পায়েল সরকার বিশ্বাস
আমি প্রতিটা দিন তোমার প্রেমে পড়ছি!
কখনো একটু আধটু কখনো বা আর একটু বেশি করে।
আমি প্রতিদিন তোমার প্রেমে পড়ছি!
হলুদ রঙা প্রেম জড়ানো বিকেলে
শীত শেষে শিহরিত বসন্তে।
সম্পর্কের মরচে শিরিষ কাগজে ঘষে,
আবার নতুন করে,
অতীত খুঁড়ে তাতে
প্রেমের অবলা চারা বসিয়ে,
নিত্য নতুন যত্ন করে
আমি প্রত্যেক দিন তোমার প্রেমে পড়ছি।
রাতের অন্ধকারে শূন্যবালিশে
তোমার অবয়ব এঁকে,
ছুঁতে চাওয়ার মিথ্যে অনুভবেও
আমি রোজ রোজ তোমার প্রেমে পড়ছি।
শিরায় শিরায় তোমার অনুপস্থিতির জেরে,
না পাওয়াতেই আত্মপক্ষ সমর্পণে,
শূন্য আকাশে তোমার প্রেম ছেটানোর কল্পনাতেও
আমি অবিরাম তোমার প্রেমে পড়ছি।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
