চার্লস বুকোস্কি
ভাষান্তর : ইলিয়াস মাহমুদ

এক রাতে সে দরজায় এলো—ভেজা, রোগা, মার খাওয়া আর
আতঙ্কিত—
সাদা, ট্যারা চোখ, লেজহীন একটা বিড়াল।
আমি ওকে ভেতরে নিলাম,  খেতে দিলাম , আর ও থেকে গেল।
 ওর বিশ্বাস জন্মাতে শুরু করল আমার প্রতি, যতক্ষণ না
আমার এক বন্ধু  বাড়ীর সামনের রাস্তায় গাড়ি দিয়ে
ওকে চাপা দিল
আমি তার অবশিষ্টাংশ নিয়ে এক পশু চিকিৎসকের কাছে গেলাম
 সে বলল, “”বেঁচে থাকার সম্ভাবনা খুব কম … তাকে এই বড়িগুলো দিন… তার মেরুদণ্ড
 ভেঙে গুঁড়ো হয়ে গেছে, কিন্তু এটা আগেও একবার ভেঙেছিল  এবং কোনোভাবে
জোড়া লেগেছিল, যদি সে বেঁচেও থাকে কোনোদিন হাঁটতে পারবে না , দেখুন
এই এক্স-রেগুলো
  তাকে গুলি করা হয়েছিল,  দেখুন এখানে, গুলির ছররাগুলো
 আছে  এখনো সেখানে … আর, একসময় তার একটা লেজ ছিল, কেউ  
সেটা কেটে ফেলেছে…”
আমি বেড়ালটাকে ফেরত নিয়ে এলাম, সেটা ছিল একটা তপ্ত গ্রীষ্মকাল,
 গত কয়েক দশকের মধ্যে অন্যতম উষ্ণতম, আমি তাকে বাথরুমের মেঝেতে রাখলাম,
 জল আর বড়ি দিলাম,  ও খেল না,
জল ছুঁলও না। আমি জলে আঙুল ডুবিয়ে
ওর মুখ ভিজিয়ে দিলাম আর ওর সাথে কথা বললাম।
 আমি কোথাও গেলাম না, বাথরুমে অনেকখানি সময় কাটালাম আর তার
সাথে কথা বললাম আর আলতো করে তাকে ছুঁয়ে দিলাম আর সে আমার দিকে
 ফিরে তাকাল তার সেই ফ্যাকাশে নীল ট্যারা চোখ দুটো দিয়ে
আর দিন যেতে লাগল…
 সে তার প্রথম নড়াচড়াটা করল
সে তার সামনের পা দিয়ে নিজেকে টেনেহিঁচড়ে সামনের দিকে নিয়ে গেল
(পেছনের পা দুটো কাজ করছিল না)
সে লিটার বক্সের     কাছে   পৌঁছে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকল।
 মলমূত্র ত্যাগের  বক্সের  কাছে  পৌঁছে  সে
হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে গেল,
ব্যাপারটা  যেন ছিল বাথরুমের ভেতর থেকে সারা শহরে ছড়িয়ে পড়া
বেজে উঠল  এক সম্ভাব্য বিজয়ের তূর্যধ্বনি,
আমি বিড়ালটার সাথে নিজেকে মেলাতে পারলাম—
 জীবনটাও খুব খারাপ কেটেছিল, অতটা
খারাপ নয় কিন্তু যথেষ্ট খারাপ
একদিন সকালে সে ঘুম থেকে  উঠে দাঁড়াল
আছাড় খেয়ে পড়ে গেল
 শুধু আমার দিকে তাকিয়ে রইল।
 “তুমি পারবে।”  আমি তাকে বললাম,
সে চেষ্টা চালিয়ে গেল, উঠল, আবার পড়ে গেল, অবশেষে
সে কয়েক কদম হাঁটল, সে ছিল একটা মাতালের মতো,
 পেছনের পা দুটো যেন চলতেই চাইছিল না  আর সে আবার পড়ে গেল, বিশ্রাম নিল,
 তারপর উঠে দাঁড়াল।
বাকিটা তো আপনারা জানেনই: এখন সে আগের চেয়েও ভালো আছে, ট্যারা চোখ,
 প্রায় দাঁতহীন, কিন্তু সেই সাবলীলতা আবার ফিরে এসেছে, আর তার চোখের সেই চাউনি
 কখনো মুছে যায়নি…
 আর এখন মাঝে মাঝে আমার সাক্ষাৎকার নেওয়া হয়, তারা
জীবন আর সাহিত্য নিয়ে শুনতে চায়, আর আমি মাতাল হয়ে আমার সেই ট্যারা চোখ
গুলি খাওয়া, গাড়ি চাপা পড়া, লেজকাটা বেড়ালটাকে উঁচিয়ে
তুলে ধরে বলি, “দেখুন, এটা দেখুন!”
 কিন্তু ওরা বোঝে না, ওরা বলে,
 “তুমি বলছ তুমি সেলিনের দ্বারা প্রভাবিত হয়েছ?”
 “না,” আমি বেড়ালটাকে উঁচিয়ে ধরি, “যা ঘটে তা দিয়ে,
 এইরকম জিনিস দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে!”
 আমি বেড়ালটাকে ঝাঁকাই, তাকে উঁচিয়ে ধরি
 ধোঁয়াটে আর মাতাল আলোর নিচে, সে একদম শান্ত থাকে, সে জানে…
 ঠিক তখনই সাক্ষাৎকারগুলো শেষ হয়ে যায়
যদিও পরে যখন ছবিগুলো দেখি তখন মাঝে মাঝে গর্ব হয়;
 সেখানে আমি আছি, বিড়ালটাও আছে, আর আমাদের দুজনকে
 একসাথে ছবি তোলা হয়েছে।
সেও জানে যে এসবই আবোল তাবোল কথাবার্তা কিন্তু
 কোনো না কোনোভাবে এই সবকিছুই কাজে দেয়।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

( হেনরি চার্লস বুকোস্কি  ছিলেন একজনজার্মান-আমেরিকান কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার। তাঁর লেখা তার দত্তক শহর  লস অ্যাঞ্জেলেসের। বুকোস্কির রচনায় দরিদ্র আমেরিকানদের সাধারণ জীবন, লেখালেখি, মদ্যপান, নারীদের সাথে সম্পর্ক এবং কাজের একঘেয়েমি তুলে ধরা হয়েছে। টাইম বুকোস্কিকে “আমেরিকান নিম্নবর্গের সাহিত্যিক ” বলে অভিহিত করেছে। দ্য নিউ ইয়র্কারের অ্যাডাম কার্শ লিখেছেন, “বুকোস্কির আকর্ষণের রহস্য তিনি স্বীকারোক্তিমূলক কবির অন্তরঙ্গতার প্রতিশ্রুতির সাথে পাল্প -ফিকশন নায়কের অতিমানবীয় আত্মবিশ্বাসের সমন্বয় করেন।”)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *