শরদিন্দু সাহা

লেখক পরিচিতি

বাংলা কথা সাহিত্যের সুপরিচিত লেখক শরদিন্দু সাহা। লেখক সত্তা ও জীবনকে বিচ্ছিন্ন করে দেখতে তিনি অভ্যস্ত নন। নিছক লেখক হওয়ার জন্য তিনি কলম ধরেননি, সামাজিক দায়বদ্ধতাই তাঁকে সৃষ্টিকর্মে উদ্বুদ্ধ করে। শৈশব থেকে সৃষ্টিশীল মন লালন করে প্রস্তুতি পর্ব সারলেও নয়ের দশকের গোড়া থেকে তাঁর লেখালেখি শুরু। এ-পর্যন্ত শতাধিক গল্প, গোটা কয়েক উপন্যাস এবং অন্যান্য গদ্য মুদ্রিত হয়েছে। দশটি উপন্যাস আর সাতটি গল্পগ্রন্থ সহ মোট গ্রন্থের সংখ্যা ষোলো। ১৯৯৮ সালে ‘কাটোয়া মহকুমা গ্রন্থাগার পুরস্কার’ পান। ২০০৪ সালে ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত সোমেন চন্দ পুরস্কার’ পান। ওই  বছরেই কাটোয়া লিটল ম্যাগাজিন মেলা কর্তৃক সংবর্ধিত হন। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাঁকে ‘হল্ অব্ ফেম’-এ সম্মানিত করেন। ২০০৫ সালে ‘ভাষা শহিদ বরকত স্মরণ পুরস্কার’ পান। ২০০৭ সালে সাহিত্য আকাদেমি’র আমন্ত্রণে গৌহাটিতে বাংলা-অসমীয়া গল্পকার সম্মেলনে অংশগ্রহণ করেন। ২০১৩ সালে ‘আমি’ পত্রিকা তাঁর সাহিত্যকর্মের জন্য বিশেষ সম্মান দেন। প্রসার ভারতী’র আমন্ত্রণে নানা সময়ে সাহিত্য-সংস্কৃতি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিলিয়ে অনেক উল্লেখযোগ্য সাহিত্য পত্রে ও ওয়েব ম্যাগাজিনে লিখে চলেছেন। ইতিমধ্যেই নিজস্ব এক ঘরানা সৃষ্টি করে তিনি পাঠকের মন জয় করেছেন।সম্প্রতি লেখক ‘দীপ্তি রায়চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪’-এ সম্মানিত হয়েছেন।

বিষয় পরিচিতি

(রেভারেন্ড জেমস্‌ লঙ  যে লক্ষ্য স্থির রেখে জীবনকে চালনা করেছেন তা শুধুমাত্র ঘটনাক্রম দিয়ে ধরা যায় না। তাঁর কর্মজীবনের পরিক্রমায় যে অন্তর্নিহিত শক্তি ও প্রভাব রয়েছে তাকে কোনও এক শিল্প মাধ্যম দিয়ে উপলব্ধি করা যায় না। কারণ কোনো সরলরেখায় তিনি তাঁর কাজকে সীমাবদ্ধ রাখেননি, নানা উত্থান পতন ঘাত প্রতিঘাত তাকে পীড়িত করেছিল, বিপর্যস্ত করেছিল। তিনি প্রবল আত্মশক্তিতে তার মোকাবেলা করেছিলেন এবং কর্তব্যকর্মে অটুট ছিলেন। তাঁর কাজের পরিধি ও ব্যাপ্তি একজন শিক্ষকের, সমাজসেবকের, মানবপ্রেমির যা মূলত শাসক ও শোষিতর মাঝখানে একজন প্রতিবাদীর, সত্যবাদীর, বলা যায় একজন দ্বান্দ্বিক ব্যক্তিত্বের। যার না-বলা কথা, জানা-অজানার কল্পনা ও বাস্তবের মিলন নিয়ে উপন্যাস লেখা সম্ভব অসম্ভবের দোলাচল মাত্র, তবুও শব্দের মায়ায় ধরার সামান্য প্রচেষ্টা। কোথায় তার অন্ত হবে প্রকৃত অর্থে বলা খুব কঠিন। এই মহান মানুষটির শৈল্পিক জীবনকে ছুঁয়ে যাওয়া আর কি।)

              

মন আমার যায় ছুটে ওই ডাক শুনে 

ভারাক্রান্ত মন নিয়ে আমি লন্ডনের পথে পা বাড়িয়েছি। এমিলি গোটা যাত্রাপথে লক্ষ্য করেছে  এক অসহনীয় যন্ত্রণা আর ক্লান্তি আমাকে কাবু করে ফেলছে। ও বারবার করে সাহস যোগাচ্ছে এই বলে, এই স্বদেশ যাত্রা ভারতবর্ষকে ভুলে যাওয়া নয়, বরঞ্চ আরও বেশি করে আঁকড়ে ধরা। ওর এই কথার অর্থ স্পষ্ট হলো না আমার কাছে। নীল সমুদ্রের জলরাশির দিকে তাকিয়ে মনের অন্দরের জট খুলতে থাকলে প্রশান্তিতে মনটা ভরে উঠলো। এমিলি বলল, তোমার অহংবোধ থেকে দূরে সরে আস, দেখবে তোমার ভবিষ্যতের বন্ধ দরজাগুলো এক এক করে খুলে যাবে। কতকাল পরে ফিরে যাচ্ছি, এক অদ্ভুত শিহরণ অনুভব করছি। কীসের টানে আমি যেন ভেসে চলেছি। এমিলি বলল, যাঁরা তোমার নিন্দে মন্দ করছে ওঁরা আসলে মানুষের মঙ্গল কীসে হয় জানেই না, ওঁদের সংকীর্ণ মনই পিছু টানছে নিজেদের, তাই তো আলো-আঁধারের তফাৎটা না-বুঝেই তোমার গায়ে কাদা ছিটিয়েছে। কেউ না কেউ তো আছে এই ভারত ভূমিতে যাঁরা নিশ্চয়ই তোমার কাজের মূল্যায়ন করছে, হয়তো তুমি টের পাচ্ছ না। সামনে তোমার অনেক দায়িত্ব। লন্ডনের মাটিতে পা দিলেই দেখবে সেই উন্মুক্ত আকাশের নিচে কত মানুষ আলিঙ্গন করবে বলে অপেক্ষা করছে। জাহাজের ডেকে দাঁড়িয়ে হঠাৎই ব্যাগে হাত দিতেই নজরে পড়ল সেই সুপারিশ পত্রটা রেভারেন্ড ফ্রীয়ার দিয়েছেন,  পৌঁছে দিতে হবে সেক্রেটারী অব স্টেট মিঃ উডের কাছে। কী লিখেছেন তিনিই জানেন। তবে যাহাই লিখুক তাতে আমার কিই-বা আসে যায়। আমি তো জানাবো স্বদেশীদের কাছে আমার কুড়ি বছরের চাক্ষুষ করা ভারতবর্ষের তথা বাংলার মানুষের অন্তরের কথা, নাড়ীর কথা,  সংস্কৃতির ধারা কেমনভাবে সামাজের মানুষগুলোর শীরায় শীরায় বয়ে চলেছে তার কথা, উলঙ্গ-দারিদ্র্য আকীর্ণ গ্ৰামজীবনের কথা, সামন্ততান্ত্রিক শাসনে শোষিত অসহায় মানুষের দিনযাপনের কথা। কেউ কেউ এমনও ভাবতে পারে, এসবই মিথ্যা গল্প ফাঁদছি, ব্রিটিশ শাসন আমলে এমন দুরবস্থা কেমন করে সম্ভব? কিন্তু ওরা কেমন করে জানবে সুসভ্য ইংরেজ কেমন করে বণিকের বেশে এতটা বর্বর অসভ্য হয়ে যায়! যা ভাবার ভাবুক, ওদের তৈরি আয়নায় ওদের মুখটা আমাকে চেনাতেই হবে। তাহলে শত শত দুঃস্থ চাষীরা নতুন জীবন পাবে। 

এই লন্ডনকে ফিরে দেখতে গিয়ে অনেক ইতিহাস যেন ঘুরে ফিরে চলে আসে। শহর ও শহরের মানুষগুলোকে অচেনা মনে হয়। লন্ডন না কলকাতা কোনটাকে প্রাণের শহর বলে এগিয়ে রাখবো বোঝা কষ্টকর হয়ে পড়ে। মনের সঙ্গে চলে এক ভীষণ যুদ্ধ, যার থেকে পরিত্রাণ নেই। তাই বলে যে উদ্দেশ্য নিয়ে এতটা পথ পাড়ি দেওয়া তাকে বিফলে যেতে দিতে পারি কেমন করে? এমেলি সাবধান করে দেয় – চারপাশে শত্রুরা ওৎ পেতে আছে, সাবধানে পা ফেল। এমিলির স্বাস্থ্য ও মনের জোর সুচিন্তিত মতামতের জন্য উপযুক্ত। ওর কোনও কথাই হেলায় উড়িয়ে দেওয়া যায় না। বললাম, ভেবো না, যিশু খ্রিস্টের নির্দেশিত পথই আমার চলার পথ। এই পথেই তো আমি ভারতবর্ষের মানুষকে চিনেছি, গোটা পৃথিবীর মানুষকে চিনব, এই পথে আগ্ৰাসন ও রাজনৈতিক দূরভিসন্ধি আমার চিন্তা চেতনায় ছাপ ফেলতে পারবে না। আমার আত্মপক্ষ সমর্থনে লন্ডনের অনেক গুণীজনকে বোঝাতে সক্ষম হয়েছি নীলকর ও নীলদর্পণ নাটকের অনুবাদ নিয়ে আমার ভাবনা মোটেই ভুল ছিল না। শুনলাম সুপারিশপত্রে রেভারেন্ড ফ্রীয়ার বোঝাতে চেয়েছেন আমার ধারণা একপেশে ও সঙ্কীর্ণ এবং পৃথিবী সম্পর্কে আমার ধারণা সীমাবদ্ধ । কিন্তু আমি একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে ভবিষ্যদ্বাণী করতে পারি আমার জাগ্ৰত চেতনায় ও বিশ্ববোধে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। আবার এ-ও টের পেয়েছিলাম আমার জনপ্রিয়তায় অনেক পাদ্রী ও ইউরোপীয়দের ভয় ও ঈর্ষার কারণ ঘটেছে। বিলাতে এসে জনে জনে বোঝাবার চেষ্টা করেছি বক্তৃতায় ও লেখায় দেশকে সঠিকভাবে জানাবোঝা ও চেনার জন্য মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব কতখানি, বিলাতের নির্দেশে দেশের সরকার তা স্বীকার করে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। এটা আমার কতখানি জয় সময় বলবে তবে আমি বিশ্বাস করি এই ভাবনা ভাষা-বিজ্ঞানের অংশ হতে পারে। যে চিন্তার বীজ আমি স্যার জে.পি. গ্ৰান্ট-এর আমলে বাংলার মাটিতে পুঁতে এসেছি তাই আজ চারাগাছ হয়ে ছড়িয়ে পড়ছে লেফটেন্যান্ট গভর্নর স্যার সেসিল বীডনের আমলে। গ্ৰামে গ্ৰামে নর্মাল স্কুল প্রতিষ্ঠা হচ্ছে, কত শিক্ষক তৈরি হচ্ছে এখানে যদিও বিদ্যাসাগর মহাশয় মনে করেন একশত বালককে লিখন পঠন এবং কিছু অঙ্ক শিখানো অপেক্ষা একটি মাত্র ছেলেকে উপযুক্ত শিক্ষিত করে তুলতে পারলে প্রজাদের মধ্যে প্রকৃত শিক্ষা প্রচারে সরকার অধিকতর সহায়তা করবেন কিন্তু আমি তাঁর চিন্তাধারার সঙ্গে একমত নই। আমি মনে করি সরাসরি সাধারণের কাছে শিক্ষা পৌঁছে দিতে পারলেই ভারতের দুরবস্থা দূর করা সম্ভব হবে। জ্ঞান শিক্ষা ও জ্ঞানের প্রয়োগ শিক্ষা বিশুদ্ধরূপে হওয়া উচিত। খুব দুঃখের সঙ্গে হলেও বলতে হচ্ছে অনেকেই ইংরেজি ভাষা শিক্ষা শুরু করে নিজেদের বেশভূষা আচার ব্যবহার ইত্যাদি সবকিছু পরিবর্তন করে বলে থাকেন যে আমরা সভ্য হয়েছি। পরে ইংরেজি ভাষায় সামান্য ব্যুৎপত্তি হলে ফলন্ত গাছের ন্যায় বিদ্যার ভারে নতমস্তক না হয়ে ইংরেজি ভাষায় লক্ষণ ব্যুৎপত্তি হয়েছে এই অহংকারে উন্নত হয়ে ছলনা করে বলতে থাকেন যে আমরা বাংলা ভাষা ভুলে গেছি এবং তা আর বলতে পারি না। এমন সব অদ্ভুত মানুষরা কি জনসমাজে হাস্য পরিহাসের কারণ হন না? আমি এও বিশ্বাস করি ভাষা দুরুহতার থেকে ভাষা সরলতা ও বিশুদ্ধতাই অত্যন্ত প্রয়োজন। আর সে কারণেই আমি  ধাতুমালা, প্রবাদমালা, সংবাদসার, পাতাবলী ইত্যাদি বাংলা ভাষার প্রতি গুরুত্ব আরোপ করেছি। 

এখন লন্ডনে এসে আমার কাজের পরিধি কয়েকগুণ বেড়েছে।  এখানে অ্যাবওরিজিন প্রোটেকসন সোসাইটি, পিস সোসাইটি, সমাজবিজ্ঞান পরিষদ, রিফর্ম এসোসিয়েশন, ফোকলোর সোসাইটি এবং বিভিন্ন ক্রিশ্চিয়ান মিশনের কাছে গিয়ে ভারতের শিক্ষা শাসন ও ধর্ম-ব্যাপারে ভারপ্রাপ্ত আমলাদের বোঝাবার চেষ্টা করছি কি করা উচিত আর কি করা উচিত নয়। ইন্ডিয়ান কাউন্সিলের সদস্যদের সঙ্গেও এ ব্যাপারে আমার যোগাযোগ হয়েছে। টেমস্‌ নদীর তীরে বসে নির্জনে ভাবনায় চলে আসে আমার আত্মার আত্মীয় ভারতের মানুষদের কথা। মার্শম্যান পঞ্চাশ বছরের বেশি ভারতবর্ষে ছিলেন। কত কাজই না করেছেন, বলে শেষ করা যাবে না। কিন্তু আমার সঙ্গে তাঁর একটা মৌলিক প্রার্থক্য রয়েছে। সংবাদপত্র তাঁকে সরকারের দালাল বলেছেন, দেশীয়দের নিন্দা ও কুৎসায় তিতিবিরক্ত হয়ে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন। আর আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই হলো উল্টো। ভারতবর্ষের লোক আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে চলেছে অথচ আমরা দুজনেই ভারতবাসীর হিতাকাঙ্খী। লন্ডনের ভারত সচিবের সঙ্গে সাক্ষাৎ করে বললাম, দেশীয় সংবাদ ও সাময়িক পত্র ও পুস্তক-পুস্তিকাদি এমন যত্নের সঙ্গে পরীক্ষা করতে হবে যাতে সমস্ত রাজনৈতিক বিষয় সরকারের নজরে আসে এবং বিষয়বস্তু বাৎসরিক রিপোর্টের জন্য সংগ্রহ করা হয়। তিনি রাজি হলেন এবং ভারত সরকারকে এই ব্যাপারে নির্দেশও দিলেন। বাৎসরিক রিপোর্ট রবিনসন-এর হাত হয়ে পৌঁছে যেতে লাগলো লন্ডনের ভারস সচিব এবং ভারত সরকারের কাছে। আমি অত্যন্ত আনন্দিত যে সরকারি পর্যায়ে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই হচ্ছে। কলকাতা শহরটা একদিন ধীরে ধীরে পাল্টে যাবে। আজকের পরিকল্পনা ভবিষ্যতে একদিন বাস্তবায়ন হবে। কেউ কি তখন ভাবতে বসবে কত মানুষের অমানুষিক পরিশ্রম নিষ্ঠা এই সভ্যতার কাঠামোকে নির্মাণ করেছিল। লর্ড মেকলে এই শহরের কথা উল্লেখ করতে গিয়ে বলেছিলেন ‘সিটি অব প্যালেসেস’। লর্ড ভ্যালেন্সিয়া লিখেছিলেন ‘এমন সৌন্দর্য আমি কোনও দেশে কম-ই দেখেছি’। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর উক্তি ভুলি কি করে। তিনি শহরকেই বলেছিলেন, ‘এমন কৌতুহলী ও চমৎকার দৃশ্য আমি খুব কমই দেখেছি।’কলকাতার কথা মনে হলেই আর এক শহর ‘সেন্ট পিটার্সবার্গ-এর কথা স্মরণে চলে আসে। কলকাতার এশিয়াটিক সোসাইটির সঙ্গে রয়াল এশিয়াটিক সোসাইটি অব গ্ৰেট ব্রিটেন এর সঙ্গে দূরত্ব অনেক তবুও যে যোগাযোগ ছিল  এই কথা অস্বীকার করা যায় না। যে কর্মসূচি নিয়ে লন্ডনের কর্তৃপক্ষ ভাবনাচিন্তা শুরু করেছেন যা অবশ্যই যথাযথ। কখনও না কখনও কাউকে শুরু করতে হয়। শুরুর সময়ে প্রতি পদে পদে আসে নানা বাধা আর হোঁচট খাওয়া, না এসব নিয়ে তোয়াক্কা করি নি মোটেই, স্বপ্নটা পুষে রেখেছিলাম আজ না হয় কাল এর প্রয়োজন পড়বেই পড়বে। আজ যখন এখান থেকে ভারত সরকারের কাছে ভারতবর্ষের সমস্ত চলিত সাহিত্যের তালিকা চেয়ে পাঠানো হচ্ছে সত্যি সত্যিই শিহরিত হচ্ছি। নিজের উদ্যোগ যখন সরকার স্বীকৃতি দেয়, আত্মতৃপ্তি হয় বটে, এর চেয়ে বেশি উদ্দীপ্ত করে যে এমন অনেক কাজ এখনও কারও নজরে আসে নি অথচ মানব কল্যাণের জন্য জরুরি, যে কোনও মূল্যেই করে ফেলতে হবে, এবার ভারতে গিয়ে সেই কাজেই হাত দেব। এখানেই অনেক অধ্যাপকদের সঙ্গে আলোচনায় একটি বিষয়ের উপর ওরা গুরুত্ব আরোপ করেছে, যা নিয়ে ইতিমধ্যেই আমি প্রস্তাব রেখেছি – অশ্লীল পুস্তক নিবারণ আইন। যদিও অপসংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন নাম দিয়ে প্রতিবাদ চলছে। সরকারের সহযোগিতায় একটি আইনও বিধিবদ্ধ হয়েছে। কলকাতার বন্ধুরা এই নিয়ে আমার উচ্চকিত প্রশংসা করেছে। প্রশংসায় আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যমে অন্য কাজের জন্য ঝাঁপিয়ে পড়েছি। আমার কাছে মানুষ, মানুষের কল্যাণ ও সভ্যতার অগ্ৰগতি সকল কিছুর আগে, বাকিটা তুচ্ছ মনে হয়, তাই তো সময় আমার বন্ধু, সেই বন্ধুর হাত আমি কখনো ছাড়ি না। পাদ্রী হওয়াটা আমার কাছে এমন একটা মাধ্যম যার মধ্যে আমি দুটি কাজ সম্পন্ন করতে পারি, প্রধানত যিশুখ্রিস্টের আদর্শকে মানবের হিতে ব্যবহার করা আর দ্বিতীয়ত সেই উদ্ভূত চৈতন্যকে নানা বিষয়েও অঙ্গীভূত করে দেওয়া, না হলে শুধু পাদ্রী সেজে লোক দেখানো আমার কাজ নয়, নিছক ধর্মপ্রচার আমাকে তৃপ্ত করে না, অথচ কাউকে কাউকে করে, তারা শুধু নিজের ক্ষতি করে না, অন্যের ভাবনাকে অসাড় করে দিয়ে সমাজ ও সভ্যতাকে পেছন দিকে টেনে নিয়ে যায় আর মানুষ শুধু শুধু আদর্শের বলি হয়, মানুষ হৃদয়হীন যন্ত্রমানবে পরিণত হয়। আমি জানি না ব্রিটিশের বিচারকরা এই উদ্দেশ্য আর লক্ষ্যের তফাৎটা বুঝতে পারেন কিনা। যদি পারতেন, তাহলে এত সহজে নীলকর সাহেবদের পক্ষে  সওয়াল করতেন না এবং ওই দূর্বৃত্তদের প্রশ্রয় দিতেন না।

এরকম এক ভাবনা থেকেই  রাশিয়ার মাটিতে পা রাখার ইচ্ছা হলো। ইংলেন্ড ও রাশিয়ার মধ্যে সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য পাদ্রী ও সভ্যদের সভা থেকে আমন্ত্রণটা এলো তখন আর ইতঃস্তত করলাম না। তাছাড়া দেখার উৎসাহটা দ্বিগুণ হলো জার দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিদাস প্রথা বিলোপের প্রত্যক্ষ ফল কী দাঁড়িয়েছে তা স্বচক্ষে দেখতে পাবো এই তাড়নায়। শৈশবের রাশিয়ায় লেখাপড়ার স্মৃতিও যেন এখনও টাটকা। তখন ছিলেন জার প্রথম আলেকজান্ডার। আমি এও লক্ষ্য করেছি কলকাতা ও সেন্ট পিটার্সবার্গের এশিয়াটিক সোসাইটির মধ্যে একটা সম্পর্কও গড়ে উঠেছে। রাশিয়ার পত্র-পত্রিকা ভারতের কৃষক আন্দোলন ও নীল বিদ্রোহ নিয়ে তাদের জনগণের মধ্যে প্রচারও করে। সব মিলিয়ে এই দ্বিতীয়বার রাশিয়া ভ্রমণ নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। জার দ্বিতীয় আলেকজান্ডার এর কাছ থেকে  নিমন্ত্রণপত্র পেয়ে আর কালবিলম্ব করলাম না। আমার আইরিশ মানসিকতা, ভারতবর্ষের অভিজ্ঞতা একজন সমাজ-বিজ্ঞানের গবেষকের চোখ দিয়ে দেখতে পেয়ে বুঝলাম এই দুই দেশের কৃষক ও সাধারণ মানুষের অবস্থা, সরকারি আইন কানুন ও প্রয়োগ কীভাবে চলছে। এই দেশটি অনেক বড়, ইউরোপ থেকে প্যাসিফিক সাগর পর্যন্ত বিস্তৃত, বিভিন্ন জাতি ও উপজাতিদের সংমিশ্রণ, নানা স্থানের জনগণের নানা ভাষা। ভারতবর্ষে থাকাকালীন তাই মনে হয়েছে এখানে অনেক প্রশ্নোত্তর লুকিয়ে আছে। রাশিয়ার বিপ্লবী আন্দোলন আমাকে ভাবিয়ে তোলে। মনে হলো রাশিয়ার অস্থিরতায় এশিয়া ও ইউরোপের ক্ষতি হবে। উন্নত পশ্চিমী ও খ্রিষ্টান ধর্ম অভিন্ন হওয়ায় পশ্চিম ইউরোপ ও রাশিয়ার যুগ্ম প্রচেষ্টায় এশিয়ার খ্রিস্টধর্ম প্রচার সহজ হবে। আমি সর্বান্তকরণে বিশ্বাস করি জমিতে কৃষকের রায়তী স্বত্ব প্রতিষ্ঠিত হলে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।  একই সামন্ততান্ত্রিক ব্যবস্থা ও শোষণ ভারতবর্ষের কৃষককেও বিদ্রোহী করে তুলেছিল। সরকারের উচিত কৃষকদের দাবি-দাওয়া মেনে নেওয়া। রাশিয়ার দ্বিতীয় জারের সংস্কারকে তাই আমি স্বাগত জানিয়েছি। আবার জারের অন্যায় অত্যাচার উৎপীড়ন ও শোষণের ফলে সাধারণ প্রজারা রুষ্ট হয়ে উঠলেন। আমি পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম এ দেশে শীঘ্রই বিপ্লবের রণধ্বনি শুনতে পাওয়া যাবে। ভারতবর্ষেও এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কারন এই দু’দেশের মধ্যে সমস্যার অনেকখানি মিল আছে। কৃষক সমস্যা, ভূমি সমস্যা, সমন্ততান্ত্রিক সমস্যা, ভাষা সমস্যা, ধর্ম সমস্যা দুটি দেশকে যেন একই সূত্রে গেঁথে দিয়েছে। আমি বুঝতে চাইছিলাম কিভাবে ভূমিদাসপ্রথা রোধ ও ভূমিহীনদের জন্য ভূমিদানের ব্যাপারে কৃষক সম্প্রদায়ের মনোভাব আসলে কি। ছাত্র অবস্থায় রাশিয়ার কৃষকদের যে মনোভাব আমি লক্ষ্য করেছিলাম, এখন ত্রিশ-পঁয়ত্রিশ  বছরের ব্যবধানে কোথায় এসে দাঁড়িয়েছে তা সম্যকরূপে জানা যেন জরুরি হয়ে পড়েছে। আমি জানি ইতিমধ্যেই ইংল্যান্ডের অনেক পাদ্রী, বুদ্ধিজীবী ও বিজ্ঞানী রাশিয়ায় এসেছে। আমি দেখতে চাইছিলাম ভারতবর্ষে আমার অভিজ্ঞতার সঙ্গে রাশিয়ায় পাদ্রীদের অভিজ্ঞতার কোন সাদৃশ্য আছে কিনা। আমার এখানে সৈন্য বাহিনীর অফিসার, বিশ্ববিদ্যালয় ও শিক্ষক শিক্ষা অধিকতা এবং ধর্মযাজকদের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ হয়েছে, বহু সাধারণ মানুষের সঙ্গেও আমার আলাপচারিতা অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণ করেছে। দরিদ্রের সেবা ও অর্থনৈতিক নিষ্পেষণ থেকে মুক্তির জন্য যে ওদের সংগ্রাম, অত্যাচার উৎপীড়ন লুণ্ঠন শোষণ ও মানবতাহীন কার্যকলাপের বিরুদ্ধে আমার লড়াই একান্তই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমি মনে করি ভূমিদাস প্রথা বিলোপের সঙ্গে সঙ্গে রাশিয়ায় কৃষকদের মধ্যে শিক্ষার বিস্তার আরম্ভ হয়েছে। কৃষকদের শিক্ষা তথা জ্ঞানার্জনের স্পৃহা প্রমাণ করে যে প্রত্যেক দেশের সামাজিক উন্নয়নের সঙ্গে জড়িত নৈতিক ও ধর্মীয় মঙ্গল। ভারতবর্ষের কৃষক দেশীয় খ্রিস্টান দেশীয় সাহিত্য ও মাতৃভাষার শিক্ষা প্রভৃতি নিয়ে কাজ করার সময় মনে হয়েছে রাশিয়ার সার্ফদের মতো কবে ভারতবর্ষে কৃষকদের ভাগ্যে এ সুযোগ ঘটবে? হ্যাঁ এটা ঠিক সার্ফদের মুক্তি এশিয়ার সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে। আমাকে এখানে অনেকেই নীলদর্পণ মামলার বিবরণ নিয়ে জানতে চেয়েছেন। ভিলেজ কমিউনিটিজ ইন ইন্ডিয়া এন্ড রাশিয়া প্রবন্ধে আমি তা উল্লেখও করেছি। আমি বিশ্বাস করি সুদীর্ঘ দিন ধরে রাশিয়া ও ভারতবর্ষ কেন্দ্রীভূত শাসনব্যবস্থার কুফলে জর্জরিত, এর অবসান হওয়া উচিত। হ্যাঁ, বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। মস্তিষ্কে অতিরিক্ত রক্ত সমাবেশ যেমন সুস্বাস্থ্যের লক্ষণ নয়, তেমন কঠোর কেন্দ্রীয় শাসনও গণতন্ত্রের সুস্বাস্থ্যকে নষ্ট করে। আমার ধারণা গ্রামকে সর্বনিম্ন ইউনিট হিসেবে গণ্য করে সংস্কার কাম্য। ভারতবর্ষে নতুন জমিদারদের অব্যবস্থায় জমি খন্ডিত হয়েছে। খন্ড খন্ড জমি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের এবং শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে।

এটা ঠিক এমন অনেক ক্ষেত্রই আছে যেখানে রূঢ় বাস্তব কল্পনাকে পেছনে রেখে কয়েক কদম এগিয়ে চলে। বাস্তবের খোলনলচে পরিবর্তন করা দুঃসাধ্য হয়ে যায়। সমাজ যে শিকলে বাঁধা থাকে তার থেকে বন্ধনমুক্তি ঘটে না। একদিন মাকড়সার জালের মতো অনিয়ম, অনৈতিকতা, কুসংস্কার সমাজের মানুষগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলে, ধীরে ধীরে সেই দেশ, সেই সমাজ অন্ধকূপে নিমজ্জিত হয়। আমার এই ধারণা আমি ব্যক্ত করেছি জনসমক্ষে, সভামঞ্চে, পত্র-পত্রিকায় এবং সুধীমহলে। কেউ আমার সঙ্গে একমত হয়েছেন, কেউবা ভিন্নমত পোষণ করে আমার কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। আমি ইউরোপীয় প্রোটেস্ট্যান্ট মানবতা ও বণিক সভ্যতার মূল্যবোধকে এক মাপকাঠি দিয়ে বিচার করতে গিয়ে দেখেছি ভারতের বণিকেরা উন্নত বণিক সভ্যতার বদলে সামন্ততান্ত্রিক পদ্ধতি বজায় রাখতে উৎসাহী। এই অমিল থেকে জন্ম নিল বিরোধের সুর। মতানৈক্য তৈরি হলো উন্নত বণিকসভ্যতার আদর্শে বিশ্বাসীদের সঙ্গে সামন্ততান্ত্রিক মনোভাবাপন্ন ফ্রি-ট্রেডারদের। আমি দাসপ্রথা নিয়ে আমার মতামত ব্যক্ত করেছি কলকাতার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। আমাকে শাস্তি দেবার জন্য ওঁরা আমার কথার গুরুত্বই উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। ওঁদের ধারণা ছিল আমি নিজেকে দোষমুক্ত করার জন্যই যুক্তি সাজাচ্ছি। ওঁরা নজরই দেয় নি শোষণযন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতাবাদ বলে এক ব্যবস্থা তৈরি হতে পারে, সেখানে বাকি সময় থিয়োরি সমূলে নস্যাৎ হয়ে যেতে পারে। আমি বলেছিলাম, দেশে দেশে যখন ভূমিদাসদের অন্যায় উৎপীড়ন থেকে মুক্ত করা হচ্ছে তখন ভারতবর্ষের কৃষকেরা কেন নীলকরাদির শোষণে ক্লিষ্ট হবে? এটা ঠিক রাশিয়ায় সার্ফ ইমানসিপেশন বিষয়ে আমার বক্তব্যে আজ বলার চেষ্টা করেছি – বাঙলা দেশের কৃষকদের অবস্থা অনেকটাই রাশিয়ার ভূমিদাসদের ন্যায় দুঃখজনক। ওরা প্রশ্নোত্তর পর্বে জানতে চেয়েছিল, ‘আপনি কীভাবে বাল্টিক সাগর পেরিয়ে প্রায় আট হাজার কিলোমিটার ব্যবধানের এই দুই জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর  মিল খুঁজে পেলেন?’ খুব কঠিন প্রশ্ন। বললাম, কোথাও কুড়ি বছরের যাপনের অভীজ্ঞতা আর কোথাও দুবারের আসা-যাওয়ার নিবিড় পর্যবেক্ষণ আমাকে শিখিয়ে দিয়েছে শোষিত মানুষের মুখগুলো এক আর শোষকের চেহারা কোথাও অতিশয় ভয়ঙ্কর, কোথাও নিকৃ‌ষ্টতম। উপস্থিত ভদ্রমহোদয়গণের মধ্যে ততক্ষণে ফিসফাস শুরু হয়ে গেছে। ওরা কেউ কেউ আমাকে দ্বিতীয় প্রশ্নবাণে বিদ্ধ করার জন্য মুখিয়ে আছে কিন্তু জার আর বণিক শ্রেণীর তফাৎ নিয়ে ধন্দে থাকায় চুপ করে গেল, হয়তো আমিও খানিকটা স্বস্তি পেলাম। বললাম, বাকি প্রশ্নের জন্য দ্বিতীয় কোনো মঞ্চ বেছে নেওয়া যাবে। এর কারণ হলো ইম্পেরিয়াল রাশিয়ান আর্কিওলজিক্যাল সোসাইটিতে প্রাচীন পান্ডুলিপি মুদ্রা ও ভ্রমণ কাহিনীর মাধ্যম ছাড়া ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানার আর কোনো রাস্তা খোলা ছিল না রাশিয়ানদের কাছে। আমি বেঙ্গল সোশ্যাল সাইন্স অ্যাসোসিয়েশনে একবার ভারতবর্ষ ও রাশিয়ার সামাজিক সমস্যার মধ্যে সাদৃশ্যগুলো নিয়ে  কিছু কথা বলেছিলাম আর এই সাদৃশ্য হল গ্রামীণ জীবন ও সমাজের তুলনা। হিন্দু যৌথ পরিবারের মতো রাশিয়ার কিছু কিছু গ্রামে সম্পত্তির সমবন্টন হয়। ফ্রান্স, আয়ারল্যান্ড প্রভৃতি দেশে সম্পত্তির সমবন্টনের  কুফল অনুভূত হয়েছে, বাংলায় এই প্রথার চরম কুফল একটি আমগাছের ষোলজন শরিক।

সেন্ট পিটার্সবার্গের মাটিতে বসে আমি ভারতবর্ষের জন্য অমোঘ টান অনুভব করছি। ভাবছি কবে আমার কর্মক্ষেত্রে ফিরে যাবো, মানুষগুলোর উষ্ণ স্পর্শে আমার হৃদয় আন্দোলিত হবে, মানুষের শব্দমুখর চিন্তাগুলো আমার লেখায় ফুটিয়ে তুলবো। গঙ্গাপাড়ের দু’পাড়ের পল্লী জীবনের কত তো অপ্রাপ্তি, কে যে সেদিকে ফিরে তাকাবে। কলকাতার আকাশ বাতাসে নানা ভাঙাগড়ার কাজ চলছে বটে কিন্তু ছাপোষা মানুষের ঘরবাড়িগুলো পড়ে আছে যেই তিমিরেই সেই তিমিরে। আমি দেখেছি কেমনভাবে ওদের চোখের জল গড়িয়ে পড়ে, ওরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে,  ডোবার জলে ডুবে মরে, নানা কুসংস্কারে জর্জরিত মানুষগুলোকে টেনে তোলার জন্য অনেক সহৃদয় সুচিন্তিত মানুষের প্রয়োজন।  বাবুরা শাসকের মোসাহেবী করতেই ব্যস্ত আর নিজেদের ভোগবিলাসে মত্ত, শহর থেকে দূরের মানুষদের যন্ত্রণা নিয়ে তাদের ভাববার অবসর কোথায়। ওই মানুষগুলো জানার সুযোগই পায় না গোটা বিশ্বজুড়ে  পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে, মানুষের সঙ্গে মানুষের বন্ধন দৃঢ় না হলে সেই সুফল মিলবে কেমন করে?  আমি পিটার্সবার্গে জনে জনে বলেছি ভারতবর্ষের জনগণের দূর্দশার কথা। গ্ৰেটব্রিটেন আমেরিকার স্বাধীনতা মেনে নিয়েছিল গত শতাব্দীতে। মেক্সিকান যুদ্ধের পর আমেরিকা যুক্তরাজ্যে স্থিতিশীলতা আসে। সভাপতি আব্রাহাম লিংকন আমেরিকায় দাসপ্রথার অবলুপ্তি ঘটান। আমি নিশ্চিত আজ না হয় কাল ভূমিদাসদের অন্যায় উৎপীড়ন থেকে পরাধীন দেশগুলোও মুক্তি পাবে। কবে কখন কীভাবে হবে ভবিষ্যত বলবে। তবে একজন ধর্মীয় যাজক হিসাবে আমি তো আমার দায়িত্ব এড়াতে পারি না। যত বাধা-ই আসুক আমি সরকারের উদাসীনতার কথা তুলে ধরবো পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে। প্রতিবাদমুখর কলকাতা শহরের কথা ইংরেজ সাহেবরা ওয়াকিবহাল। নুনের কারিগর দু’হাজার খালাড়ি নাকি ত্রিশের দশকের মাঝামাঝি জমায়েত হয়েছিলেন লাটভবনের সামনে। ওদের মুখে ‘দুঃখধ্বনি’। লর্ড বেন্টিকের সামনে পাঁচ-ছয়সো সরা নিয়ে বলেছিল, ‘ঠাকুরবাবু অর্থাৎ দ্বারকানাথ ঠাকুর নিমক মহলের দেওয়ান। প্রতিবার ওজনের আগে তার নামে এক-এক পরা নুন আমাদের সরিয়ে রেখে, তবে ওজন করতে হয়। তাই আমরা প্রতিবাদে তাঁর গাড়ির সামনে পড়ে আত্মহত্যা করতে চাই।’ ছয়ের দশকের মাঝে কলকাতার খালে ‘মেং গিরিন সাহেবের’ দৌরাত্ম্যের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে হাজির হয়েছিলেন লাটভবনের দরজায়। এই প্রতিবাদ ধনী ও গরীবদের কাছ থেকেই শিখে নেওয়া। আমি নিশ্চিত মানুষেরই প্রতিবাদ একদিন হয়তো ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতাকেই বদলে দেবে যদি না ব্রিটিশ সরকার ভারতীয়দের দাস বানিয়ে রাখবার মনোবৃত্তি থেকে সরে আসে।

আমার ধারণা ও বিশ্বাসও বটে আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে ধর্মজীবনের সম্পর্ক আছে। রাশিয়ার জার আমার কাছে জানতে চান আগ্ৰাসী ইসলাম ধর্ম বন্ধ করার উপায় কি? আমি তাঁকে জানালাম, আমার ভারতীয় মিশনারি অভিজ্ঞতার নিরিখে বলতে পারি রাশিয়ার উপজাতি অঞ্চলে দ্রুত শিক্ষার প্রসার প্রয়োজন কারণ অশিক্ষার অন্ধকার থাকলে রাশিয়ার বিস্তৃত উপজাতি অঞ্চলে খ্রিস্টধর্ম প্রচার কঠিন হয়ে পড়বে এবং সেই উপজাতিদের মধ্যে আগ্রাসী ইসলাম সহজেই প্রভাব বিস্তার করবে। আমি রাশিয়ার অধিকর্তাদের বলেছি কৃষক এবং তাদের সন্তান-সন্তরদের মধ্যে শিক্ষার প্রসার করতে হবে। ওঁরা আমার এ বিষয়ে উপদেশও চান। বললাম, রাশিয়ার ভূমিদাস জমির উপর সত্ত্ব পেতে শুরু করার মাধ্যমেই তাদের আর্থসামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটবে, ফলে ধর্মীয় চিন্তার প্রভাব কার্যকর হবে, যেহেতু খ্রিস্টধর্ম কতগুলি অলীক দার্শনিক তত্ত্বের উপর নির্ভর নয় তাই এই খ্রিস্ট ধর্মের কথা গরিব সাধারণ শ্রমজীবী মানুষদের বোঝানো অনেক সোজা। আমি জার তন্ত্রের সংস্কার আন্দোলনে অত্যন্ত আশাবাদী। তবে জানি না জমিদারশ্রেণি ফন্দি-ফিকির করে ভূমিদাসদের জমি আবার কেড়ে নেবে কিনা, তাহলে সমূহ সর্বনাশ হবে। আমি বুঝতে পারছি বেশ কিছুদিন ধরেই ব্রিটিশ ও ভারতের মধ্যে এক ছায়া যুদ্ধ চলছে। ইতিমধ্যেই সে নিয়ে রাশিয়ার জার ও ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মধ্যে একটা ‘গ্রেট গেইম’ খেলা হচ্ছে। ব্রিটিশ বিদ্বেষী শক্তির সাহায্যে রাশিয়া ভারত আক্রমণ করতে পারে, এই আশঙ্কার কথা আমি ব্রিটিশ সরকারকে জানিয়েছি। রাশিয়া ও ব্রিটেনের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই ভয় দূর করা যায়। ভারতের জন্য বিশেষ করে বাংলার জন্য আমার গভীর চিন্তা ও ভালবাসা দুই-ই রয়েছে।

রাশিয়ার সামাজিক মনোভাব আমার কাছে দুটো বিষয় স্পষ্ট করে দিয়েছে যে গ্ৰামীন সমাজের চিন্তা আর শাসকের পরিকল্পনার সঙ্গে রয়েছে বিস্তর ফারাক। ওঁরা ওদের ভালোমন্দ নিজের মতো করেই বোঝে আর  হুকুম জারি করে শাসক। ভারতবর্ষের গ্ৰামীন সমাজেরও নিজস্ব সাংস্কৃতিক ধারা তাঁদের চিন্তার প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং জীবনশৈলীকে নির্ধারণ করে। ধর্মীয় ভাব ও আচার বিচার দৃষ্টিভঙ্গির পরিপুরক হয়ে যায় এবং স্ব স্ব গন্ডীবদ্ধ বৃত্তের সমান্তরাল ধারা হিসেবে চিহ্নিত হয়ে চলে। রাশিয়াতেও গ্ৰামসমাজের অর্থনৈতিক দুরবস্থা দেখে আমার মনঃশ্চক্ষুতে ধরা পড়ল যেন ভারতীয় গ্ৰামীন সমাজ কোন জাদুবলে কেউ রাশিয়ায় চালান করে দিয়েছে। এই দু’দেশের দুঃস্থ মানুষের মুক্তির পথ কেউ একই সূত্রে গেঁথে দিয়েছে। কথায় আছে না শাসক পাল্টালেও শোষকের মুখ পাল্টায় না, মুখোশের আড়ালে গিয়ে নিজেদের স্বাতন্ত্র প্রকাশ করে মাত্র। বুঝলাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভারতের মাটিতে ফিরে যেতে হবে, কাজে লাগাতে হবে জার শাসনের উৎপীড়ন ও নিপীড়নে ধ্বস্ত মানুষের অভিজ্ঞতার ফসল। আমি ঠাকুরপুকুরে কাজ করতে গিয়ে বুঝেছিলাম সামগ্ৰিকভাবে চিরস্থায়ী বন্দোবস্ত সমস্ত দুর্নীতির মূলে এবং গ্ৰামে খ্রিষ্টধর্ম প্রচারে প্রতিবন্ধকতা তৈরি করে। আমি ভারতের রায়তদের প্রতি ব্রিটিশ প্রশাসনের ঘোরতর নিন্দা করি। রাশিয়ায় ভূমিদাসের (সার্ফ) সংখ্যা  গোটা জনসংখ্যার প্রায় আটত্রিশ শতাংশ, এইভাবে সংখ্যাটা বাড়তে থাকলে কোথায় গিয়ে পৌঁছবে কেউ জানে না, বর্তমানে কৃষকদের অর্ধেক, এরা ব্যক্তিমালিকানাধীন ভূস্বামীদের জমিতে কাজ করে, জমি কেনা তো দূরের কথা, বিয়ের ব্যাপারেও ওরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এটা ঠিক ভারতের কৃষকদের অবস্থা এই ক্ষেত্রে খানিকটা নমনীয়। সম্প্রতি দ্বিতীয় জার কৃষকদের প্রতি সদয় হয়ে জমি বন্টন করেছেন, সম্পত্তি কেনবার, ভোগ করবার অধিকার ফিরিয়ে দিয়েছেন। ভূমিদাসদের বিয়ের জন্য ভূস্বামীদের অনুমতি নিতে হচ্ছে না, ব্যবসা করার সুযোগ পাচ্ছে কিন্তু জমি বিক্রি করে কারখানায় যাবার অধিকার পায় নি এখনও। আমি বিশ্বাস করতে লাগলাম রাশিয়া এক কল্যাণকামী রাষ্ট্রের জন্ম দিচ্ছে। আমার অভিজ্ঞতা লন্ডনে গিয়ে প্রকাশ করলাম। ভারতের ব্রিটিশ প্রশাসন আমার রাশিয়ার ভ্রমণ বৃ‌ত্তান্তকে একজন সমাজতাত্ত্বিকের দৃষ্টিকোন থেকে কাজে লাগাতে চাইছে কিনা আমার জানা নেই আর সেটা আমার লক্ষ্যও নয়, আমি শুধুমাত্র   যিশু খ্রিস্টের অনুগামী হয়ে সমগ্ৰ বিশ্বের দারিদ্র্য পীড়িত মানুষের কল্যাণ-ই আন্তরিকভাবে চাই আর সে পথে এগবো যতদিন এই দেহে প্রাণ থাকে।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas magazine

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *