উমাদাস ভট্টাচার্য
গায়ে ফুলহাতা শার্ট গলিয়ে নিল জয়ন্ত। বাতাস ভিজে হ’লে শব্দ একটু বেশি স্পষ্ট হয়। গরমের শুরুতে এরকম হয়। বৃষ্টির শব্দ ঘুম ভাঙ্গিয়ে দিয়েছিল ওর। এসব সময়ে দরজা খুলে বাইরে রুমালের মতো বারান্দায় এসে কিছু দেখতে পায়না জয়ন্ত। স্ট্রিট ল্যাম্প অবধারিতভাবে আলোহীন। চকিতে আদিম বিদ্যুতের আলোয় দেখছিল কংক্রিটের রাস্তায় বৃষ্টির ফোঁটার আলাদা আলাদাভাবে লাফিয়ে লাফিয়ে ওঠা। এখন রাস্তায় নামা ঠিক হবে কিনা মনেই আসেনি ওর। ঘড়ি দেখার কথাও ভাবেনি। জলের ফোঁটা রাস্তায় পড়ে লাফিয়ে লাফিয়ে উঠছিল। ভিজতে হবে কিংবা অনেকদিন এরকম বৃষ্টিতে রাস্তায় নামা হয়নি কিংবা ছোটবেলার কোনো এক বৃষ্টিদিনের কথা এসব- এসব কিছুই ভাবেনি ও। শুধু ফুলহাতা জামাটা গায়ে দিয়েছিল। আর বেরোতে ইচ্ছে হয়েছিল।
আগেও অনেকবার এরকম বেরিয়ে এসেছে জয়ন্ত। এরকম কয়েক বছর পর পর কিংবা আগে আগে। কিছু কিছু বেরিয়ে আসা একবারই হয়। ওরকম বেরিয়ে আসার আগে কিছু ঠিক করা থাকেনা। কেউ ডাক দেয় অথবা কেউ দেয়না। আরব্য রজনীর কার্পেটের মতো ভেসে যাওয়া ঘন সবুজ কচুরিপানা চারকোনা থাক থাক হয়ে মহানন্দার বুকে ভাসতে ভাসতে চলে যায় বহুদূর। মাঝেমাঝে থামে। আলতো করে ধাক্কা দেয় আগের কার্পেটের গায়ে অথচ তার বুকের উপর স্থিরকাম সাদা নিদাগ বকের কোনো আন্দোলন হয়না। জয়ন্ত এসব দেখে। বকটা ফিরে আসে কিনা জয়ন্ত দেখার জন্য বহুক্ষণ দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে অনেক সময় পর কচুরিপানার কার্পেট বাঁক নেয়। বাঁক নেয় বক। বাঁক নেয় সময়। অন্য কোথাও অন্য কোনদিন অন্য কোনো বকের সাথে দেখা হলে জয়ন্তর মনে পড়ে কার্পেট বকের কথা। প্রতিটি পালক আলাদা আলাদা করে মিলিয়ে দেখে নেওয়ার আগেই বক উড়াল দেয় জয়ন্তকে একা রেখে।
রিধিমা এসেছিল গতকাল। মাথার চুল চূড়া করে বাঁধা। টানটান পেঁচানো অচিরুন চুলের গোছা এখনো চোখ টানে অথচ খোঁপার প্রতিটি গোলাকার ভাঁজে এখন খসখসে তামাটে রুক্ষতা উঁকি মারে। রিধিমা এ পাড়ায় এলেই জয়ন্তর কাছে আসে। ওরকম ভাবেনি কোনদিন জয়ন্ত। রিধিমা যখন আসে সোজাসুজি জয়ন্তর সদর দরজা খুলে লম্বা টানা পথ পেরিয়ে এপাশের ওপাশের ঘরে আলগোছে দেখতে দেখতে পেছনের ফালি বাগান পর্যন্ত চলে আসে। রিধিমা কোনো ঘরেরই খোলা দরজা দিয়ে উঁকি মারেনা। ওকে উঁকি মারতে হয়না। কোনো ঘরের কোনো দরজাতেই পর্দা নেই। কোনদিন ছিলনা তা নয়। এই বাড়িতে ওর শেষ সঙ্গী মা চলে যাওয়ার পর এক একটা ঘরের পর্দা একটা একটা করে নষ্ট হয়েছে আর সেখানে কোনো পর্দা টাঙানো হয়ে ওঠেনি। আসলে জয়ন্তর মনেই আসেনি। কেউ জিজ্ঞাসাও করেনি। এমনকি রিধিমাও। রিধিমা এ বাড়িতে এলে এমনিই একটা একটা ঘর পেরিয়ে যায়। ও এক একটা খোলা ঘরের সামনে এসে যেন জয়ন্ত না থাকার গন্ধ পায় আর অবলীলায় প্রতিটি খোলা ঘরের দরজা পেরিয়ে যেতে থাকে ততক্ষণ যতক্ষণ না জয়ন্তর গন্ধ পায়। জয়ন্ত হয়ত সেসব সময়ে বাড়িতে নেই কখনো কখনো। আবার হয়ত ফিরে এসেছে রিধিমার চলে যাওয়ার আগে। আবার হয়ত রিধিমা চলে গেছে নিজের মতো আর জয়ন্ত ফিরে এসেছে নিজের মতো।
—-তুমি যেখানে ইচ্ছে যাও.. ফিরে আসবে আমার হয়ে যাওয়ার আগেই…
এরকম কিছু বলেনি কখনো রিধিমা। জয়ন্ত কিছু বলেনা কোনদিন। তবু দরকারে অদরকারে যা কিছু রিধিমাই বলে। আসলে জানান দিয়ে যায়। রিধিমা বলে যেন যা বলার যা করার ওকেই করতে হবে। রিধিমা বিয়ে হয়ে দু’একটা পাড়া পার হয়ে গেছে। জয়ন্ত সেসব দিনে কখনো গভীর রাতে কখনো জানান দিয়ে ভুল সময়ে মায়ের কাছে এসে বসতে না বসতেই জানালায় তিন টোকা। সাবধানী টোকা দেওয়া সঙ্গীরা একবারই টোকা দেবে। দিয়ে চলে যাবে। অন্য কোথাও অন্য কোন সময় দেখা হবে। রিধিমা অপেক্ষা করার মেয়ে ছিল। ওর বাড়ির লোকেরা ছিলনা।
—-মাছ দু’বেলার হয়ে যাবে… মাসীকে শুধু ভাত করতে বোল…
রিধিমা তাকায়না কোনদিকে। এই সময়ে ও যখন চলে যায় তখন রিধিমার শরীরের কোথাও কোথাও রান্নাঘরের জলের ছোপ। হাতের শাঁখা চুরি সব টেনে ওপর দিকে তোলা। তাও ওরা নেমে নেমে আসে। শব্দ ছিটায়। এ বাড়িতে এত ঘরে এত ফ্যান। রিধিমা আসে ঘরদোরে উঁকি দেয়। রান্নাঘরে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে। সে জয়ন্ত থাকুক না থাকুক। সবাই জানে। এপাড়ার সবাই জানে। ঘরদোরের সব খোলা জানলা দরজা দিয়ে পথচলতি সবাই দেখতে পায় রিধিমাকে। রিধিমা ঘেমে যেতে যেতেও কখনো কোনো ঘরের মেঝেতে কিংবা চেয়ারে কিংবা বিছানায় বসে ফ্যানের হাওয়ায় নিজেকে ঠান্ডা করেনা কোনদিন। কখনো কখনো রিধিমা এসে দেখে মাসী রান্না করে চলে গেছে। সেদিন খুঁজে খুঁজে জামা গেঞ্জি পায়জামা টেনে নিয়ে বালতিতে রেখে যায়।
—-মাসীকে বোলো কেচে দিতে…
জয়ন্ত কখনো মাসীকে বলে কখনো বলতে ভুলে যায়। কখনো মাসী রান্না করে চলে যায় জয়ন্তর ঘুম ভাঙে না। অনেক অনেকদিন টানা রিধিমা আসেনা। তারপর হঠাৎ একদিন আসে যেন আগেরদিনও এসেছিল। সেদিন হয়তো জয়ন্তর সঙ্গে দেখাও হয়না। আবার একদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠে জয়ন্ত যখন মাথার দিকের জানালার পাল্লাটা খুলে দেয় তখন হয়তো বাইরে দুয়ারে মোটরসাইকেলের আওয়াজ ভেসে আসে। জয়ন্ত বুঝতে পারে অনল এসেছিল আজ। এরকম হয়। অনল এসে মাঝেমাঝে রিধিমাকে ফিরিয়ে নিয়ে যায়। পাড়ার লোক জানে। অনল জানে এ বাড়িতে এলে মোটামুটি কতক্ষন লাগে রিধিমার। সময় পেলে অনল এসে রিধিমাকে নিয়ে যায়। বাড়িতে রেখে নিজের দোকানে গিয়ে বসে। কখনো রিধিমার মেয়েটাও থাকে। সবাই একসাথে থাকলে হয়তো জয়ন্তর খোঁজ করে। জয়ন্ত ঘুমিয়ে থাকলে কেউ ডাকেনা। পাড়ার মাঝখানে জয়ন্তর বাড়িটা খোলা বইয়ের মতো। তাই ওরা যাওয়ার সময় কেউ কেউ ওদের কিংবা একাকী রিধিমাকে জিজ্ঞেস করে
—-উঠেছে ?
জয়ন্ত জানেনা এসব। কেউ বলেনি ওকে। জয়ন্ত সেই সময় হয়তো ঘুম থেকে উঠে মাথার কাছের জানলার পাল্লা খুলেছে। ওর শোওয়ার ঘরের জানলার বাইরে অনেকটা বাগানমতো কোনদিন ছিল। এখন কিছু ঘাস একটা পেয়ারা গাছ আর একটা চৌবাচ্চা। চৌবাচ্চার মাথায় টাইম কল কবে থেকে খোলা। মা থাকলে চৌবাচ্চা ভরে গেলে সকালে দুপুরে বন্ধ হতো। মা কলের মুখে লম্বা পাইপ লাগিয়ে সীমানা প্রাচীর পর্যন্ত জল দিত। ওই জল পেয়ে পেয়ে ছোট বড় নানারকম গাছে নানা রঙের ফুল মাথা দোলাত। নিয়মিত মানুষ হাঁটলে পথ হয়। সেই দাগ ধরে পরের মানুষ সাহস করে হেঁটে যায়। জল বয়ে গেলে গাছেরা হেঁটে হেঁটে আসে। জয়ন্তর মনে হয়। এখন শুধু জানলার পাল্লা খুললেই একটা রজনীগন্ধার গাছ মাথা ঝাঁকিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে। সারাবছর ঐ একটাই গাছ বেঁচে থাকে। কিছুদিন ফুল দেয়। আবার অনেকদিন শুকিয়ে থাকে। জয়ন্ত অপেক্ষায় থাকে। সারাবছর জানলা খুলে ঐ ফুলটার ঢুকে পড়ার অপেক্ষায় থাকে। ঘুম থেকে উঠে যতদিন গাছটা ফুল দেয় ততদিন ফুলটার সাথে ওর কথা হয়। একটাই স্টিক। কখনো দুটো স্টিক একসাথে ফোটেনা।
—-কিরে ? কখন চা খাবি ?
—-তুমি খেয়েছো ?
মা মিটমিট করে হাসে ।
—-আমি ? আমার পুজো হ’ল। রান্না হ’ল। তোর জন্য বসে আছি। একসাথে চা খাব বলে…
মা সারাদিনে একবারই একসাথে কিছু খেত। ঐ সকালের চা। তারপর সারাদিনে মা সবসময় পরে পরে।
—-তা’লে তো রোজ তোমার চা খেতে খেতেই ভাতের সময় এসে যাবে…
মা হাসতো আর গরম চায়ের কাপ হাতে আঁচল জড়িয়ে তার ওপর বসিয়ে নিয়ে আসত। তারপর নিজেরটা নিয়ে আসত। আসলে জয়ন্তর চুমুক হলে তারপর।
—-বড়কাকুকে বলেছি…
—-কি ?
জয়ন্ত একটু সজাগ হয়।
—-তুই এবার চলে যা…
—-আমার ভালো লাগেনা সাবজেক্টটা…
জয়ন্ত সকালবেলার হাওয়া আলো সব গায়ে মাখছিল। সেইসঙ্গে মায়ের আঁচ।
—-তোর বড়কাকু তো আইনেরই লোক। বোঝে নিশ্চয় তোকে দিয়ে হবে কিনা। মা চুপ করে যায়।
জয়ন্ত বসে বসে অনেকক্ষন ধরে চা খায়। আসলে শেষদিকে যখন জিভে ঠান্ডা চা আসে তখন নামিয়ে রাখে। মা হ্যাঁ বা না এর জন্য অপেক্ষা করতোনা শেষদিকে। সবকিছু পাল্টে দেওয়ার নেশায় বাজি ধরেছিল ওরা কয়েকজন। মা বুঝতে পারত সব তবু ওদের বেঠিক সময়ে জড়ো হওয়া দেখে চুপ করে থাকত। সঠিক সময়ে চা মুড়ি আবার কখনো কখনো ভাত নামিয়ে রাখত ওদের সামনে। এক ভোররাতে আধখাওয়া ছটা থালা পুলিশ পেয়েছিল। ওদের পায়নি। লাথি মেরে থালাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার সময় মাকে নিয়ে গিয়েছিল।
—-ওরা মাকে শরীরে অত্যাচার করেনি…
রিধিমা থেমেছিল একটু।
—-ওরা মাকে অপমান করেছিল… কথা বের করার জন্য অনেক অশালীন…
জয়ন্ত তখন একটু একটু হাঁটে। সবার সব কথা শুনতে দীর্ঘ সময় লাগে ওর। কোনো কথায় কোনো প্রতিক্রিয়া হয়না। তবু রিধিমার কথা শুনতে শুনতে একটু একটু হচ্ছিল।
—-কি বলেছিল ওরা ?
রিধিমা কিছু বলেনি সেদিন। অন্য প্রসঙ্গে চলে গিয়েছিল। শুধু যাওয়ার আগে বলেছিল
—-মা চলে যাওয়ার আগে বলেছিল…
রিধিমা থামে। জয়ন্তর উৎকর্ণ হওয়ার মতো শক্তি ছিলনা ফিরে আসার পরে। তবু শোনার জন্য অপেক্ষা করে।
—-ছোঁয়াচ বাঁচিয়ে হলেও…
জয়ন্ত বলে ওঠে
—-কি ?
—-দুর থেকে হলেও খেয়াল রাখিস…
—-তাই তুই আসিস ?
—-না… আমি চাইলেই কি আসা যেত ? আমি চাইলেই যদি সব হতো…
রিধিমা উঠে পড়ে। জয়ন্ত জানে অনলও চেয়েছে। তাই রিধিমা আসে। জয়ন্ত জানে অনল বিশ্বাস রাখে। রিধিমার ওপর। এসব কথা অল্প অল্প করে অনেকদিন ধরে শুনেছে জয়ন্ত। কিছুটা শুনেছে কিছুটা বুঝেছে নিজে নিজে। এইসব কথা ওকে বাইরে বের করে আনে মাঝেমাঝে মাঝরাতে। দিনেরবেলা ওর এসব কথা মাথার মধ্যে কাজ করেনা খুব একটা। রাতে ওর মাথার মধ্যে যখন অনেককিছু ঘাই মারে তখন সাদা বকটা ফিরে আসে। চারকোনা কচুরিপানার কার্পেটের উপর বসে আস্তে আস্তে ভেসে যায় আর জয়ন্ত যেকোনো একটা শার্ট গলিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। কখনো গলির মোড়ের দিকে হাঁটতে থাকে।
—-খেয়েছিস ?
—-হ্যাঁ…
গরাদের ভেতরে দাঁড়িয়ে আরকিছু বলতনা জয়ন্ত। সবকিছু গরাদের ভেতরে সবসময় পৌঁছয় না। মাকে বললেও মা শুনতনা। মা এসে দাঁড়াতো গরাদের বাইরে। হঠাৎ একদিন মাঝরাতে সান্ত্রী পরিবৃত হয়ে বাইরে বের হয়ে দেখলো ওর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। সেরাতে ওর অনেক কাহিনী মনে পড়েছিল। সেইসঙ্গে মনে পড়েছিল সেদিনই সকালে মা এসেছিল। ও ভাবছিল কোনো খোলা ময়দানে অথবা নদীর ধারে ওকে নিয়ে যাওয়া হবে। মা কখন জানবে ? নাকি জানবেই না ? নাকি অনেক পরে সবাই যখন জানবে তখন ওকে চেনা চেনা লাগবে আবার পুরোটা চেনা যাবেনা ? জয়ন্ত এসব কথা খুব ধীরে ধীরে ভাবছিল আর গাড়িটা থেমে যাওয়ার অপেক্ষা করছিল। গাড়িটা থেমে গিয়েছিল কিন্তু ওর বাড়ির দোড়গোড়ায়। সেটাও ও বুঝেছিল দরজা খুলে ওকে যখন হাতকড়া না খুলিয়েই দুপাশে দুজন রক্ষী নামতে বলেছিল। বাড়ির সামনের ছোট ভীড়টা দুভাগ হয়ে সরে সরে যাচ্ছিল।অনল আর রিধিমা যা করার করেছিল সব। জয়ন্ত অনেকদিন পর মাকে ঘুমিয়ে থাকতে দেখেছিল। জন্মের পর জ্ঞান হওয়া ইস্তক জয়ন্ত কোনদিন মাকে ঘুমিয়ে থাকতে দেখেনি। মা চিরকাল জয়ন্তর আগেই ঘুম থেকে উঠেছে আর জয়ন্ত ঘুমনোর পর শুয়েছে। জয়ন্ত এসব মনে পড়লেই জামাটা গলিয়ে বের হয়। জয়ন্ত ঘড়ি দেখেনা বহুকাল। শুধু এসব সময়ে গলির মোড়ে এসে দাঁড়ালেই একটা বক চারকোনা সবুজ কচুরিপানার কার্পেটের উপরে বসে চলে যায়। যেতে যেতে মাঝেমাঝে একটু থামে। পেছনের আর একটা চারকোনা সবুজ কচুরিপানার কার্পেট আলতো করে ধাক্কা দেয়। বকটা এগিয়ে যায় আবার আর একসময় বাঁক নেয়। জয়ন্ত এটুকুই দেখতে পায়। এরকম হয় আর জয়ন্ত নিজেকে আবিষ্কার করে অনেক বেলায় নিজের বিছানায়। জয়ন্ত আজ শার্টটা গলিয়ে হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় এসে দাঁড়ায়। অনেকবারের মতো। এই সরু গলিটার শেষ প্রান্ত দু’দিকে চলে গেছে আর উল্টোদিকে বাড়ির বারান্দা গুলো আটকে রেখেছে পৃথিবী সেখানে এসে দাঁড়ালেই জয়ন্ত কাঁধের পিছনে কঠিন হাতের চাপ অনুভব করে সেইসঙ্গে দেখতে পায় একজনের পিঠ চকিতে সরু রাস্তার এদিক থেকে ওদিকে চলে যায়। কাঁধের পিছনের শক্ত চাপ ক্রমশ চেপে বসতে থাকে ওকে আর একটু দুরে যেখানে ওর জন্য একটা কালো রঙের গাড়ি অপেক্ষায় আছে আর জয়ন্ত অপসৃয়মান পিঠের মালিককে দেখতে পায় আজ কাল পরশু যে রিধিমাকে নিয়ে যাওয়ার জন্য জয়ন্তর বাড়ির সামনে এসে দাঁড়ালে রিধিমা নিশ্চিন্তে উঠে বসে ওর পেছনে কখনো কখনো মেয়েটা থাকে ওদের মাঝখানে। জয়ন্ত কতবার বেরিয়ে এসেছে ঐ পিঠ তাক করে একটা গুলি চালাতে কিন্তু যতবারই বেরিয়ে এসেছে বারান্দায় ঐ পিঠ ঢাকা পড়ে গেছে ওদের আড়ালে। ফিরে গিয়ে জয়ন্ত আলমারিতে মায়ের পিওর সিল্কের আড়ালে রেখে দিয়েছে ওর গুলিভরা পিস্তলটা পরের দিনের জন্য। জয়ন্ত আজ বেরিয়ে এসে আর ফেরেনা। বৃষ্টিটা বাড়তে বাড়তে ওর গোড়ালি ডুবতে থাকে। গোটা শরীরে শিরশিরানি ছড়িয়ে পড়ছে। জয়ন্ত মোড়ের মাথার শেষ খোলা বারান্দাটায় আস্তে আস্তে শুয়ে পড়ে। অনেক দুরে ওর বাড়িটা আবছা লাগে বৃষ্টিতে। একটা মোটরসাইকেল ওর সামনে দিয়ে চলে যায়। ও সোজা হয়ে উঠে বসে আরোহীর পিঠটা দেখতে যায়। পারেনা । ও আবার শুয়ে পড়ে। ওর ঘুম আসে। ও আধো ঘুম আধো জাগরণে দেখে বারান্দার নিচে রাস্তায় জল ক্রমশঃ উঁচু হয়ে বয়ে যাচ্ছে আর কচুরিপানার চারকোনা কার্পেটের উপর বসে একটা সাদা বক একটু একটু করে দুরে চলে যাচ্ছে। একটু থামছে। আলতো ধাক্কা খাচ্ছে। আবার চলে যাচ্ছে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
