তুষার বরণ হালদার
লেখক পরিচিতি
তুষার বরণ হালদার নদীয়ার আড়ংঘাটা গ্রাম থেকে স্কুল শিক্ষা শেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পি.এইচ.ডি. ডিগ্রি পান নদীয়া জেলার অসংগঠিত শিল্প ও শ্রমিকদের ওপর গবেষণা করে । গবেষণা কর্মের ওপর ভিত্তি করে দুটি বই এবং বিভিন্ন গ্রন্থ ও জার্নালে বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য তিন বার পুরস্কৃত হন। এশিয়াটিক সোসাইটির সদস্য। বর্তমানে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দক্ষিণবঙ্গের একটি কলেজে ইতিহাসের অধ্যাপক।
বিষয় পরিচিতি
(ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বহু বীর জীবন উৎসর্গ করেছিলেন দেশমাত্রিকার মুক্তির জন্য। তাদের মধ্যে অনেকের নাম আমরা জানি, তার থেকে বেশি না জানি আরও অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম। তাঁদের সংগ্রাম ভারতবর্ষের মুক্তি আন্দোলনে অমর হয়ে রয়েছে; অক্ষয় গাথা হয়ে বিরাজ করছে। অথচ তাঁদের সম্পর্কে সেভাবে কোন আলোচনা বা উল্লেখ চোখে পড়ে না। গান্ধী, নেতাজি, প্যাটেল, আজাদ বা ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় – বাদল – দীনেশ এবং আরও বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আমরা অবহিত। অথচ এর বাইরে যে বহু মানুষ ভারতবর্ষের আনাচে-কানাচে ছিলেন যাঁরা স্বাধীনতা আন্দোলনে অসাধারন কৃতিত্ব, সাহস এবং আত্ম্যোৎসর্গের অনন্য দৃষ্টান্ত রেখেছিলেন। কেতাবি অর্থে যাঁদের বলা হয় ‘Unsung Heroes’ তাঁদের কথাই আমরা অবজ্ঞাত স্বাধীনতা সংগ্রামী, এই নতুন ধারাবাহিকে নিয়মিত আলোচনা করব।)
স্বাধীনতা সংগ্রামে অজ্ঞাতনামা বিপ্লবী গোপীনাথ সাহার আত্মবলিদান
সময় টা ১৯২০ দশকের শুরুর দিক। স্বাধীনতার জন্য তরুণ বিপ্লবীদের আপোষহীন স্বশস্ত্র আন্দোলন বৃটিশদের ঘুম কেড়ে
নিয়েছিল।অপেক্ষাকৃত প্রবীণ বিপ্লবীরা তখন কারারুদ্ধ। তরুণ দলের একাংশ প্রবীণদের সঙ্গে একমত ছিলেন না। তাদের ধারণা প্রবীণেরা বিপ্লবের পথ থেকে সজ্ঞানে বা অজ্ঞানে দূরে সরে যাচ্ছিলেন, সেই ধারণা থেকেই তাদের বিদ্রোহ। সেই বিদ্রোহের প্রথম স্বাক্ষর জাঁকজমকে প্রকাশিত হলো শাঁখারীটোলা অ্যাকশনে। তারপরে ১৯২৪ সালে ঘটল এক দুঃসাহসী ও তাৎপর্যপূর্ণ ঘটনা ‘Action begets action’s – ১৯২৪ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত তাই নেতাদের অবর্তমানেও শুনি তরুণ বিপ্লবীদের কৃপাণ ঝঞ্জনা।
দুর্জয় শক্তির উপাসক যুগান্তর দলের তরুণ গোপীনাথ সাহা। ১৯২৪ সালের ১২ ই জানুয়ারি সকালবেলায় চৌরঙ্গীর বুকে গর্জে উঠল তার হাতের আগ্নেয়াস্ত্র। স্যার চার্লস টেগার্ট ভ্রমে গুলি করেছেন তিনি একজন ইউরোপীয় কে। তার নাম, মিঃ ডে। টেগার্ট ছিলেন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার। অতি বুদ্ধিমান ও দক্ষ বৃটিশ রাজপুরুষ। ইংরেজের অত বড় মিত্র এবং বিপ্লববাদের অত বড় সুদক্ষ শত্রু তেমন একটা দেখা যায় না।
এহেন টেগার্ট কে খতম করার সংকল্পে গোপীনাথের আবির্ভাব ঘটলেও টেগার্ট কিন্তু রইলেন অক্ষত। রক্ত – ক্ষয়ে নিঃশেষিত হয়ে ব্রিটিশের পক্ষে প্রায়শ্চিত্ত করলেন মিস্টার ডে। গোপীনাথ নির্বিকার, পরম স্থৈর্যে তিনি গ্রহণ করলেন ফাঁসির দণ্ড। শুধু বলেছিলেন ডে – র মৃত্যুতে আমি দুঃখিত। আমার আফসোস যে টেগার্ট বেঁচে গেলেন, আমার আশা যে আমার আরদ্ধ কাজ সুসম্পন্ন করার লোক পিছিয়ে নেই। গোপীনাথের কর্মে আপাত দৃষ্টিতে ব্যর্থতার দুঃখ আছে কিন্তু তার মৃত্যু একান্ত তাৎপর্যপূর্ণ। এ মৃত্যু দেশবাসীর কাছে যেন শৌর্য সাধনার ঝংকার, শত্রুর বিরুদ্ধে উদ্ধত অসির ঝলক। তারা কান পেতে শুনলো মৃত্যুঞ্জয় বীরের শেষ বাণী: ” ভারতবর্ষের ঘরে ঘরে আমার প্রত্যেকটি রক্তবিন্দু ছড়িয়ে দিক স্বাধীনতার বীজ”।
১৯২৪ সালের পয়লা মার্চ প্রেসিডেন্সি জেলে বীর গোপীনাথের কন্ঠ ফাঁসির বন্ধনে চিরতরে রুদ্ধ হল কিন্তু তার অকথিত বাণী গৌরবময় একটি বেদনার ছন্দে বাঙালির চিত্তে লালিত হতে থাকলো। সেদিন প্রভাতে তরুন সুভাষ গিয়েছিলেন প্রেসিডেন্সি জেলের গেটে। দাঁড়িয়েছিলেন বহুক্ষণ বাইরে। ফাঁসির পর চেয়ে আনলেন গোপীনাথের গায়ের চাদরখানা জেল কর্তৃপক্ষের কাছ থেকে। মাথায় জড়িয়ে নিলেন সেই উত্তরীয়। সুভাষ সেকালে কলকাতা কর্পোরেশনের প্রথম কর্মসচিব, জেল গেট থেকে তিনি একা অফিসঘরে ফিরে এসেছেন। দরজা ভেজানো। অফিস কর্মীরা কেউ কেউ কাজ থাকা সত্ত্বেও ঘরে ঢুকতে সাহস পাচ্ছেন না। অনেক পরে একজন বন্ধু – স্থানীয় কর্মচারী দরজা ঠেলে ভেতরে ঢুকেই স্তব্ধ হয়ে গেলেন, বেরিয়ে এলেন তিনি একটু শব্দ না করে। তিনি দেখেছিলেন দেওয়ালে টাঙানো প্রকাণ্ড একটি ভারতবর্ষের মানচিত্রের সম্মুখে প্রায় ধ্যানস্থ মূর্তিতে দাঁড়িয়ে আছেন সুভাষচন্দ্র। তার কণ্ঠ থেকে গুনগুনিয়ে গান বেরুচ্ছে:
” তোমার পতাকা যারে দাও
তারে বহিবারে দাও শকতি। “
নয়ন অশ্রুসিক্ত, বাহ্যিক জ্ঞান বিলুপ্ত। গোপীনাথের ফাঁসি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কেমন করে, সেকথা এখানে উল্লেখ করা হচ্ছে ‘ সবার অলক্ষে ‘ গ্রন্থের বর্ণনা থেকে:
” তখন বাংলার কংগ্রেস বিপ্লবীদের হাতে এসে গেছে। তাছাড়া বিরাট পুরুষ দেশবন্ধু সিন্ধু সম হৃদয় নিয়ে কংগ্রেস কর্মীদের শীর্ষে বসে আছেন। তাই কর্মীদের চেষ্টা ব্যর্থ হলো না, সিরাজগঞ্জ প্রাদেশিক কংগ্রেস – সম্মেলনে পথ ও মতের অমিল থাকা সত্ত্বেও গোপীনাথের আত্ম বলিদান ও বীরত্বের প্রশংসা করে তারা একটি প্রস্তাব গ্রহণ করেন। অনুরূপ প্রস্তাব কংগ্রেস শাসিত কলকাতা কর্পোরেশনেও নেওয়া হয়। এতে বিপ্লবীদের বীর চরিত্র প্রকাশ্যে প্রশংসা লাভ করে। দেশবাসী খুশি হয়, কিন্তু ইংরেজরা চটে যায়। ততধিক চটে যান মহাত্মা গান্ধী! তিনি দেখলেন যে হিতে বিপরীত হচ্ছে, কোথায় তার অহিংসা মন্ত্র গ্রাস করবে সহিংস মতকে, তা না হয়ে সহিংস পথে গিলে ফেলতে চাচ্ছে অহিংসার বাণীকে। গান্ধীজি ক্ষিপ্ত হয়ে উঠলেন। তাকে তুষ্ট করার জন্য অবশেষে কর্পোরেশন তাদের প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হয়। পাঠকই বিচার করুন এটা কি গান্ধীর বড় হৃদয়ের পরিচায়ক! অহিংসার পরাকাষ্ঠা প্রদর্শন করে তরুণ বিপ্লবীদের আপোষহীন – নিঃস্বার্থ আত্মত্যাগকে নাকচ করে দিচ্ছেন! একই কাণ্ড তিনি ঘটাবেন ভগৎ দেশের জন্য সিংহের প্রাণ বলিদানের সময়।
গোপীনাথ হলেন ভগৎ সিং এর অগ্রদূত। সিরাজগঞ্জ এ গোপীনাথ সম্পর্কিত প্রস্তাব লাহোর কংগ্রেসে ভগৎ সিংদের শৌর্য স্বীকৃতির সূচনা। গোপীনাথের ফাঁসি তাই রাজনৈতিক ভাবে তাৎপর্যে পরিপূর্ণ।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas magazine
![]()
