ছ’য়ের দশকে বহুরূপীর রবীন্দ্র নাটক ও শম্ভু মিত্রের নাটক – প্রযোজনা

কৃষ্ণপদ দাস

দ্বিতীয় পর্ব

(খ) রাজা

“রাজা নাটককে বলা হয়েছিল ‘অন্ধকারের নাটক । স্বভাবতই আমাদের প্রশ্ন জাগে শম্ভু মিত্রের অনুসন্ধানে অন্ধকারই কি আরদ্ধ ? মহৎ শিল্পীর তপস্যা তো আলোর তপস্যা, তবে কেন এই অন্ধকারের আহ্বান ? অন্ধকার তো মহৎ শিল্পীর নাট্যভাবনাকে কলঙ্কিত করে । আসলে এই ‘অন্ধকার’ শব্দটি শম্ভু মিত্রের অনুভবে দার্শনিক তাৎপর্য নিয়ে ধরা দিয়েছিল । এই অন্ধকার সূর্যের অবর্তমানে যে তমসা, তা নয় । আলোর বিপরীতার্থক শব্দও নয় । এই অন্ধকার মুদিতনেত্র যোগীর ধ্যানের জগতের অন্ধকার। বাইরের জগতের কোলাহল ও তুচ্ছতা থেকে সরে এসে আমরা যখ ডুব দিয়ে কোনও সত্যকে উপলব্ধির চেষ্টা করি, তখন মনের ভেতরের অন্ধকার কিন্তু শূন্যতার রূপ নয়, সত্যকে আবিষ্কার করার একটি উপযোগী পরিমণ্ডল। শম্ভু মিত্র এই সত্যের উপলব্ধির অন্ধকারের দ্যোতনা পেয়েছিলেন ‘রাজা’ নাটকের মধ্যে । এই অন্ধকার আসলে আলোতে ফিরে আসার পথ। তাই ‘এ আঁধার আলোর অধিক । ‘রাজা’ নাটকের মধ্যে এই ভাবনাই প্রতিফলিত।—

বহুরূপী প্রযোজিত ‘রাজা’ নাটকটি অসম্ভব মঞ্চ সাফল্য পেয়েছিল সেই সময়। তার একটি কারণ রবীন্দ্রনাথকে শম্ভু মিত্র অনুভব করেছেন এক অন্য মন নিয়ে । এ প্রসঙ্গে রঞ্জন গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য প্রণিধানযোগ্য—

“রাজা’ নাটকের প্রয়োগেও তিল তিল করে শম্ভু মিত্র সৃজন করেছেন রবীন্দ্রনাথের দার্শনিক প্রত্যয়ের মনোভূমি। আলো, মঞ্চ, সঙ্গীত, পোশাক, কারুকৃতি, চরিত্র বিন্যাস আর অভিনয় সব মিলিয়ে সে এক অনন্তের সন্ধান অনিঃশেষের দৃশ্যকাব্য । রবীন্দ্রনাটকের অন্তরের সুখ দুঃখের-ভালোবাসার কাব্য হয়ে আলো ছড়িয়েছিল এখানে, যে আলোয় হারিয়ে যাওয়া পথ পাওয়া যায়, যে পথ মানুষকে পূর্ণ করে তোলে, যে পথে সব ক্ষুদ্রতা-তুচ্ছতার বাঁধন টুটে যায়।” ১১

যাই হোক, ‘রাজা’র অভিনয়ে বহুরূপীর শিল্পীরা চেষ্টার ত্রুটি রাখেননি। বিশেষত শম্ভু মিত্রের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছিল। সন্তোষকুমার ঘোষ দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’য় ১৭ জুন মন্তব্য করেন—

“…. এই নাটকে ‘রাজা’ও একটি নিয়ত উপস্থিতি— শ্রী শম্ভু মিত্রের সুষ্ঠু ও নিষ্ঠাবান উচ্চারণে বারবার তার অমোঘ; অভ্রান্ত আবির্ভাব…।” ১২

শম্ভু মিত্র তথা এই বহুরূপী নাট্যদলই রবীন্দ্রনাটককে পেশাদারি মঞ্চে সাফল্য এনে দিয়েছিল । একটা সময় ছিল রবীন্দ্রনাথের এই সব রূপক নাটকগুলি বাংলা রঙ্গমঞ্চে প্রায় ব্রাত্য ছিল । তার গীতিনাট্য ও নৃত্যনাট্য বহুল পরিমাণে এবং উপন্যাসের নাট্যরূপও শিশিরকুমার পূর্ব বাংলা মঞ্চে অভিনীত হলেও বিভিন্ন পত্রপত্রিকার সমালোচনা থেকে জানা যায়, রবীন্দ্রনাটকের জনপ্রিয়তার অভাব সম্পর্কে তারা সচেতন ছিলেন । যেমন ‘নাচঘর’ পত্রিকা বলেছে—

“রবীন্দ্রনাথের নাটকের মর্মগ্রহণ করবার মতো শিক্ষার উৎকর্ষ ও রসবোধ এদেশের দর্শক সাধারণের নেই…” ১৩ 

গ্রুপ থিয়েটার আন্দোলন রূপে গড়ে ওঠার পর, প্রথমে বহুরূপী, তারপর একে একে বহু দলের রবীন্দ্রনাটকের এই নিরীক্ষা বাঙালির রুচিবোধ, সংস্কৃতি সচেতনতা ও রবীন্দ্রনাথের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসাকেই প্রমাণ করে । তবে বহুরূপীর প্রচেষ্টাগুলো যে সমকালীন অন্যান্য দলেরও অনুপ্রেরণা রূপে কাজ করেছে সে ব্যাপারে নিঃসন্দেহ হওয়া যায়। এ প্রসঙ্গে কুমার রায় বলেছেন—

“রবীন্দ্রনাথের নাটককে আমরা মঞ্চে পুনরাবিষ্কারের জন্য গৌরব করতে পারি । পারি, কিন্তু একটি একটি মাত্র সংস্থার সুবাদে । সে সংস্থা বহুরূপী, এবং তার রূপকার-নির্দেশক-অভিনেতা শম্ভু মিত্র।” ১৪

শম্ভু মিত্র কর্তৃক রূপান্তরিত ও পরিচালিত নাটকের পরিচয়

শম্ভু মিত্রের বহুরূপীর শুধুমাত্র রবীন্দ্রনাটকের প্রযোজনা তথা রবীন্দ্রনাটকের কথা এতক্ষণ আলোচিত হল । শম্ভু মিত্রের মৌলিক নাটকসহ তাঁর নাট্যভাবনার কথা না বললে বোধহয় আলোচনাটি খণ্ডিত থেকে যায় । তাই সেকথা এখানে বর্তমানে বলবার চেষ্টা করছি । তবে শম্ভু মিত্রের সারাজীবনের সৃষ্টি নিয়ে এখানে আলোচনা করার অবকাশ নেই, শুধুমাত্র ছয়ের দশকে শম্ভু মিত্রের নাটক ও নাট্যাভিনয় নিয়ে আলোচনা করা হবে।

বহুমুখী প্রতিভার দ্যুতিতে শম্ভু মিত্রের সৃষ্টিশীল জীবন আলোকিত হয়ে উঠেছিল । তিনি যে কেবল নাট্য-নিদের্শনার ক্ষেত্রে বাংলা ভাষা তথা ভারতীয় আধুনিক থিয়েটারের জনক ও তার শ্রেষ্ঠতম রূপনির্মাণ করেছিলেন তাই-ই নয়- চলচ্চিত্র, আবৃত্তি ও সাহিত্যকর্মেও তিনি ছিলেন এক উজ্জ্বল ব্যক্তিত্ব । নাট্য-নির্দেশনার পাশাপাশি নাটক রচনাতেও অসামান্য পরিচয় রেখেছেন । নাট্যরূপ, অনুবাদ, রূপান্তর এবং মৌলিক নাটক নির্মাণের এই বিচিত্র প্রবাহে তিনি অবগাহন করেছেন । তার এই বিপুল কর্মের সামান্যতম অংশের পরিচয় এখানে তুলে ধরা হবে।

বিশ শতকের ছয়ের দশকের প্রারম্ভে রবীন্দ্রজন্মশতবর্ষ উপলক্ষে শম্ভু মিত্রের পরিচালনায় বহুরূপী রবীন্দ্ৰনাটক প্রযোজনা করে । পরবর্তীতে তার সংখ্যা আরো বেড়ে যায় । সেকথা আমরা পূর্বেই উল্লেখ করেছি । যাই হোক রবীন্দ্ৰনাটক বাদ দিলে ছয়ের দশকের প্রারম্ভে শম্ভু মিত্র পরিচালিত ও অভিনীত নাটকগুলির একটি ‘দশচক্র’ । ১৫ এই সময় অর্থাৎ ১৯৬২ সালের ২৮ অক্টোবর নিউ অ্যাম্পায়ারে নব পর্যায়ে ‘দশচক্র’ নাটকটি মঞ্চস্থ হয় । নতুনভাবে বিন্যস্ত সঙ্গীতের পথ ধরে সমগ্র অভিনয়কে এই নাটকে বেঁধেছিলেন পরিচালক । ডাক্তার পূর্ণেন্দু গুহ-র ভূমিকায় শম্ভু মিত্র যখন উপযুপরি ‘Strike the tent’ এবং ‘one must bear one’s own cross to the calvary’ বাক্য দুটি যোজনা করেন, সমগ্র প্রযোজনাটি যেন— 

“আবেগ ও বুদ্ধি, হৃদয় ও বোধিকে আশ্রয় করে এক আত্মপ্রতিষ্ঠ মানুষের দুর্মর আশার, নিরন্তর সংগ্রামের নাটক হয়ে ওঠে।” ১৬ 

এখানে একটু বলে রাখা প্রয়োজন ছয়ের দশকে রবীন্দ্রনাটক বাদে শম্ভু মিত্র নর্দেশিত প্রথম নাটক ‘কাঞ্চনরঙ্গ’। নাটকটি শম্ভু মিত্র এবং অমিত মৈত্রের যৌথ চরনা । ১৯৬১ সালের ২৪ জানুয়ারি বিশ্বরূপা মঞ্চে নাটকটি প্রথম অভিনীত হয়। নাটকটি সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় লিখেছিলেন—

“…..সামগ্রিক বিচারে কাঞ্চনরঙ্গ’বহুরূপী-র একটি মনোহারী সৃষ্টি । বিশেষত পরিচালনা বাবস্থাপনা ও অভিনয়ের দিক হইতে নাটকটিকে নিখুত বলিলেও অত্যুক্তি হইবে না…। ‘কাঞ্চনরঙ্গ’ কাঞ্চনের চেয়ে জীবনের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়াছে।” ১৭

এরপরে ১৯৩০ সালের ১২ জুন নিউ এম্পায়ারে মঞ্চস্থ হয় ‘রাজা অয়দিপাউস’ । সোফোক্লিসের এই নাটকটি অনুবাদও করেন স্বয়ং শম্ভু মিত্র । প্রধান ভূমিকায় অভিনয়ও করেন তিনি নিজে এবং দর্শকদের কাছ থেকে বিপুল অভিনন্দন লাভ করেন । সেই সময় দেশ পত্রিকায় ‘রাজা অয়দিপাউস’সম্পর্কে ছাপা হয়—

“ঈদিপাসের ভূমিকায় শম্ভু মিত্র অসাধারণ অভিনয় করেছেন । ভাগ্যবিড়ম্বিত একটি চরিত্রের স্বগত হাহাকার তার অভিনয়ে অদ্ভুতভাবে ফুটে উঠেছে । এই চরিত্রের মর্মজ্বালা ও অসহায়তা তিনি অবলীলায় তার অভিব্যক্তি ও বাচনভঙ্গিতে প্রকাশ করেছেন । মঞ্চে এই অভিনয় তুলনারহিত।” ১৮

‘রাজা অয়দিপাউস’-কে নিয়ে সে সময় কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, নাটকটিকে কেউ কেউ অশ্লীল ও প্রগতিবিরোধী বলে মন্তব্য করেছিলেন । তবে এ কথাও ঠিক যে ক্ল্যাসিকের বিচার এমন ভাবে হয় না । নাটকটির সপক্ষে রঞ্জন গঙ্গোপাধ্যায় বলেছেন— 

“রাজা অয়দিপাউস মায়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলেন কী করলেন না এটা কোনও বিষয়ই নয় । যুদ্ধজয়ী রাজা রানির অধিকার পাবে, এটাই ছিল তৎকালীন গ্রিস দেশের নিয়ম । মায়ের সঙ্গে যৌন মিলন বা মায়ের গর্ভে নিজের সন্তানের জন্মদান, এ সবই ঘটেছে অয়দিপাউসের অজান্তে । তাই কোনও পাপ বা অন্যায় স্পর্শ করতে পারেনি অয়দিপাউসকে।” ১৯

আসলে অয়দিপাউসের সত্যের তৃষ্ণা, তার দেশপ্রেম এই নাটকের প্রধান বিষয় । অত্যাচারী স্ফিংক্সকে পরাজিত করে থেবাই-এর রাজা হয়েছিল অয়দিপাউস । থেবাই নগরীর জনসাধারণ গভীর কৃতজ্ঞতায় সিংহাসনে বসিয়েছিল সেই আগন্তুক, বীরশ্রেষ্ঠ অয়দিপাউসকে । রাজা হয়ে সিংহাসনে বসাই তার কাল হল । ঘনিয়ে এল মহা বিপর্যয় ।  দেশবাসীকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে উদগ্রীব হয়ে উঠেছিল রাজা । দৈবজ্ঞ পণ্ডিত তেইরেসিয়াসের কণ্ঠে চরম সর্বনাশের সতর্ক বাণীও তাকে নিবৃত্ত করতে পারেনি সত্য-সন্ধান থেকে । আর এখানেই ‘রাজা অয়দিপাউস’ এক মহা ক্ল্যাসিকে উত্তীর্ণ হয়েছে । এখানে বড় হয়ে উঠেছে সত্যের সন্ধান । রাজা অয়দিপাউস সব সীমা আর ক্ষুদ্রতাকে তুচ্ছ করে সত্যের তৃষ্ণায় মহীয়ান হয়ে ওঠেন । সত্যকে জেনেই রাজা অয়দিপাউসের জীবনে নেমে আসে চরম বিপর্যয় । রাজা জানতে পারল, সে পিতৃহন্তা । আপন জন্মদাত্রীর গর্ভে তিনি সন্তানের জন্ম দিয়েছেন । সমাজে কোনও পাপ একা, বিচ্ছিন্নভাবে বসবাস করে না । সত্য উদঘাটন করতে গিয়ে রাজা খুঁজে পেল, এই পাপের উৎসে রয়েছে সে নিজে । অনুশোচনায়, আত্মধিক্কারে সে নিজেই নিজের চোখ উপড়ে নিল । নাটকের শেষে অন্ধ অয়দিপাউস যখন বলেন যে, নিয়তি আর কী সঞ্চিত রেখেছে তার জন্য, তখন নাটকটি হয়ে ওঠে আরও মর্মস্পর্শী । যুগ যুগ ধরে রাজা অয়দিপাউসের সত্যের সন্ধান আলোকিত করে এসেছে সারা পৃথিবীর দশর্কদের । শম্ভু মিত্র ‘রাজা অয়দিপাউস’ অভিনয় করে সেই অসামান্য অভিজ্ঞতায় নিয়ে এসেছিলেন বাঙালি দর্শকদের । বাঙালি দর্শক সেদিন ক্ল্যাসিকের বিশালতায় অবগাহন করেছিলেন।

আমরা পূর্বেই আলোচনা করেছি যে ছয়ের দশকে জাতীয় ও আন্তর্জাতিক জীবনে দেখা দিয়েছিল নতুট সঙ্কট । সাম্যবাদী শিবিরে ফাটল, ভারত-চিন সম্পর্কের মধ্যে তিক্ততা, ভারতের কমিউনিস্ট পার্টিতে ভাঙন নতুন নতুন সমস্যার সৃষ্টি করল । জাতীয় জীবনের সে এক তমসাচ্ছন্ন ছবি । উৎপল দত্ত ‘কল্লোল’ প্রযোজনা করে এই অন্ধকারে নবতর প্রত্যয়ের আলো জ্বেলেছিলেন । শম্ভু মিত্রও ‘রাজা অয়দিপাউস’ এবং ‘রাজা অভিনয় করে সেই প্রত্যয়ের এবং সম্ভাবনার আলোই জ্বেলেছিলেন । উৎপল দত্ত এবং শম্ভু মিত্র দুজনেই সত্যকে খুঁজেছেন । দুজনের প্রকাশ আলাদা কিন্তু লক্ষ্য একই । কল্লোল’ নতুন যুগের ক্ল্যাসিক হয়েও শার্দুল সিং-এর শৌর্য, সাহস, ত্যাগ, ভালোবাসায় কোথায় যেন চিরকালীন ব্যাপ্তি পেয়ে যায় । আর ‘রাজা’, ‘রাজা অয়দিপাউস’ চিরকালের চির প্রাসঙ্গিক । বিশ্ব নাট্য-সাহিত্যে যা অতুলনীয়।

‘রাজা অয়দিপাউস’ নাটকটির মাধ্যমে শম্ভু মিত্র বাংলা থিয়েটারকে উপহার দিয়েছিলেন এক অনন্য অভিজ্ঞতা । অভিনয়, আলো, আবহ, মঞ্চ, পোশাক— সব মিলিয়ে এক সাঙ্গীতিক ঐকতান । রাজা অয়দিপাউস ও রানি ইয়োকাস্তের ভূমিকায় শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের অভিনয় সেদিন বাংলা থিয়েটারকে বিস্মিত করেছিল । আজও বিস্ময়ের সেই দুই ধ্রুপদী চরিত্রের অভিনয় । পৃথিবীর যে কোনও শ্রেষ্ঠ অভিনয়ের সমকক্ষতার দাবি করে সেই অভিনয়।

প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সাঙ্গীতিক ঐকতান গড়ে তোলা হয়েছিল । আলো, আবহ, মঞ্চ, পোশাক, অভিনয়, কারুকৃতি অভিনেতাদের বিন্যাস সব মিলিয়ে এক ভিন্ন রকমের ছন্দ গড়ে উঠেছিল সেই প্রযোজনায়। শম্ভু মিত্রের নির্মাণ ও সৃজনে সমগ্র । নাটকটি অসামান্য হয়ে উঠত । অভিনয়, মঞ্চ এবং সাজপোশাকের ক্ষেত্রে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সেতুবন্ধন তৈরি করা হয়েছিল। ‘রাজা অয়দিপাউস’ প্রযোজনাটি সম্পর্কে কুমার রায়ের একটি মন্তব্য এখানে উল্লেখ্য—

“মধ্য মঞ্চ থেকে শুরু করে মঞ্চ গভীর পর্যন্ত মঞ্চজোড়া পাটাতন ধূসর কাপড়ে ঢাকা। রঙ্গ শীর্ষে মধ্যিখানে লালচে মেরুন রঙের দুটি বৃহৎ থাম, স্বল্প-অলঙ্কৃত। কয়েক ধাপ সিঁড়ি থামের মধ্য স্থানে পাটাতনের ওপর থেকে উঠে গেছে।… অভিনেতার ডানদিকে অন্দরে যাওয়ার আলোকিত পথ। থামের বাইরে দিয়ে দু’দিকে প্রসারিত কালো পর্দা । মঞ্চব্যাপী পাটাতনের সামনের অংশে রঙ্গস্থলে দু’দিকে খানিকটা ছেড়ে দুটি কিংবা তিনটি ধাপের টানা সিঁড়ি । অভিনেতার ডানদিকে সেই সিঁড়ির ধাপের শেষে একটা ঢালু সরু চাতাল নেমে এসেছে মঞ্চতল ছুঁয়ে । মঞ্চবামে মূল পাটাতনের ওপর একটা প্রার্থনা জানানোর বেদী । সেটার রঙও ধূসর এবং গ্রিক মোটিফের অলঙ্করণ তার গায়ে । দুই থামের ওপরদিকে মধ্যবর্তী স্থানে একটা ছোট মেরুন রঙের ফ্ল্যাট লাগানো থাকত— তার মাঝে দেব আপোল্লোনের প্রতীক সোনালি-হলুদ রঙের সূর্য। ওই সূর্য চিহ্ন যুক্ত ফ্ল্যাটটা লাগানোর ফলে থামের মাঝে একটা প্রবেশ পথের অনুরূপ তৈরি হত। অন্ধকার প্রেক্ষায় যবনিকা উঠতে শুরু করলেই যারা নতজানু হয়ে মূল মঞ্চে, সিড়ির ধাপে, হাতে পল্লব ও পশম নিয়ে বসে থাকত (প্রায় তিরিশ জন) তাদের মুখে। রাজা নাম নিয়ে আর্তনাদ শোনা যেত।” ২০

এই নাটকের আলো নিয়েও ছিল বিস্তীর্ণ ভাবনা । শম্ভু মিত্র এর জন্য আলোক-লেখ (Light Script) তৈরি করেছিলেন। ‘রাজা অয়দিপাউস’-এর ধ্রুপদী বাস্তবতার ক্যানভাসকে ফুটিয়ে তুলতে গভীর, সংযমী আলোর তুলি ব্যবহার করেছিলেন শম্ভু মিত্র। সঙ্গীতের ক্ষেত্রেও তাই। কোনও আবহসঙ্গীত ব্যবহার করতেন না শম্ভু মিত্র। তাঁর নিজের কণ্ঠস্বরে, আবৃত্তির স্পর্শে তুলে ধরতেন অন্তরের সুর আর ছন্দ।

১৯৬৪-তে ‘রাজা’ ও ‘রাজা অয়দিপাউস’ দটি ক্যাসিক নাটক প্রযোজনা করার পর ১৯৬৫-তে শম্ভু মিত্র নতুন কোনও নাটকের কথা ভাবেননি। ‘ছেঁড়াতার’ থেকে শুরু করে পুরনো নাটকগুলি এই সময় পুনর্বার মঞ্চস্থ করা হয় । ১৯৬৬-তেও ‘বহুরূপী নতুন কোনও নাটক মঞ্চস্থ করতে পারেনি। আগের বারের মতোই পুরনো নাটকের অভিনয় হতে থাকে ‘৬৬-তে । ১৯৬৭ সালে শম্ভু মিত্রের নির্দেশনায় বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকটি মঞ্চস্থ হয় । ৭ মে নিউ এমপায়ারে প্রথম অভিনয় হয়। এই নাটকটিতে শম্ভু মিত্র অভিনয় করেননি । নাটকটির বিষয়বস্তু খুব উঁচু মানের একথা সেদিন সবাই মানেননি, কিন্তু শম্ভু মিত্রের পরিচালনার প্রশংসা করেছিলেন সকলেই। তারই অসাধারণ পরিচালনায় ও সম্মিলিত অভিনয়ে বাদল সরকার যে নাট্যকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন সেদিন, তা কিন্তু ভুলে যাবার নয়। বাকি ইতিহাস প্রসঙ্গে ‘দেশ’ পত্রিকায় সে দিন লেখা হয়—

“বহুরূপীর নতুন নাটক ‘বাকি ইতিহাস’ ও যথাবিহিত দর্শকদের আনন্দ দেবে, মুগ্ধ করবে । তবে তা সুপ্রযোজনা, সুপরিচালনা ও সম্মিলিত অভিনয়ের জন্য নাট্যামোদীদের প্রশংসা যতটা পাবে, নাটকের জন্য ততটা নয় ।… শম্ভু মিত্র বুদ্ধিদীপ্ত নাট্য পরিচালনার ছাপ নাটকের প্রতি দৃশ্যেই মেলে । ডিটেল-এর প্রতি তার নজর এবং শ্রী মিত্রের বাস্তববোধ লক্ষ করার মতো।” ২১

১৯৬৮ সালে আবারও পুরনো নাটকের অভিনয় করে বহুরূপী। ১৯৬৯-এ নীতীশ সেন নামে আর এক নতুন নাট্যকারের লেখা ‘বর্বর বাঁশি’ নাটকের পরিচালনা করেন শম্ভু মিত্র। নতুন নাট্যকারের নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে শম্ভু মিত্র পূর্বেও ঝুঁকি নিয়েছেন (বাদল সরকারের ক্ষেত্রে), এবারও নিলেন। ১৯৬৯-এর ৭ মে কলামন্দিরে ‘বর্বর বাঁশি’ মঞ্চস্থ হল। শম্ভু মিত্র আবার প্রমাণ করলেন তাঁর নির্দেশনার গভীরতা। ফলে একেবারে নতুন নাট্যকারও সকলের কাছে পরিচিত হয়ে গেলেন।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

ক্রমশ

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *