রম্যরচনা
অধ্যায় : ২২
কেন যে শত্রুদের তার ব্যাপারে এত কৌতূহল সে বুঝতে পারে না। তারা তাকে সর্বদাই জ্বালিয়ে মারে। দেখা হলেই বলে,
‘তোমার চলে কী করে বল তো? চাকরি-বাকরি কিছুই তো কর না। দিব্যি বাড়ি বানিয়ে খাওয়া-পরা চালিয়ে যাচ্ছ। টাকা পাও কোথায়?’
অথবা,
‘কাজকর্ম করো না কিছুই, গায়ে হাওয়া লাগিয়ে ধর্মের ষাঁড়ের মত সারাদিন ঘুরে বেড়াও। খাওয়া-পরার খরচ আসে কোত্থেকে?’
এসব জিজ্ঞাসার কী উত্তর হবে হাচিয়া ফাল বুঝে উঠতে পারে না। চুপ করেই থাকে সে। তাতেও কি রেহাই পায়? বোবার শত্রু নেই এই প্রবাদটা তার ক্ষেত্রে মিথ্যে হয়ে যায়। সে চুপ করে থাকলেও লোকেরা তাকে খোঁচানো বন্ধ করে না। কেউ বলে,
‘নিশ্চয়ই প্রচুর ধনসম্পত্তি আছে তোমার। কোথায় লুকিয়ে রেখেছ বল তো?’
আবার অন্য কেউ সন্দেহ প্রকাশ করে,
‘কালো টাকা আছে নাকি তোমার? কালো টাকা থাকা অপরাধ, জানো? জেল ফাঁসি হতে পারে কিন্তু।’
এই লোকগুলো সব তার শত্রু। এসব অপবাদ কত আর মুখ বুজে সহ্য করা যায়? বাধ্য হয়ে তাকে কিছু না কিছু বলতেই হয়,
‘আরে না না, ওই যৎসামান্য কিছু সঞ্চয় আছে। একা মানুষ, তাই দিয়ে কোনক্রমে চলে যায়।’
বলে বটে কথাগুলি, লোকেরা বিশ্বাস করে না। লোক না কচু, সব শত্রু। তারা তাকে ব্যতিব্যস্ত করতে থাকে নানাভাবে। তাদের কথা শুনে মনে হয়, সে একজন আপাদমস্তক মিথ্যেবাদী লোক।
‘বললেই হবে? চাকরি-বাকরি কিসুই করো না, অথচ কোন অভাব নেই। একা হও আর দোকা হও, খাওয়া-পরার খরচ কম? টাকা আসে কোত্থেকে? চাকরি-বাকরি করলে তবুও কথা ছিল।’
হাচিয়া ফাল এই সমস্ত শত্রুস্বরূপ লোকগুলির তাড়নায় অস্থির হয়ে যায়। চুপ করে থাকলেও মুশকিল, কথা বললেও মুশকিল। পালিয়ে যাওয়ার উপায় নেই। যেখানেই সে যায় এমন সন্দেহবাতিক স্বভাবের দু’-চারটে শত্রু ঠিক তার কপালে জুটে যায়। এদের মুখ বন্ধ করা যায় কী করে ?
অনেক ভেবেচিন্তে, অনেক চেষ্টা-চরিত্র করে হাচিয়া ফাল একটা চাকরি যোগাড় করল। সে কিছু না করে বসে বসে খাচ্ছে বলেই লোকদের যত চোখটাটানি, চাকরি করলে যদি তাদের মুখ বন্ধ হয়। চাকরিটা হল, এক অফিসে লেখাপড়ার কাজ। কিন্তু তার কপালগুণে সহকর্মীরা সব শত্রু হয়ে গেল। কারণে-অকারণে সবাই তার পিছনে লেগে থাকে আর কেবল বলে, ‘খাওয়াও-খাওয়াও’। সে একটা নতুন জামা পরলেই সহকর্মীরা সব তাকে ধরে বসে,
‘বাহ্, নতুন জামা পরে এসেছ? খাওয়াতে হবে আমাদের।’
তাদের উৎপাতে সে একই জামা পরে অফিসে যেতে লাগল। তখন আবার সবাই তাকে দেখে বলতে লাগল,
‘একই জামা পরে রোজ রোজ অফিসে আসছ? তোমার কি এই একটাই জামা? দু’-একটা নতুন জামা কিনলেও তো পারো? এত টাকা জমিয়ে কী হবে? এত কিপটে কেন তুমি?’
এই তো গেল জামার প্রসঙ্গ। এছাড়া অন্য ব্যাপারও আছে। তার একবার সর্দি হয়েছিল। তাই দেখে সবাই তাকে ধরে বলল,
‘আমাদের খাওয়াও। পুণ্য কর, সর্দি সেরে যাবে।’
সর্দি সেরে গেলে ওই লোকগুলোই আবার তাকে ধরে বলল,
‘বাহ্, দিব্যি সুস্থ হয়ে গেছো। এই উপলক্ষে খাওয়াও আমাদের।’
সহকর্মীদের এ জাতীয় শত্রুতা হাচিয়া ফালকে একেবারে অতীষ্ঠ করে তুলল। তাও সে মুখ বুঝে সহ্য করতে প্রস্তুত ছিল, কিন্তু তার বসও তার পরম শত্রু হয়ে গেল। সে যা করে তাতেই লোকটা একাধিক ভুল খুঁজে পায় এবং সবার সামনেই তাকে অপদস্থ করতে থাকে, আর সবাই তাতে মজা পেয়ে হাসাহাসি করে যায়। ব্যাপারটা শেষ পর্যন্ত সহ্যের সীমা ছাড়িয়ে গেল যখন বস জানালো যে প্রতিটা ভুলের জন্য তার মাইনে থেকে টাকা কেটে নেওয়া হবে। এই ঘোষণার মাসখানেক পর দেখা গেল তাকে কোন মাইনে দেওয়া হল না, নাকি সে সারা মাস তার কাজে এত ভুল করেছে যে তার জন্য টাকা কাটতে কাটতে মাইনে শূন্য হয়ে গেছে। পরের মাসে দেখা গেল আরও ভয়ংকর ব্যাপার। সে তো বেতন পেলই না, উপরন্ত তাকে জানানো হল যে ভুলের পরিমাণ অত্যধিক হওয়ার জন্য তা মাস মাইনের টাকা ছাপিয়ে অফিসে তার ধার হয়ে গেছে। অতএব হাচিয়া ফাল চাকরি ছেড়ে দিল।
সে যা করে তার শত্রুরা সব জেনে যায়। যেমন জেনে গেল তার চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা। সে চাকরি নেওয়ার পরও সবাই সব জেনে গিয়ে নিত্য তাকে বিরক্ত করে মারছিল এই বলে বলে,
‘এত তোমার টাকা-পয়সা, আবার চাকরি শুরু করলে? অত টাকা রাখবে কোথায়? দান-ধ্যান কর, সমাজের উপকার কর।’
এখন সেই শত্রুগুলোই সে চাকরি ছাড়ার পর তাকে এসে বলতে লাগল,
‘চাকরি ছেড়ে দিলে? এই বাজারে কেউ স্বেচ্ছায় চাকরি ছাড়ে যদি না প্রচুর ধনসম্পত্তি থাকে?’
দুদিন পর সেই শত্রুগুলো তাকে ধরে ধরে বলা শুরু করল,
‘চাকরি ছেড়েও তো দেখছি তোমার কোন অভাব নেই। দিব্যি পায়ের ওপর পা তুলে বসে বসে খেয়ে যাচ্ছ। এত টাকা পাও কোথাও বল তো?’
কেউ কেউ বলতে লাগল,
‘চাকরি ছেড়ে দিলে, কাজকর্ম কিছুই করছ না। তাতে তো খাওয়া-পরা তোমার আটকাচ্ছে না। এত সম্পত্তি পেলে কোথায়?’
শত্রুদের তাড়নায় হাচিয়া ফালের পাগল হয়ে যাওয়ার যোগাড় । কী করা যায় বুঝে উঠতে পারছিল না। পরামর্শ দেওয়ারও কেউ নেই, সব তো শত্রু। পরামর্শ দেবে কে? তারপর হাচিয়া ফাল একদিন ভাবল, সে একটা বড় সাইনবোর্ড বানাবে আর তাতে লিখবে,
‘টাকা পয়সার অত্যন্ত অভাব। খাওয়া-পরা চালাতে পারছি না। খাবার নেই বলে অনশনে আছি। কাপড়-চোপড় কিনতে পারছি না বলে প্রকাশ্য দিবালোকে রাস্তায় বার হতে পারছি না। দিনগুলি খুবই কষ্টে কাটাচ্ছি।’
সেই সাইনবোর্ডটা সে তার বাড়ির সামনে আটকে দেবে ভাবছিল। মুশকিল হল, তাতে শত্রুদের কী প্রতিক্রিয়া হবে সেটাই সে বুঝতে পারছে না। এই জন্য সাইনবোর্ডটা বানাতে বা টাঙাতে তার এত দেরি হচ্ছে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
(পরবর্তী অংশ আগামী সংখ্যায়)
![]()
