দীপান্বিতা
লুইস আরাগঁ
একসময় ফ্রান্সে সাররিয়ালিজম আন্দোলন জন্ম নিয়ে ছড়িয়ে গিয়েছিল বিশ্বজুড়ে। তার সঙ্গে দাদাইজম-এর কথাও বলা যায়। এই নতুন ভাবধারাগুলি প্রতিষ্ঠার পিছনে লুইস আরাগঁ বড় ভূমিকা পালন করেছিলেন। পল এলুয়ার্ড, আন্দ্রে ব্রেটন, লুইস বুনুয়েল প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে মিলে তিনি জন্ম দিয়েছিলেন সাররিয়ালিজমের। বিংশ শতাব্দীর বুদ্ধিজীবী মহলের আদর্শ ব্যক্তিত্ব, কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক লুইস আরাগঁর জন্ম প্যারিস শহরে ১৮৯৭ সালে। ১৯১৬ সালে গ্র্যাজুয়েট হওয়ার পর প্যারিস বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিষয় নিয়ে পড়াশোনা করেন। প্রথম বিশ্বযুদ্ধে সহকারী চিকিৎসক হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন।

সাররিয়ালিস্ট কবি আন্দ্রে প্রেটসের সঙ্গে থেকেই তিনি দাদাইজম ও সাররিয়ালিজম সম্পর্কে বিশেষভাবে সচেতন হয়ে ওঠেন। সনাতন সমস্ত মূল্যবোধ ও প্রতিষ্ঠান বিরোধী এইসব ভাবধারা বুর্জোয়া ধ্যানধারণারও প্রবল বিরুদ্ধাচরণ করতে থাকে। চিত্রশিল্পী পিকাসোর সাফল্যের পর তিনি অ্যানিসেট উপন্যাস লেখেন যেখানে পিকাসোর প্যারোডি হিসেবে থাকে ব্লিউ চরিত্র। লে মুভমেন্ট তাঁর পরবর্তী লেখা যেখানে দাদাইজমের ভূমিকা লেখার ক্ষেত্র বলা হয়েছে। উপন্যাস লে পেইসান দি প্যারিস পরবর্তী রচনা যেখানে প্যারিস শহরের সমস্ত আরকেড ও পার্কগুলির উপস্থিতি ঘটেছে বিশেষভাবে। তিনি নতুন ধরনের একটি উপন্যাস রচনার চেষ্টায় মেতে ওঠেন যা রচনারীতির সমস্ত সনাতন নিয়ম ভেঙ্গে দেবে, যেখানে না থাকবে কোন গল্প না থাকবে কোন চরিত্র।
অনিবার্যভাবে সাররিয়ালিজম আন্দোলন শেষ পর্যন্ত মার্কসিজমের দ্বারস্থ হয়ে পড়ে যেহেতু দু ধারাতেই প্রচলিত বিধিব্যবস্থার পরিবর্তে নতুন ধ্যানধারণা খুঁজে পাওয়ার চেষ্টা রয়েছে। অন্য সব ইন্টেলেকচুয়ালদের মত তিনি ১৯২০ দশকে কমিউনিস্ট পার্টিতে যোগদান করে এবং ১৯৩০ সালে সোভিয়েত ইউনিয়নে ঘুরে ফ্রান্সে ফিরে ভ্লাডিমির মায়াকোভস্কির প্রভাবে প্রভাবিত হয়ে মহা উদ্যমে দা রেড ফ্রন্ট কবিতা লিখে ফেলেন। অবশ্য তার জন্য তাঁকে সরকারিভাবে হেনস্থাও ভোগ করতে হয়েছিল।
রাশিয়া প্রীতি তাঁর জীবন সঙ্গিনী নির্বাচনেও প্রভাব ফেলে। এমনিতে বেশ কিছু সম্পর্কে তিনি আগেই জড়িয়েছিলেন, কিন্তু রাশিয়ায় জন্ম লেখিকা এলসা ট্রায়োলেট-এর সঙ্গে তাঁর সম্পর্ক স্থায়ী হয় ৪০ বছর।
সোভিয়েট ভ্রমণ থেকে ফিরে আসার পর সাররিয়ালিস্টদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। এ সময় রেটনকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত করা হলে আরাগঁর সঙ্গে তাঁর কথা পর্যন্ত বন্ধ হয়ে যায়। ১৯৩০ এবং ১৯৪০ দশকে লেখা উপন্যাসে সমাজতান্ত্রিক বাস্তবতাকে ফুটিয়ে তোলেন তিনি। স্টালিনের অন্ধ ভক্ত হয়ে যান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে ওঠে তিনি তাতে সামিল হয়েছিলেন। যুদ্ধের পর লেস কমিউনিস্টেস নামে একটি নতুন ধরনের উপন্যাস লেখেন যাতে থাকে সংবাদপত্রের রিপোর্ট, সম্পাদকীয় ও কমিউনিস্ট পার্টির বক্তৃতাসমুহ। ফরাসি কমিউনিস্ট পার্টিকে বিশেষভাবে সেবা করার স্বীকৃতি হিসেবে তাঁকে লেনিন পিস প্রাইজ দেওয়া হয়।
জীবনের শেষ দিকে আরাগঁর কমিউনিজম প্রীতি ধাক্কা খায়। ১৯৬৮ সালে সোভিয়েত রাশিয়া চেকস্লোভাকিয়াতে থাবা বসালে তিনি সরকারিভাবে তা নিন্দে করেন। স্টালিনের অন্ধভক্ত শেষে স্টালিনিজমে আস্থা হারিয়ে ফেলেন। শেষ উপন্যাসে তিনি সমাজতান্ত্রিক বাস্তবতার বিরুদ্ধে বিষোদগার করেন। সার্ত্রে তাঁকে কিউবাতে যেতে বললে তিনি বার্ধক্যের অজুহাতে তা এড়িয়ে যান। ১৯৮২ খ্রিস্টাব্দে প্যারিসেই তাঁর মৃত্যু হয়।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
