সুতপন চট্টোপাধ্যায়

    কাজল

ট্রেনটি প্লাটফর্মে ঢোকে ঠিক সাতটায়। তার মধ্যেই মায়ের সারা দিনের খাবার, স্নানের জল, নেশার বিড়ি সব গুছিয়ে রেখে তবেই ফুলের ব্যাগ হাতে ইস্টিশানের দিকে রওনা হয় কাজল। বাড়ি থেকে দূরে ট্রেনের মুখটা জঙ্গলের ভিতর থেকে দেখা গেলে, ঠিক সেই সময় প্লাটফর্মের সিঁড়িতে পা না দিলে ট্রেন ফেল অনিবার্য। কাজল সেটা জানে। তাই সে ভোরে আগে ওঠে। আজ একটু দেরি হয়েছে। মেজাজটা বিগড়ে আছে কাজলের।

কাজলকে আপনারা চেনেন। সেই যে মেয়েটা হাসানপুরের মাঠের আল ভেঙে কুয়াশা কাটিয়ে গুটি গুটি পায়ে হাওড়া হাটে ফুল বিক্রি করতে যায়।বয়স আর কত হবে? সতেরো। সাঁওতাল ঘরে জন্ম হলে কি হবে, পিঠ ছাপানো চুল, টানা চোখ আর স্বাস্থ্যবতী কাজলকে দেখলেই ইস্টিশানের ছেলেরা ড্যাব ড্যাবিয়ে তাকিয়ে থাকে। সাহস করে এগিয়ে আসে না, পিছন থেকে টিটকারি মারারও সাহস করে না। তার যাতায়াত এমনই দৃপ্ত ভঙ্গির।  অথচ জানেন, কাজলের মনটা অনেকটাই ফুলের মত। কাউকে সে জোরে কথা বলে না, চড়া গলায় মাকেও কোনদিনও বকেনি। মা যে রাতে কাশে, অথচ দিনে বিড়ি খায়, সেটা অন্যায় মাকে মনে করিয়ে দেয়। বারণ করে না।  যদিও জোর করা তার হক। তবুও।  

আজ সাতসকালে কাজল মা হেমবতীর জন্য খাবার রাখতে রাখতে বলল, আমার আজ ফিরতে দেরি হবে। বিকেলও হতে পারে। চিন্তা কোরোনি। ঠিক চলে আসব। হেমবতীর বিশ্বাস কাজল ঠিক ফিরে আসবে। তাই সংক্ষিপ্ত উত্তর দিল, হু।

মেয়েকে নিয়ে কি হেমবতীর চিন্তা নেই? আছে… জন্মের পর থেকে সে বাপ সতীশ সাঁওতালের চোখের মনি। বিয়ের অনেকদিন পর এই সন্তান, সতীশের আল্লাদ দেখে কে! সে দিনটা  হেমবতীর খুব মনে পড়ে। মাঝে মাঝেই মনে পড়ে। সারা রাত হাড়িয়ার ফিস্টি বসিয়েছিল সতীশ। সারা রাত নেশায় বুদ। বন্ধুদের নিয়ে নেচে ছিল রাতভোর। শেষ রাতে গোয়ালের পিছনে ঘুমন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে। ঘুম ভেঙে চিৎকার করে উঠেছিল, বেটি কই?  

–আতুর ঘরে। 

সেখানেই সতীশ বলেছিল হেমবতীকে, দেখিস, দেখিস, আমার বেটি একদিন ইস্কুলের মাস্টার হবে। মনে মনে হেসেছিল হেমবতী। গরীব ঘরে আবার মাস্টার? আর আজ কাজলের চলে যাওয়া দেখতে দেখতে মনে মনে আবার হাসল। কি বলেছিলি, কি হল? ফুল ফিরি করতে যায় সাত সকালে। আর তুই ফুরুৎ করে আমাদের ছেড়ে চলে গেলি! বলে সে দিনের প্রথম বিড়িটা ধরাল। কাজল রেখে গেছে চা। দু’চুমুক দিয়েই বিড়িতে বড় একটা টান।  টানটায় যে কি আমেজ!  

স্বল্প দিনের ফসল, সারা বছর হয়, তাই গাঁদা ফুলের চাষ তড়তড় করে বাড়ছে এই হাসানপুরের চারদিকে। আজকাল নাকি ধান চাষে তেমন পয়সা নেই, সার, লেবার ও ওষুধের দাম আকাশ ছোঁওয়া। কিন্তু বিক্রি করতে যাও, বাজারে দামও নেই, বাজারের দমও নেই। কি হবে এই চাষে? তাই মন ঘুরে গেছে এই ফুল চাষে। সারা বছরের চাষ। খরচ অর্ধেক। ক্ষেতে নামলেই ফুল, আর ফুল মানে হাওড়া হাট। সারা বছরে হাতে হাতে পয়সা। এমন দুধেল গরু কার না মনে লাগে? হাসানপুরে তাই চারিদিকে লাল, হলুদ, মেরুন, গোলাপি রঙের ছড়াছড়ি। সতীশ রেখে গেছে কিছুটা জমি। বাকি সে ভাগে করত। কাজল তো একা ধান চাষ করতে পারবে না। সমত্ত মেয়ে, খোলা মাঠে কে তাকে টেনে নিয়ে ছিঁড়ে খাবে? হেমবতী বলেছিল, তুই ফুলের চাষ কর। ইস্টিশানে দিয়ে আসিস, ফোরে আসে কলকাতা থেকে রোজ। কাজল সে কথা শোনেনি। সে ক’দিন ইস্টিশানে গিয়েই বুঝেছে, ফোরে মানে দালাল, কঞ্জুষের রাজা। দাম দিতেই চায় না। সেখানেই দাশুর সঙ্গে আলাপ। দাশু বলেছিল, তুই আমার সঙ্গে হাওড়া হাটে চল। বেশী দাম পাবি। ট্রেনে মানথিলি তো কটা টাকা! সারা মাসে ফোকটেই যাতায়াত। আমরা থাকবো কোন ভয় নেই। ওখানে দাম ঠিকঠাক পাবি।  

ন্যায্য কথা। মনে হয়েছিল কাজলের। এবার যা ফসল, তাতে তিন জাতের গাঁদা ফুল প্রতিদিন দশ কিলো। জমিটা এতই উর্বর যে ফসল দেখার মত। দশরথ মানে দাশুর  অনেক বড় সব্জির ব্যবসা। ঝিঙে, করলা, শশা, কুমড়ো টাটকা জমি থেকে সোজা তুলে নেয় ভেন্ডার কামরায়। কামরার মাঝে সেই সব ঝাঁকা নামিয়ে আরামকরে হাত পা  ছড়িয়ে শুয়ে শুয়ে রোজ যায় হাওড়ায়। কাজল তার সঙ্গেই ওঠে, সাইডের সী্টে বসে আর দেখে। ট্রেন লাইনের দু পাড়ে অসংখ্য সবুজ ক্ষেতে মানুষেরা শহরের লোকেদের জন্য উৎপাদন করে। তারা জানতেও পারে না, কি ঝড় জল মাথায় করে এই ফসল মাঠময় ফুটে ওঠে। জানালার বাইরে দিকে তাঁর চোখ চলে যায় দূরে। সে দিন বৃষ্টি এসেছে, মাঝ মঠে দাঁড়িয়ে আছে দুই পুরুষ ও নারী। সাত সকালে আলে আলে ফসল দেখতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। কেউ নেই কাছে পিঠে। বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের আড়ালে। যদি বাজ পড়ে? ভাবতেই তার মাথার মধ্যে বাবার কথা ঝলসে উঠল।সতীশ ও তো একদিন এমনই মাঠে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে লটকে পরে ছিল আলের উপর? মানুষটাকে চেনাই যায় নি। যৌবনের প্রারম্ভে সে প্রথম দেখেছিল মৃত পিতা আর ধরেছিল পিতাশূন্য সংসারের হাল। হাওড়া হাট তার চোখ খুলে দিয়েছে।   

২

হাওড়া হাট এক অন্য পৃথিবী। পাইকারী ফসলের বিশাল পরিমন্ডলে কাজল দেখেছিল শুধু ফুল কেন, দুনিয়ার যাবতীয় জিনিষের মহা মিলনের কেন্দ্রস্থল। আশু  তাকে আলাপ করিয়ে দিয়েছিল ফুলের আড়তের মালিকের সঙ্গে। মালিক রসিক মানুষ। বলেছিল, এই কটা ফুল এনে কী পরিশ্রম তোমার, কত কষ্ট! কি দরকার এতো পরিশ্রম করার? থেকে যাও না আমাদের কাছে। হপ্তাহে হপ্তাহে দেশে যেও। কথাটা মনে ধরেনি কাজলের। একদিন ফেরার পথে আশুকে বলেছিল, লোকটা সুবিধের নয়। অন্য কোন আড়তদার নেই? আমি সেখানেই ফুল দেব। খোঁজ করনা। 

আশু বলেছিল, আছে তবে আড়তদার বদলাতে নেই।  ওখানেই দে, ঠিক দাম পাবি। রোখ চেপে গিয়েছিল কাজলের। লোকটার চোখ ভালো নয়। তাকানো  বাঁকা, এই বয়সে সেটা বোঝার মত মন তার তৈরি। তাকে ভোলানো এত সহজ নয়। আড়ে আড়ে কথাটা বুঝিয়েছিল কাজল। তারপর একদিন আচমকাই আশু কে বলল, আমি ফুল ছাড়া ফসলের বিজনেস করব। তুই মদত দিবি। আশু বলল, কি মদত?  

কাজল বলল, ইস্টিশানের একটু দূরে আমাদের পাড়ার শেষে হরি সাঁওতালের গুদাম ঘরটা আমি ভাড়া নেব। মাঠ থেকে ফসল তুলে নিয়ে আসব ইস্টিশানে। তোকে আমার সঙ্গে থাকতে হবে। আশু বলল, গুদাম হলে তো ভালই হয়। ভোর বেলা ফসল তুলতে হয় না। আগেরদিন তুলে, আরও ভোরের ট্রেন ধরা যায়। বেশি দাম জোটে। তুই আসতে পারবি? কাজল বলল, পারব। যদি তুই সঙ্গে থাকিস। আশু রাজি হয়ে ছিল। সেদিন থেকে ব্যাবসাটা আর শুধু আশুর রইল না। আশু আর কাজলের যৌথ ব্যাবসা। হিসেব বরাবর। লাভ বরাবর। দুটো আলাদা ব্যবসা থেকে ক্রমে একটি ব্যবসা গড়ে উঠল। যৌথ উদ্যোগের একটা সুবিধা আছে, শ্রম ভাগ হয়, বুদ্ধি ভাগ হয়, লাভ ভাগ হয়। কিন্তু কথাটা খুব বেশি দিন চাপা রইল না। নিত্য যাত্রি, ফুল, ফল, সব্জির খুচরো ব্যাপারীরা জেনে গেল তাদের গোপন বোঝাপড়া। সরযন্ত্র শুরু হল চুপিচুপি। ব্যবসাকে পিছনে ফেলে সামনে এলো, কাজল সাঁওতাল আর আশু হিন্দু বৈশ্য। তাদের মেলামেশা ঝড়ের মত হাসানপুরের হাওয়ায় ঘুর্ণি হতে সময় লাগল না। হেমবতীর কানে এল একদিন। সে প্রথম কিছুদিন গুম মেরে ছিল। একদিন সন্ধ্যে বেলা জিজ্ঞাসা করল, কাজল, যা শুনছি  তা সত্যি?

কাজল বলল, সত্যি। 

হেমবতী বলল, তোর জাতের কথা মাথায় নেই?  

–আছে। তা দিয়ে আমি ধুয়ে খাবো? 

–তোকে ওরা খুন করে দেবে একদিন। আমাদের আর ক’ঘর। এই তো পাড়া, সব বুড়ো। ছোকড়ারা ভিন রাজ্যে কিষেন খাটতে গেছে। কে বাঁচাবে তোকে?

কথাটা সত্যি। আদিবাসী গ্রাম গুলো দিনে দিনে ছোট হয়ে আসছে, জন সংখা কমে আসছে, সমত্ত মরদ গুলো চলে যাচ্ছে শহরের দিকে বা অন্য রাজ্যে। কাজলের জন্য খুব ভয় করে হেমবতীর।

কাজল কোন উত্তর দিল না। মাকে শুধু বলল, আশুকে আমি খুব ভালো করে চিনি। তুই এতো ভাবিস না মা। দেখবি একদিন আমি এই তল্লাটের সব ফসলের মালকিন হব। 

হেমবতী মালকিন কথা্টার মানে জানে না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বললি? সব মাল কিনে নিবি?

কাজল বলল, বেঁচে থাকলে দেখতে পাবি মা। আশু ছেলে খুব ভাল।  

— তুই কি অর সঙ্গে পিরিত করে বসে আছিস নাকি? হেমবতীর সরল প্রশ্ন।

কাজল কিছু বলল, না। মাথা নিচু করে রাতের রান্না করতে করতে মাকে বলল, কাল খুব ভোরে বেরোব। 

৩

রাজি ছিল না আশুর পরিবার। আদিবাসী ঘরের মেয়েকে তারা ঘরে তুলবে না। আশু চেষ্ঠা করেনি তা নয়। অনেক বার নানান ভাবে বুঝিয়েছে। না রাজি হয়েছে বাবা,মা। না ভাইবোনেরা। হেমবতীও রাজী হয়নি। তাঁর একমাত্র ভয়, সে মরলেই কাজলকে তারা তাড়িয়ে দেবে। তখন সে যাবে কোথায়? কি করে বাঁচবে। তাই কাজলকে বলল, ধীরেন সাঁওতালের বড় ছেলেটা আদিবাসী বলে চাকরি পেয়েছে। তাদের  তোকে খুব পছন্দ। আমার জান থাকতে থাকতে বিয়েটা করে ফেল। 

রাজি হয়নি কাজল। তারা সেই থেকে হাসানপুরের পরের ইস্টিশানে ঘর বেঁধে আছে। সেই প্রথম, এই অঞ্চলে সমাজে তাদের বলে, বিয়ে করেনি কিন্তুন একসঙ্গে থাকে। 

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *