কুন্তল দাশগুপ্ত

সপ্তম পর্ব

৮.  ১০৯ আমহার্স্ট রো।

—  ল্যাখাপড়া ছাইড়্যা ছ্যামড়া অ্যাহন দেশোদ্ধারে নামসে 

—  দেশোদ্ধার না। এ হইল বাঁচনের লড়াই। যা বোলসি কইরা রাক্ষো । বড়ো বড়ো হাণ্ডা গুলায় জল  ফুটাইতে থাক , অরা আইলে  উপর থিকা ছুঁড়বা। আমি অ্যাহন যাই গা 

—  অরে কিসু খায়া যা … ও হিমু , হিমু রে… 

মায়ের পিছু ডাক শোনার, মান্য করার , হয়ত বা ফিরে আসবার মতো অবস্থাতেও নেই হিমুর মতো হাজার হাজার বাস্তু-হারা যুবক যারা রাজনৈতিক খেয়োখেয়ির ধাক্কায় এসে পড়েছে এক বিস্তারিত বিশ্বাসঘাতকতার চোরাবালিচরে।

— ম্যাট্রিকুলেশনে অতো ভালাই করনের কী আসিল যদি তুই বাউড়া হয়া ঘোরবি — গজগজ করতে থাকেন সুনীতি। তর কথাতে ভিটা মাটি ছাইড়া এহানে আলাম এহন বাঁসি কী মরি তার ঠিক নাই। আইএসসি পড়নের লগে কুনো চ্যাস্টাও করলি না। এই এক বসরে মানুষটা প্রায় ঘরে বসা। অমন রমরমে কবরেজী সাইড়্যা মনমরা হয়া আসে মানুষটা  কুনো কথা কয় না … তু এক ষোলো বসরের পোলা তু কী করবি হিমু  আমাগো কানাইপুর-ই ভালা আসিল মরলে মরতাম তবু তো শ্বশুরের ভিটেয়  মরতাম এহানে ইন্দুরের মতো … কান্নায় গলা বুজে আসে সুনীতির , বিকৃত স্বরে আর্তনাদ করতে থাকেন— আয দুই দিন মাইয়াডার মুহে এক ফোঁটা দুধ দিতে পারি নাই। ট্যাহায় শান্তি খরিদ করা যায় না গো… আমার পোড়া কপাল… আমার কানাইপুর… আমার চাইর চাইরটা গাই … আমার মাইয়ার প্যাটে  এক ফোঁটা দুধ যায় নাই আইজ দুই দিন।  অগো তুমি কিসু কও না ক্যান পোলার কথায় রাযী হোলা ক্যান …তক্তপোশের ওপর নির্বাক বসে থাকা কানাইপুরের নগেন কবিরাজ তার কোলে বসে থাকা বছর দুয়েকের কন্যা কাজরীর মাথায় হাত বোলাতে বোলাতে কী ভাবছিলেন কে জানে তবে তার আয়ত চোখ দুটি ছিল অশ্রুবান।

#   ডাইরেক্ট অ্যাকশান ডে—  ১৬ই আগস্ট। পরদিন ১৭ই আগস্ট। জুম্মা এবং আল-সাবত। রক্ত স্নান করেছে কলকাতা। আজ সূর্যের দিন। ঘুম ভাঙছে দৈত্যের…।  গৌড়াধিপ শশাঙ্ক মারা যেতে চলতে থাকা মাৎসন্যায় দমন করেছিলেন গোপালদেব আর ১৮ই আগস্ট রবিবার আর এক গোপালকে তাঁর মাংস-দোকানের উঁচু পৈঠা থেকে নামতে হল রাস্তায় —  সশস্ত্র।

#

—  হিমু… ও হিমু … এদিকে এসো…  এতটা দেরি করলে বাবা! 

— শ্যাষ রাইতের দিকে খানিক ঘোমায়ে পড়সিলাম ঠাকুর মশয়

—  তুমি যেন কোন দিকটায় থাক?

— ঐ তো গুলাম আজাদ মসজিদের ওদিকে 

—  সে কী ওদিকে তো … গত দুদিনে কটা লাশ

— নাঃ পড়ে নাই। কিসু হামলাবায আইসিল… আমরা রেডি সিলাম শাবল-টাবল লয়্যা লড়্যা নিসি। হাত ভাংসে মাথাও ফাটসে জন কয়েকের কিন্তু উয়াদেরও আপন রক্ত দ্যাখায় দিসি । যহন খুব ঝারপিট সলত্যাসে তহন মসজিদের ইমাম সাহেব আমাগো মইধ্যে পইড়্যা সীৎকার কইর‍্যা কলো কি যে আমারে মারো আগে তাইরপর কুনো হিন্দুরে মাইরো 

— হ্যাঁ, জানি গুলাম আজাদ মসজিদের ইমাম সাহেবকে, পরিচয় আছে, পণ্ডিত মানুষ, ভাল মানুষ

—  ঐ ঘটনার পর গতকাল আর কোন হামলাবাজের দল আসে নাই

—  আর আসবেও না। আজ থেকেই পাল্টা দেওয়া শুরু হচ্ছে। আচ্ছা তোমার পরিবারে কে কে আছেন? 

— মা,বাবা আর বসর দুয়েকের বোন 

— বাবা কী করেন?

—  বাবা কবিরাজ। 

— মসজিদের ওদিকে কবিরাজ… নগেনদা? নগেনদার ছেলে তুমি! নাঃ তোমাকে তো অ্যাাকশান স্কোয়াডে রাখা যাবে না।

— ক্যান?

— বোঝ ব্যাপারটা, নগেনদা এখানে পসার জমানোর সুযোগ-ই পেলেন না তার আগেই কাটাকাটি শুরু হয়ে গেল এখন অ্যাকশানে নেমে যদি তোমার জান চলে যায় তবে সংসারটা ভেসে যাবে। তুমি ডিফেন্সে থাকও… তোমার টিম নিয়ে ঐ মসজিদের মাঠে থাক । ওখানকার স্থানীয়রা জোট বেঁধে হামলা করতে পারে, তোমরা  তখন অস্ত্র হাতে নেবে… যাও এখানেই পাঁচটা বেজে গেলো…

#

চলেছে কলকাতার বুকে ভারত ইতিহাসের সর্বাধিক কলঙ্কিত অধ্যায়—  দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। আজ মহা কালী কলকাত্তাওয়ালি আরো কয়েক গ্যালন রক্ত পান করতে কাল রাত থেকেই জিভ চাটছে। কাল মধ্যরাতের শপথে তৈরী হয়েছে ইন্ডিয়ান ন্যাশানাল ফোর্স। আমহার্স্ট স্ট্রিট, হ্যারিসন রোড, ও রাজাবাজার এলাকায় যত গুলো কুস্তির আখড়া আর ব্যায়ামাগার ছিল তার সমস্ত যুবক শপথ নিয়েছে বাঁচা ও বাঁচানোর আপন আপন সম্প্রদায়কে। সাম্প্রদায়িক বিদ্বেষের বেনো জল হু হু করে ঢুকেছে মহল্লায় মহল্লায়— মানুষের হাতে মানুষের খুনে লাল হয়ে উঠতে। প্রতিটি মানুষ ভুলে গেছে যে প্রথমে সে একজন মানুষ। রাজনীতি শব্দ তার অর্থ ভুলেছে নেতাদের কেরামতিতে। অখণ্ড বাংলা সরকার এই দাঙ্গা নিয়ন্ত্রণে স্পষ্টত যে ভূমিকা নিয়েছে তাকে ব্যর্থ বললে কম বলা হয়। ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল মুসলিম লীগ ১৯৪৬-এর ১৬ই আগস্ট দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয়। তৎকালীন অখণ্ড বাংলার প্রশাসন ওই দিন সরকারি ছুটি ঘোষণা করে।  ভারতের মাটি ধর্ম রক্ষার অনুকূল নয়, ভারত শত্রুর দেশ, ভারতে দুটি প্রধান জাতি বাস করে যাদের স্বার্থ পরস্পরের হাতে সুরক্ষিত নয়— এই ধরণের উসকানি মূলক অনৃত ভাষণ মানুষের মগজ গিলে নীল, ফলে নিছক সম্প্রদায় হয়ে উঠল জাতি, বিবিধ আচার হয়ে উঠল ধর্ম আর সেই তুচ্ছ আচারের মরুবালু বিচারের স্রোতপথ গ্রাস করে  মানুষের বোধ দিল থেঁৎলে । বিকৃত মস্তিষ্ক মানুষের দল ভুলে গেল  মানুষের প্রধান ধর্ম বাঁচা ও বাঁচানো। বাংলার বুকে শুরু হল মুষল পর্ব…

#

— ধুর, ঠাকুরমশাই যেন কী , এমন একটা কাজে জুতে দিয়েছে যে কোনো থ্রিল নেই… এই গোবিন্দ… গোবিন্দ রে-এ-এ

—- কী হল চেঁচাচ্ছিস কেন র‍্যা!

— আরে, বসে থেকে থেকে  গাঁটে গাঁটে জং ধরে গ্যাল রে । এ মহল্লার কাটাদের  ধনের জোর নেই। ইমাম সাহেব মাল পুরো চুষে লিইয়েছে— খিক- খিঁক 

— হেইডা কী কইলা সমুদা! উনি না থাইকলে এই মহল্লাটারে ঠাণ্ডা করতি পারতা?

— ধুর বাঙাল চুপ কর, শালা বাঙাল … উড়ে এসে জুড়ে বসেছিস… শালা আমাদের ভাতের থালায় ভাগ বসাচ্ছিস… আমাদের দয়ায় বেঁচে আছিস… আবার উঁচু গলায় কথা বলছিস! চুপ বে

— আ-আ-আঃ সমু। বিহেভ ইয়োরসেলফ। তুই বাড়ি যা। এই সময় তুই নিজেদের মধ্যে বিভেদ করছিস! জেনে রাখ যদি হয় সজ্জন তো তেঁতুল পাতায় দশজন।

— গোবিন্দ-ও-ও-ও … তুই ভুলে যাচ্ছিস যে তুই রায় বাহাদুর হেমেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর পোতির সঙ্গে কথা বলছিস।

— তা রায় বাহাদুরের পোতি হয়ে তুমি কী বালটি ছিঁড়ছ বাওয়া…  ব্রিটিশের জুতো চেটে পাওয়া খেতাবের গর্ব করতে তোর লজ্জা করে না?  ঘরের কোণে তো লুকিয়ে বসছিলি পরশুদিন যখন আমরা লড়ছিলুম দাঙ্গাবাজদের সঙ্গে… গতকাল থেকে মহল্লা ঠাণ্ডা দেখে মাতব্বরি মারতে বেরিয়েছিস… তা তোর ইংরেজ গভর্নর বাপ ফ্রেডারিক বারোজ দাঙ্গা দমনে সেনা নামায়নি কেন? যা যা… বাড়ি যা … গিয়ে অন্দরমহলের ছুঁচোর কেত্তন শুনতে শুনতে কোঁচার পত্তন করগে যা । ফুঃ… জমিদারি… ওরে নামেই তালপুকুর তাতে ঘটি ডোবে না তোদের আর । ফুটানি দেখাসনি। থাকতে হলে থাক নালে ফোট। থুঃ…মানুষের মান রেখে কথা না বলতে পারলে এ্য্যয়সা ক্যালান ক্যলাবো যে উত্তর দক্ষিণ পুর্ব পশ্চিম ঠাহর করতে পারবি না। আমি বিষ্ণু চরণ ঘোষের চ্যালা — আমরা ভুয়ো আওয়াজ দিই না।  

#

—  ওঃ … বুকটা যেন ফেটে যাচ্ছে… গত পরশু সারা দিন-রাত আল্লা হো আকবর হুংকারে সন্ত্রস্ত ছিল উত্তর, পূর্ব ও মধ্য কলকাতা … গতকাল অপরাহ্ন থেকে বেলেঘাটা-হেদুয়া অঞ্চলে আচার্য বিষ্ণুচরণের চ্যালারা পিটিয়ে মেরেছে । বিষ্ণুচরণ নিজে  এ্যাকশানে নামেননি বটে কিন্তু গোপাল মুখোপাধ্যায়, সুবল ঘোষ এঁরা বুঘিয়ে দিচ্ছেন ডাইরেক্ট এ্যকশান কাকে বলে। বন্দেমাতরম, হর হর মহাদেব, বোলে সো নিহাল শুনে আনন্দ হবার বদলে গা গুলোচ্ছে … হাগা পাচ্ছে… সকাল থেকে বার তিনেক গেলুম… বেরুলো না কিচ্ছু খালি বেগ পাচ্ছে… আর পাত্তা দেবনা … হ্যাঁ গা শুনছ… কী গো … ওহে ব্রাহ্মণী শুনতে পাচ্এয়া-

— যা-আ-আ-ই … এই তো বলও, আবার হাগতে যাবে?

—  আরে না গো … হেথা বোসো দিকি 

— উঁ-উঁ-উঁঃ ঢং যেন… চাদ্দিকে নোক মোচ্চে … ককন আমাডেরকেই কুঁচ্চে রেকে যাবে তাৎঠীক নেইকো আর উনি এয়েচেন খোস গপ্পো কত্তে

— না গো গিন্নি … কটা বিষয়ে দ্বন্দ্বে পড়িচি, তোমার সঙ্গে এট্টু আলোচনা কত্তে চাই। 

—  ব্যাবা! আমি মুককুসুককু মানুষ…  আমি তোমার মতো নেকাপরা জানা মনুষ্যকে কী বুদ্দি আর দোবো বলো দিকি? 

— বুদ্ধি দিতে হবে না গো  শুদু তুমি নিজে যেটা ঠিক বলে বুঝবে সেটা বলবে … আচ্ছা এই যে  কাটাকাটি চলছে এটা কি ঠিক হচ্ছে?

— মোট্টেও না। কেন হচ্ছে গা?

—  জাননিত, কদিন পরেই জানতে পাবে… মোদ্দা তোমার মতে এই দাঙ্গা ঠিক হচ্ছে না… তাই ত?

— হ্যাঁ, অবিশ্যি অবিশ্যি খারাপ হচ্ছে।

— বেশ। এবেরে আরেকটা কোসচেন … ভেবে বলবে … বলোতো ধর্ম বদলালে কী মানুষ বদলে যায়?

— এ আবার কী কতা!… এই যে আমদের পাড়ার ঢ্যাম্না নেতাই… মদ, মেয়েমানুষ নে পরে থাকে… ও মোচল্মান কী খেরেস্টান যাই হোক ওর কী ন্যাজ গজাবে নাকি ঢ্যামনামি  ছাড়বে?

— হাঃ-হাঃ-হাঃ তুমি এত সহজ করে ভাবতে পার যে কী বোলব … তালে চলো 

— ওমা কোতা! এই তো ভোর রাত থেকে নেচে-কুঁদে এলে… একন আমাকে নে যাবে নাচাতে! বলি পরিবারের আব্রু বলে এ্যাট্টা কিচু আচে তো নাকি! 

— আরে সে তুমি তো আমার সঙ্গে যাবে তোমার ওই ঘোমটা-টোমটা টেনে, চলো চলো, দেরি করা যাবে না… হ্যাঁ ভাল কতা মনে পড়েছে… মায়ের খাঁড়া মোছার লাল নরম কাপড়টা আচে ত?

— তা আবার থাকবেনি! ক্যান.-অ-অ… ওই কাপর কোন রাজকাজ্জে লাগবে শুনি?

— যেতে যেতে সব বলব… একন চল দিকি … এট্টা পুঁটুলিতে  আলতা পেড়ে একখান, সিঁদুর-আলতা , ধুতি-চাদর, আর মা-র খাঁড়া মোছার কাপড়টা নে চলো

#

—  হাত ধরে ক্যামন হিড়হিড় করে টানতে টানতে নে যাচ্ছে  দ্যাকো … ওরে মিনসে… আমার হেঁটোয় যে বাত … ডাঁড়াও না একটুকুন… হেঁপ্পে গেলুম ত … ও  বাপ গো, এ কোন মোগলের হাতে ফেলেচ ছুট্টে মাল্লে গা … এ্যাই মিন্সে এ্যাই… কোতায় নে যাচ্চো না বল্লে আমি আর যাবুনি

—  ধম্ম কত্তে যাচ্ছি গো গিন্নি তাই তোমাকে সঙ্গে নিইচি, কী যেন বল তুমি … শাস্তর ওই শাস্তরে বলেচে

— তা ধম্ম পুৎতুর কী ধম্ম পালন কত্তে যাচ্চি আমরা? 

— মানব ধর্ম, মানুষকে বাঁচাতে 

— ডাঁড়াও … এটা মসজিদ পাড়ার রাস্তা… বুজিচি, তা তুমি যে বল্লে হোতা সব ঠাণ্ডা, ইমাম সাহেবের কতায় হামলাবাজরা আর আসেনে, আসবেনি বলে গ্যাচে… তাইলে?

— পরশুর তাণ্ডবের জবাবে গতকাল বিকাল থেকে বিষ্ণু ঘোষের চ্যালারা, বউবাজারের গোপাল মুকুজ্জে আর তার বাহিনী একসঙ্গে রাস্তায় নেমেছে আর বেছে বেছে মানুষ মারছে, বস্তি পোড়াচ্ছে । আজ সকাল থেকে মসজিদ পাড়া সহ আরো কয়েকটা বস্তিতে ডিফেন্স স্কোয়াড বসিয়েছি যারা হামলাবাজদের রুখবে কিন্তু কাউকে বিশ্বাস কত্তে পাচ্ছি না, ১৬ তারিখের বদলার আগুন সবার বুকে জ্বলছে, খবর পেলুম রাজাবাজার এলাকায় কুকুর-বেড়াল ছাড়া আর কেউ হেঁটে বেড়াচ্ছে না কিন্তু ইমাম সাহেবের মত মানুষের…

— আর বক্তিমে দিতে হবে নে, সব বুজে গেছি, একন পা চাইলে চলো দিকি। 

… ওঁরা চলেছেন, ভ্রাতৃ রক্তে পঙকিল অখণ্ড বাংলার ভাঙা পথ বেয়ে, ওঁদের  প্রতি পদক্ষেপে ফুটে উঠছিল কমলার ফুল… দেবী কমলা ওঁদের পদযুগল সাজিয়ে দিচ্ছিলেন রেণুতে-রেণুতে … 

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *