শ্যামাশিস জানা
জানি, খুব অন্যায় হয়েছে
সে কথা রাখেনি
তারই ফেলে আসা পায়ের ছাপগুলো
আজও হেঁটে বেড়ায় অস্তিত্বের ভেতর;
কি সুন্দর মুছে দিয়েছো সমস্ত ক্ষত চিহ্ন-
ফিঙ্গার প্রিন্ট, ছড়িয়ে পড়া ছিন্নমূল সরষে দানা,
যেন ভুল করেও মাথা তুলতে না পারে কোনো বীজ!
.
যদিও দ্রোহের স্বভাব এখন বদলে গেছে
নিঃশব্দে ছিঁড়ে যায় সমস্ত পালক এবং ডানা
সন্তর্পণে লুকিয়ে রাখি এইসব নিষিদ্ধ উড়ান
.
প্রতিশোধ নিতে সেই বাঁশিওয়ালা আবার ফিরে এল—
এক জাদুকরী সুরে বাঁশি বাজাতেই
মন্ত্রমুগ্ধ হয়ে তার পিছু নিল শহরের প্রতিটি শিশু
তাদের নিয়ে সে চলে গেল এক অজ্ঞাত পাহাড়ের দিকে,
সবাইকে নিয়ে প্রবেশ করল একটি গুহার ভেতর
সেইসব স্বপ্ন-শিশুদের আর কখনো খুঁজে পাওয়া গেল না!
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
