তপোপ্রিয়
এলোমেলো যাত্রায়
আমাদের বাড়ির সীমানা ঘেঁষে ছিল আইনদের বাড়ি। এমনিতে বাড়ি বলতে যা বোঝায় তা মোটেই নয়। বিশাল জায়গা-জমি নিয়ে বাড়ি, থাকার ঘরটরগুলো হয়তো সেই জায়গার কোনো এক ধারে। জমি আবার দু ধরনের, টিলা জমি আর জলা জমি। ঘরবাড়ি হয় টিলা জমিতেই, জলা জমিতে কেবল ধান চাষ। আমাদের জমিবাড়ি একধারে, সেটা উত্তর দিক, ছিল জঙ্গলে ভরা কাঁঠাল ও আনারসের বাগান। সেখানে আবার বাঁশঝাড়ও ছিল দু তিনটে। সেই জঙ্গল ঢালে নেমে গিয়েছিল জলা জমির দিকে। অনেক ঘুরলেও কোনদিন জঙ্গলটা পুরো ঘুরে দেখা হয়নি। মাকে লুকিয়ে ঘুরতে গেলেও নিজেরই সাহস হতো না বেশি ঘোরাঘুরি করার। এত ঝোপ যার আর এত এত চেনা অচেনা গাছপালার ভিড় সেখানে যে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো। জন্তু-জানোয়ার ছাড়াও ছিল নানা রকম বিষাক্ত সাপের মেলা। আবার মায়ের সম্মতিতেও সেই জঙ্গলে টহল দিতে যেতাম গরমকালে কাঁঠাল পাড়িয়ে দলের সঙ্গে। সেসব অবশ্য অন্য গল্প।
আইনদের বাড়ি ছিল ওই জঙ্গল সীমানা লাগোয়া। একটা বড় উঠোনের চারপাশে বেশ কয়েকটি বড় বড় ঘর, তাতে তিন-চারটি পরিবারের বসবাস। ঘরের ভিটে আর দেয়াল মাটির, চালায় টিন। এরকম টিনের চালা বাড়ি এলাকায় আর ছিলই না। এটা একটা পরিচিত ছিল ওই বাড়ির। কিছুটা সম্ভ্রম আদায় করে নিত টিনের চালা যদিও আইনরা নিজেরা বাড়িগুলি তৈরি করেনি। বদল করার সুবাদে পেয়ে গিয়েছিল। একটু হিংসেই হতো ওদের ওইরকম বাড়িতে থাকতো বলে।
আরেকটা ব্যাপারেও আইনটা ছিল অপ্রতিদ্বন্দ্বী। তাদের বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপুজো হতো। এমনিতে নিজেদের মধ্যে হাজারটা ঝামেলা থাকলেও এই সময়টাতে তারা এক হয়ে যেত। পালা করে এক এক পরিবার এক এক বছর এই দায়িত্ব সামলাত, অন্যরাও নিশ্চয়ই সাহায্য করত। এই নিয়ে অনেক কথা হতো, ঝগড়াঝাঁটিও বেঁধে যেত, কিন্তু পুজোটা বন্ধ করত না।

আইনদের বাড়িতে তিন প্রধান ব্যক্তির নাম ছিল নরেশ আইন, ক্ষিতীশ আইন ও অনিল আইন। এরা সম্পর্কে হয়তো ভাই হত। এছাড়া আরও দু’একজন থাকতে পারে যাদের কথা এখন আর খেয়াল নেই। এদের মধ্যে নরেশ আইন সবচেয়ে প্রবল। তার চার ছেলে আর এক মেয়ে। যতটুকু মনে আছে, দুর্গাপুজোর মূল উদ্যোক্তা তাকেই হয়ত হতে হত। আইনবাড়ির সামনে বড় রাস্তার ধার বরাবর বেশ চওড়া মাঠ। ওই মাঠের উত্তর দিকে ছিল মাটির তৈরি একটা স্থায়ী মঞ্চ, তিন চার ধাপে উঠে গিয়েছিল ওপর দিকে। আশ্বিন মাসের ওই মঞ্চ ঘিরে তৈরি হতো এক উঁচু বেড়ার ঘর, অস্থায়ী পূজা মন্ডপ। ওখানে প্রায় মাসখানেক ধরে প্রতিমা গড়ার কাজ চলত। তিল তিল করে গড়া হত দেবী মূর্তি, আমরা এক পলক দেখেই পালাতাম। বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার ধৈর্য থাকত না। আমরা সবাই মিলে সামনের খোলা মাঠে হৈ হৈ করে খেলতাম বিকেল বেলা— গোল্লাছুট, হাডুডু আরো কত কী। আর কপাল ভালো থাকলে জুতো কোনদিন রবারের বল ফুটবল খেলার জন্য।
প্রায় দিনই সন্ধে হয়ে যেত ঘরে ফিরতে ফিরতে। ওই সময়টাতেই যত রাজ্যের ভয় আর উৎকণ্ঠা এসে ঘিরে ধরত। বাড়ির দিকে এগোতে চাইতো না পা। জানতাম মায়ের কাছে বকুনি খেতে হবে, কারণ মা আমার এই বৈকালিক সংসর্গ একদমই পছন্দ করত না। না না মিথ্যে কথা বলে যেতাম ঠিকই, ভাবতাম মা বোধ হয় কোথায় যাচ্ছি বুঝতে পারছে না। সত্যিই কি মা বুঝতে পারত না, নাকি বুঝেও খানিকটা চোখ বুজে থাকতো? আসলে আমার সম্পর্কে মায়ের নানা রকম দুশ্চিন্তা ছিল। পরিবেশটা একেবারেই আমাদের অনুকূল নয় আর আমার বয়সটাও ছিল খুবই কম। তার ওপর এমন একদল সঙ্গী সাথীর সঙ্গে যদি হরদম মেলামেশা চলে তাহলে কোনদিন কি আর মানুষ হতে পারব? বাবার অকাল মৃত্যুর পর আমাদের তিন ভাই বোনকে দাঁড় করানোই ছিল তখন মায়ের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণ কতটা কঠিন ছিল আজ তাকিয়ে টের পাই। কোন একজনও তেমন সঙ্গী ছিল না যাকে প্রাণের কথা বলা যায়। প্রকৃত সঙ্গীর অভাব বোধহয় জীবনে প্রত্যেকটি ব্যক্তির জন্যই অনিবার্য। এই হাহাকারে কে না ভোগে? কিন্তু পরিবেশও যদি প্রতিকূল হয়? তাছাড়া চার পাশে থাকে যে সব লোকেরা তারা সহানুভূতিশীল না হোক নির্লিপ্ত থাকলেও চলাচল তত কঠিন হয় না। মায়ের জন্য সমস্তটাই ছিল বিরুদ্ধ পরিবেশ। চেনা অচেনা প্রতিবেশীরা কেউই সমব্যথী ছিল না, অধিকাংশই ছিল শত্রুভাবাপন্ন। এরকম এক পরি মন্ডলে পড়েমা বাধ্য হয়ে অদৃশ্য দৈবী অস্তিত্বকে সঙ্গী বানিয়ে নিয়েছিল। নিজের সুখ দুঃখের কথা তাকেই নিবেদন করত। মায়ের সেই চির আশ্রয়ের জায়গাটি ছিল শ্রীগোবিন্দ বা শ্রীকৃষ্ণ।
আশেপাশের যারা আমার সঙ্গীসাথী তাদের কাউকেই মা পছন্দ করত না। মা চাইত না আমি এদের সঙ্গে বেশি মেলামেশা করি। তবে একেবারে ঘরে বসে থাকবো একা একা তাও বোধহয় কাম্য ছিল না। এই কারণেই না না করেও রোজ বিকেলে মা শেষ পর্যন্ত খেলতে যাওয়ার অনুমতি দিত আর বিশেষভাবে বলেদিত যাতে বেশিক্ষণ না বাইরে থাকি এবং কিছু কিছু ছেলের সঙ্গে যেন একদম না কথা বলি। আমি এককথায় সব মেনে নিলেও খেলতে গিয়ে আর কিছু মনে রাখতে পারতাম না। খেলার মাঠে সবাই সঙ্গী হয়ে যেত, কী আমার জন্য বারণ তা ভুলে যেতাম। এইসব বারণ গুলি মনে পড়তো, ঠেলে ঠেলে সন্ধেবেলা বাড়ি ফেরার সময়। অন্যায় বোধের চেয়েও ভয়টাই বড় হয়ে উঠতো।
যাদের সঙ্গে আমার মেলামেশা মা একদমই মানতে পারতো না তাদের মধ্যে আইনদের ছেলেরা ছিল অন্যতম। বাড়িতে দুর্গাপুজো করলে কী হবে লোকগুলির মানসিকতা ছিল খুবই নিম্নমানের। তবুও ক্ষিতীশ আইনের পরিবারকে মা কিছুটা ভদ্র বলে মনে করতো। আমি কোনদিন ক্ষিতীশ আইনকে চোখে দেখিনি, সে অনেকদিন আগেই মারা গিয়েছিল। তার বিধবা বউ আর এক ছেলে এক মেয়ে থাকতো শাশুড়ি ও দেওর-ননদদের সঙ্গে। ক্ষিতীশ আইনের মা বলে রোগা মত এক বিধবা মহিলার চেহারা চোখে ভাসে যাকে মা পছন্দ করত। আরো বোধহয় তিন ছেলে আর এক মেয়ে ছিল মহিলার। তার মধ্যে একেবারে ছোট ছেলের নাম ছিল ভুলু। সে স্কুলে একটা সময় আমার সহপাঠী ছিল। তার কথা নাকে বেজে যেত, পরিষ্কার কথা বলতে পারতো না।
মা বলতো, আইনদের বাড়িতে সবচেয়ে নিকৃষ্ট নরেশ আইনের পরিবার। ছেলেমেয়েগুলির শিক্ষাদীক্ষার কোন বালাই ছিল না। নড়ে শাহিনের বউ খাটো আকৃতির না রোগা না মোটা মুখরা মহিলা, কেমন যেন কাত হয়ে হয়ে চলত। তার কর্কশ গলার আওয়াজ এ পারা সরগরম হয়ে থাকতো। শাশুড়ির সঙ্গে রোজই তার কিছু না কিছু নিয়ে ঝগড়া লাগতো। রোজই প্রায় ছেলের বউয়ের সঙ্গে ঝগড়ার পর তাড়া খেয়ে নরেশ আইনের মা কাঁদতে কাঁদতে বাড়িছাড়া হতো।
নরেশ আইনের বড় ছেলের নাম ছিল পরিমল। তাকে দেখলে বোঝার কোন উপায় ছিল না যে তার মাথায় গন্ডগোল আছে। কথাবার্তা শুনেও চট করে তেমন কিছু মনে হতো না। তবে খানিকটা মনোযোগ দিয়ে লক্ষ করলেই তার পাগলামিটা নজরে আসতো। হাঁটতে হাঁটতে হঠাৎই নাকে ফোঁৎ-ফোঁৎ শব্দ করে সে অকারণে দৌড় লাগাতো। মেজ ছেলের নাম পরিতোষ। একই ক্লাসে বারবার ফেল করে সে এক সময় পড়াশোনা ইতি করে দেয়। তৃতীয় ছেলে কালু সবার সেরা, সে রীতিমতো এলাকার ত্রাস। পড়াশুনার পাট সে চুকিয়ে দিয়েছিল শুরুতেই। তার আবার ডান হাত পোলিও আক্রান্ত, সরু লিকলিকে। কিন্তু একহাতে সে যা করে বেড়াতো তাতে ত্রাহি ত্রাহি রব উঠতো পাড়ায়। সে ছিল পাকা চোর। নষ্টামির অন্ত ছিল না তার। আমাদের আম-কাঁঠাল-আনারস-লিচু গাছগুলিতে ফল পাকার সুযোগ পেতো না কালুর অত্যাচারে। এই কালু ফল চুরি করছে তো এই আবার জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। কখনো বা বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে পালাচ্ছে। কালো ছিল এক জীবন্ত বিভীষিকা।
কালু তো বটেই, নড়ে শাহিনের সবকটা ছেলেই আমাদের বাগানে-জঙ্গলে আর ফসল খেতে লুঠতরাজ চালাতো। জমির ফসল গরু আর ছাগল দিয়ে খাওয়াতো। নরেশ আইনকে জানিয়েও কোন ফল হতো না। লোকটা ছেলেদের শাসন করা তো দূরের কথা বরং উৎসাহ দিয়ে যেত এসব কুকর্মে। নিজেও দেখ্-না-দেখ্ গরু ছাগল ছেড়ে দিত আমাদের ফসল জমিতে। মা বেশ কয়েকবার তাকে হাতেনাতে ধরেছিল। কিন্তু নিজের বা ছেলেদের এসব কাজ যে অন্যায় সেই বোধটাই তার ছিল না। উল্টে এমন গলাবাজি করত যে মনে হতো প্রতিবাদ জানিয়ে মা-ই বুঝি অন্যায় করেছে। আর ছেলেগুলিও ছিল যেমন অসভ্য তেমনই অভদ্র। মাকে তাই অনেক সময় মুখ বুজে অসহায়ের মতো এসব অত্যাচার সহ্য করতে হতো।
কিছু মানুষের মান-সম্মানবোধটাই থাকে না। নরেশ আইন ছিল তেমনি এক লোক। তার আচরণের জন্য পথে-ঘাটে প্রায়ই নানা জনের কাছে তাকে অপমানিত হতে হতো। লোকটার শিক্ষা হতো না কিছুতেই। একবার মা নিজে এমনই একটা ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পেরেছিল। সেই ঘটনা মা আমাদের সবিস্তারে জানিয়েছিল দেখার পরপরই। বর্ণনা দিতে গিয়ে মায়ের গলায় আর মুখে চোখে যে আনন্দ ফুটে উঠেছিল তার মর্মার্থ তখন তেমন বুঝতে পারিনি। আজ বেশ পরিষ্কার কেন লোকটার দুর্দশা মাকে অত আনন্দ দিতে পেরেছিল। আসলে অন্যের মাধ্যমে হলেও সেটা ছিল ওই লোকটার ওপর প্রতিশোধ নিতে পারার আনন্দ।
জলা জমিতে বছরে একবার ধান চাষ হতো। প্রত্যেকের জমি আল দিয়ে নির্দিষ্ট করা ছিল। অনেকের জমিতেই একটা-দুটো ডোবাও থাকতো। এইসব ডোবাই ছিল নানারকম মাছের আড্ডা। বর্ষাকালে জলা জমি ডুবে যেত অথৈ জলে, আর সেখানে সারারাত ও সারাদিন মাছ ধরে কাটাতো কৈবর্ত পাড়ার লোকজন। তারা থাকতো ধুচিখোলা বলে একটা জায়গায়। সবাই খুব রগচটা প্রকৃতির লোক, দুমদাম খুনখারাপি করে বসতো। আবার তাদের মধ্যে অনেকেই ডাকাতি করত বলেও শুনতাম।
তখন শীতকাল, ধানের মরসুম। কৈবর্ত পাড়ার লোকেদের এই সময় একটু কষ্টে দিন কাটে। জলার জল শুকিয়ে যাওয়ায় তারা আর যথেচ্ছ মাছ ধরতে পারেনা। কেউ কেউ অন্যের জমিতে ভাগ চাষ করে, কিন্তু সে সুযোগ বেশ কম। দুর্নাম থাকায় কেউ তাদের বিশ্বাস করতে চায় না। এই সময় তাদের কেউ কেউ মরিয়া হয়ে নানা কাণ্ড বাঁধিয়ে ফেলতো। নরেশ আইনের জমিতে ছিল একটা বড় ডোবা। একদিন সকালে বলা নেই কওয়া নেই কৈবর্ত পারার সুদাম দাস এসে জাল ফেলে মাছ ধরতে লাগলো সেখানে। খবর পেয়ে ছুটে গেল নরেশ আইন। ঘটনাস্থলে গিয়ে হম্বিতম্বি করতে লাগল। সুদাম পাত্তাই দিল না, নিজের কাজেই তার মনোযোগ। কথাগ্রাহ্য করছে না দেখে নরেশ আইন বেজায় ক্ষেপে গিয়ে সুদামের হাত থেকে জাল কেড়ে নিতে গেল। দুহাতে জালটা ধরেছিল সুদাম, টানাটানিতে ডান হাতটা জাল ছাড়া হয়ে গেল। ডান হাত খোলা হয়ে যেতেই সুদাম আচমকা খাটিয়ে একখানা চড় কষানো নরেশ আইনের গালে। এমন হঠাৎ ঘটনাটা ঘটলো যে নরেশ আইন তো বটেই, ধারে কাছে উপস্থিত সবাই একেবারে হকচকিয়ে গেল। থাকাটা সামলে উঠেই আইনমশাই চিৎকার-চেঁচামেচি জুড়ে দিল। সুদামও হুমকি দিয়ে বলল,
‘বাঁ হাতটা এখনো বাকি আছে। যদি আর একটা কথা বলিস তো বাঁ হাতের আরেকটা চড় পড়বে অন্য গালে। ভালো চাষ তো আর একটা কথাও বলবি না। যা, পালা শিগগির।’
তবুও নরেশ আইন কিছু বলতে যাচ্ছিল। সুদাম উত্তরে সত্যি সত্যিই বাঁ হাতটা তুলে ধেয়ে এল তার দিকে। তাই দেখে আইনমশাই আর একটি কথাও না বলে চৌ-চা দৌড় বাড়ির দিকে। উপস্থিত জনতাও মজা পেয়ে হইহই করে উঠলো।
এই দুরন্ত কৈবর্ত পাড়ার লোকজনদের অনেকের সঙ্গেই মায়ের চেনা ছিল, অনেকের সঙ্গেই লেনদেনের সম্পর্কে জড়িয়ে পড়তে হতো। কিন্তু ওই অদম্য লোকগুলি কোনদিনো মায়ের সঙ্গে কোন দুর্ব্যবহার করেনি। বরং অনেক ব্যাপারে তারা উপকারই করেছে। সব মানুষের সবকিছুই খারাপ হতে পারে না। পরিস্থিতি আর পরিবেশ বুঝে চললে কাউকে নিয়ে চলতেই সমস্যা হয় না। মা একথা নিজে বিশ্বাস করত আর তাই বলতো,
‘দোষে-গুণে সৃষ্টি, মেঘে-বানে বৃষ্টি।’
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
