মারুফ আহমেদ নয়ন

গভীর সমুদ্র সাম্পানে,

উড়ুক্কু মাছের চোখকে লক্ষ্য করতে বলেছ।

আমার পেশা উদ্যানকর্মী—

অরণ্যে লেডিবাগদের উড়াউড়ি শেখাই,

কাঠের হাঁসদের জলাভূমি চিনিয়ে দিই,

বানরদের শেখাই অঙ্গভঙ্গি ও যোগাযোগ।

দেহে আমিষের ঘ্রাণ লাগাবো না,

বলে ফিশিং ট্রলার থেকে পালিয়ে এসেছি।

কৃষিকাজ জানি না,

বলে লবণ খেতে যাই না।

দীর্ঘ অবসরে তোমার মুখশ্রী মনে পড়ে।

আমাকে ভেবেছিলে এক লায়ারবার্ড—

তাই জিগস পাজল সাজাই, আর জলোচ্ছ্বাস দেখি।

একদা তোমার প্রেমে পড়েছিলাম,

যেমন পপি ফুলের মায়ায় পড়েছিল টিয়া পাখি।

রস পান শেষে, উড়াউড়ি করে ঢলে পড়ে

বেগুনি পাপড়ির নির্যাসে—

যেমন তোমার শরীরে ঢলে পড়ি আমি,

যেমন চাঁদ ঢলে পড়ে দূর পাহাড়ি খাদে। প্রতিভাস ম্যাগাজিন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *