয়ে বেঁচে যাওয়ার এই পদ্ধতি আমাকে বাছাই করতে হয়েছে। আমি না থাকলে এই কাহিনী শোনাবে কে? এটা তো সত্যি যে পৃথিবীতে যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগ যেকোন জায়গায় ঘটে যেতে পারে। আর সেগুলি অনেক ক্ষেত্রেই অনেক কিছুকে উল্টোপাল্টা করে দেয়। আমি যদি ভূমিকম্পকে আমাদের জীবন বাঁচানোর উপায় হিসেবে ভেবে নিই তো তাতে কোথায় ক্ষতি? আমাকে বেঁচে থাকার জন্য এমনই কিছু মনগড়া অথচ ভয়ঙ্কর ঘটনার আশ্রয় নিতে হবে, কিছু করার নেই। আমি ভূমিকম্পকে বেছে নিয়েছি, অন্যেরা বন্যা বা ঝড়কে নির্বাচন করতে পারত। প্রধান উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া, কিভাবে তা আসল প্রশ্ন নয়।
এভাবেই আমাদের অভিযান প্রায় ব্যর্থ হয়ে গিয়েছিল। বইটি আমরা খুঁজে পাইনি। অনেকেই বলল, ‘বইটি অনেকদিন আগে চুরি হয়ে গেছে।’ কিন্তু কেউই জানত না কিভাবে ব্যাপারটি ঘটেছিল। তারা কেউ বলতেও পারল না কিভাবে এই তথ্য তারা জেনেছিল। তবুও আমরা এটুকু জেনেই খুশি হয়েছিলাম যে বইটি সম্পর্কে মোটামুটি ধারণা আছে সব্বাইর। তাছাড়া এই বিষয়টি জানতে পারাও প্রেরণাদায়ক যে হারানো বইটি ও তাতে উল্লেখিত সম্পদ উদ্ধারের জন্য অনেক মানুষ শতাব্দীর পর শতাব্দী তাদের জীবনপাত করেছে যদিও তাদের মধ্যে অনেকেই জানত না কী বা কেন। আমরাই কেবল বইটি উদ্ধারের চেষ্টা করেছিলাম এমন নয়। হারানো সম্পদের খোঁজে আমাদের আগে অনেক মানুষ তাদের প্রাণ উৎসর্গ করেছিল এমন বহু দৃষ্টান্ত আমরা জানতে পারলাম। এভাবেই মানুষ সম্পূর্ণ মানুষ হয়ে ওঠে যখন সে বিশ্বাস করে যে মানবতা হচ্ছে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ এবং সেই বিশেষ গুণ অর্জন করার জন্য তারা জীবনের অন্য সমস্ত কিছু বলিদান দিতে প্রস্তুত থাকে। তাই আবিষ্কারের উদ্দেশ্যে আমাদের ওই অভিযান আর ওইসব মানুষের জীবনব্যাপী চেষ্টা ছিল সম্পূর্ণ এক। আমরা এই অর্থে তাদের চেয়ে আলাদা নই যে আমরাও তাদের মত একই বই এবং একই সম্পদ উদ্ধারের চেষ্টা করেছিলাম।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas magazine
(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)
![]()
