পাঠক মিত্র
ধর্ম, আজ এবং রবীন্দ্রনাথ
সত্যের ধর্ম নিয়ে প্রচার করতে হয় না, কিন্তু ধর্মকে সত্য বলে প্রচার করতে হয় । আর সেই প্রচার কোন নতুন কিছু নয়। যুগে যুগে তার রূপের পরিবর্তন হয়েছে। কবিগুরুর কয়েকটি লাইন বুঝিয়ে দেয় তা–‘সেই সত্য যা রচিবে তুমি,/ ঘটে যা তা সব সত্য নহে । কবি, তব মনোভূমি/ রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।’
কবি কথাটুকু শুধু কি বলেছেন মাত্র। তবে ‘যা ঘটে তা সব সত্য নহে’- কবির এই কথাটি সমাজের একটি স্তরে বেশ সত্যি । সে যাই হোক । আজকে এই সত্য নিয়ে অযোধ্যাকান্ড বেঁধেছিল। আবার সেই বাঁধনের জট কেটে গেল একপ্রকার সত্য হয়ে। আর পুরো কান্ডটির পরতে পরতে সত্য ছিল যার পথ ধরে হেঁটেছিল তা হল শুধু বিশ্বাস। সেই বিশ্বাসে জয় হয়েছে রামের । তাঁর এই জয়ে কেউ তাঁকে বলেছেন রাষ্ট্রপুরুষ। আবার কেউ বলেছেন তাঁর আদর্শ আজকে দেশকে পথ দেখাতে পারে। নানা মুনি তাঁর নানা মহিমা দিয়ে তার ব্যাখ্যা দিয়েছে। আজকে তাঁর যে জয়, জয়ের সেই লড়াই কিন্তু সে লড়েনি। তবু তাঁরই জয়।এই সময়ে তাঁর আদর্শ কোন পথে আমাদের আলো দিতে পারে তা নিয়ে যত না কথা হয়েছে তার থেকে তাঁর জয় নিয়ে কথা হয়েছে অনেক । রাম যখন লড়াই করেছেন রাবণের বিরুদ্ধে, রাবণকে পরাস্ত করেও লঙ্কায় রাজত্ব বিস্তার করেননি। তাঁর আদর্শের এই মহানুভবতা সকলের জানা। রাজত্বের লোভ তাঁর কাছে ছিল না । রাজত্বের চেয়ে পিতামাতার আদেশ পালন তাঁর কাছে সবথেকে বড় । তাই পিতৃ আজ্ঞায় অনায়াসে স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদ ও রাজত্ব ছেড়ে বনবাসে চলে যান । যাঁর নিজের রাজত্বে লোভ ছিল না তাঁর অন্য রাজত্বে লোভ থাকবে না, এটাই স্বাভাবিক । তাহলে রাজা হওয়ার ক্ষমতা থাকা সত্তেও, তাঁর ত্যাগের আদর্শের কাছে সব তুচ্ছ । তাঁর এই ত্যাগের আদর্শ আজকের সময়ে আমাদের কতটা ভাবায় । যদি ঠিকমতো ভাবাত, তাহলে তাঁর এই ত্যাগের আদর্শ আজ আমাদের কাছে অনেক বড়ো হয়ে উঠত। রাজত্বের যে লোভ রামকে গ্রাস করতে পারেনি, সেখানে নিজের জন্মভূমি নিয়ে সত্যি কি তিনি বিচলিত হতেন ? তিনি বিচলিত না হলেও আমরা বিচলিত হই । বিচলিত হই সত্য আর মিথ্যার প্রভেদে। অবশেষে সেই প্রভেদে আমরা বেশিরভাগ মিথ্যেকেই আঁকড়ে ধরতে যাই । কবির বিসর্জন নাটকে জয়সিংহ বলছেন: ‘সত্য আর মিথ্যায় প্রভেদ শুধু এই!–/ মিথ্যারে রাখিয়া দিই মন্দিরের মাঝে/ বহুযত্নে, তবুও সে থেকেও থাকে না । সত্যেরে তাড়ায়ে দিই মন্দিরবাহিরে/ অনাদরে, তবুও সে ফিরে ফিরে আসে।’
সত্য ফিরে ফিরে এলেও আমরা পড়ে থাকি ধর্মের স্থান নিয়ে আর সেটাই তখন আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায়। কোনো স্থান যখন ধর্মের মূল বস্তু হয়ে দাঁড়ায়, তখন মানুষের কাছে ধর্মের ব্যাখ্যা দূরে চলে যায়। এ প্রসঙ্গে রবি ঠাকুরের একটি কথার মধ্যে বোঝা যায় সত্যি আমরা কোন ধর্মে আছি। কবি বলেছেন, ‘যে ধর্ম মানুষের সঙ্গে মানুষকে মেলায়, সেই ধর্মের দোহাই দিয়েই আমরা মানুষকে পৃথক করেছি। আমরা বলেছি মানুষের স্পর্শে, তার সঙ্গে একাসনে আহারে, তার আহরিত অন্নজল গ্রহণে, মানুষ ধর্মে পতিত হয় । বন্ধনকে ছেদন করাই যার কাজ, তাকে দিয়েই আমরা বন্ধনকেও পাকা করে নিয়েছি–তাহলে আজ আমাদের উদ্ধার করবে কে ।’ কবির আর একটি কথা থেকে আজও চারপাশটা দেখে দুটি সময়ের ব্যবধান করতে পারি কি ? তিনি বলেছেন, ‘স্বদেশে মানুষে মানুষে ব্যবধানকে আমরা দুঃসহরূপে পাকা করে রাখব সেইটেই ধর্ম, …..আত্মপক্ষ দুর্বলতাকে সৃষ্টি করব ধর্মের নামে, বিরুদ্ধপক্ষে সেই দুর্বলতাকে ব্যবহার করলেই সেটাকে অন্যায় বলব ‘আত্মপক্ষের এই দুর্বলতা সৃষ্টি হয় যে ধর্মের নামে তা আসলে ধর্ম নয় । তা হল ধর্মতন্ত্র । তখন ধর্মতন্ত্র থেকে ধর্মকে আলাদা করা মুশকিল হয়ে পড়ে । যদিও কবি এই দুটির পার্থক্য বুঝিয়ে দিতে বলেছেন, ‘ মনে রাখা দরকার, ধর্ম আর ধর্মতন্ত্র এক জিনিস নয় । ও যেন আগুন আর ছাই । ধর্মতন্ত্রের কাছে ধর্ম যখন খাটো হয় তখন নদীর বালি নদীর জলের উপর মোড়লি করতে থাকে । তখন স্রোত চলে না, মরুভূমি ধূ ধূ করে । তার উপরে, সেই অচলতাটাকে লইয়াই মানুষ যখন বুক ফোলায় তখন গন্ডস্যোপারি বিস্ফোটকং।
ধর্ম বলে , মানুষকে যদি শ্রদ্ধা না করো তবে অপমানিত ও অপমানকারী কারও কল্যাণ হয় না । কিন্তু ধর্মতন্ত্র বলে, মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলি যদি নিখুঁত করিয়া না হয় মানুষ তবে ধর্মভ্রষ্ট হইবে । ধর্ম বলে, জীবকে নিরর্থক কষ্ট যে দেয় সে আত্মাকেই হনন করে । কিন্তু ধর্মতন্ত্র বলে, যত অসহ্য কষ্টই হোক, বিধবা মেয়ের মুখে যে বাপ-মা বিশেষ তিথিতে অন্নজল তুলিয়া দেয় সে পাপকে লালন করে । ধর্ম বলে, অনুশোচনা ও কল্যাণকর্মের দ্বারা অন্তরে বাহিরে পাপের শোধন । কিন্তু ধর্মতন্ত্র বলে, গ্রহণের দিনে বিশেষ জলে ডুব দিলে, কেবল নিজের নয়, চোদ্দপুরুষের পাপের উদ্ধার । ধর্ম বলে, সাগরগিরি পারি হইয়া, পৃথিবীটাকে দেখিয়া লও, তাতেই মনের বিকাশ । ধর্মতন্ত্র বলে, সমুদ্র যদি পারাপার করো তবে খুব লম্বা করিয়া নাকে খত দিতে হইবে । ধর্ম বলে, যে মানুষ যথার্থ মানুষ সে যে-ঘরেই জন্মাক পূজনীয় । ধর্মতন্ত্র বলে, যে মানুষ ব্রাহ্মণ সে যত বড়ো অভাজনই হোক মাথায় পা তুলিবার যোগ্য । অর্থাত্ মুক্তির মন্ত্র পড়ে ধর্ম আর বাস্তবের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র।’
প্রকৃত অর্থে ধর্ম মুক্তির মন্ত্র পড়ে । কিন্তু মুক্তির হাওয়া যখন বন্ধ হতে থাকে তখন কোনো জাতি এক সংকটের মধ্যে প্রবেশ করে । আর তার কারন হিসেবে বিশ্বকবি উল্লেখ করেছেন, ‘ ধর্মকে কোনো জাতি যদি নীতির দিকে না বসাইয়া রীতির দিকে বসায়, বুদ্ধির দিকে না বসাইয়া সংস্কারের দিকেই বসায়, অন্তরের দিকে আসন না দিয়া যদি বাহ্য অনুষ্ঠানে তাহাকে বদ্ধ করে এবং ধর্মের উপরেই দেশকালপাত্রের ভার না দিয়া দেশকালপাত্রের হাতেই ধর্মকে হাত-পা বাঁধিয়া নির্মমভাবে সমর্পণ করিয়া বসে; ধর্মেরই দোহাই দিয়া কোনো জাতি যদি মানুষকে পৃথক করিতে থাকে, এক শ্রেণীর অভিমানে আর-এক শ্রেণীর মাথার উপরে চাপাইয়া দেয় এবং মানুষের চরমতম আশা ও পরমতম অধিকারকে সংকুচিত ও শতখন্ড করিয়া ফেলে; তবে সে জাতিকে হীনতার অপমান হইতে রক্ষা করিতে পারে এমন কোনো সভা-সমিতি, কংগ্রেস কনফারেন্স, এমন কোনো বাণিজ্য-ব্যবসায়ের উন্নতি, এমন কোনো রাষ্ট্রনৈতিক ইন্দ্রজাল বিশ্বজগতে নাই । সে জাতি এক সংকট হইতে উদ্ধার পাইলে আর-এক সংকটে আসিয়া পড়িবে এবং এক প্রবলপক্ষ তাহাকে অনুগ্রহপূর্বক সম্মানদান করিলে আর এক প্রবলপক্ষ অগ্রসর হইয়া তাহাকে লাঞ্ছনা করিতে কুণ্ঠিত হইবে না।’
এই সংকট থেকে মুক্তি কি আদৌ হয়েছে। কারণ ধর্ম বলতে আজও এক অধিকার যা সকল মানুষের জন্য এক নয় । এ প্রসঙ্গে কবিগুরু পরিষ্কারভাবে সেই বিভেদের সূত্রের কথা উল্লেখ করে বলেছেন, ‘বিদ্যায় মানুষের সর্বত্র অধিকার, বাণিজ্যে মানুষের সর্বত্র অধিকার, কেবলমাত্র ধর্মেই মানুষ এমনি চিরন্তনরূপে বিভক্ত যে সেখানে পরস্পরের মধ্যে যাতায়াতের কোনো পথ নাই; ….এমনকি, নানা জাতির লোক পাশাপাশি দাঁড়াইয়া যুদ্ধের নাম করিয়া নিদারুণ নরহত্যার ব্যাপারেও গৌরবের সহিত সম্মিলিত হইতে পারে, কেবলমাত্র ধর্মের ক্ষেত্রেই মানুষ দেশবিদেশ স্বজাতি বিজাতি ভুলিয়া আপন পূজাসনের পার্শ্বে পরস্পরকে আহ্বান করিতে পারিবে না ।’
অথচ ধর্মকে এই বিভেদ গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন করতে না পারলে সে সকল মানুষের হতে পারে না । তাই কবি বলেছেন,’ধর্মকে অন্তত বৎসরের মধ্যে একদিনও আমাদের স্বরচিত সমাজের বেষ্টন হইতে মুক্তি দিয়া সমস্ত মানুষের মধ্যে তাহার নিত্য প্রতিষ্ঠায় তাহার সত্য আশ্রয়ে প্রত্যক্ষ করিয়া দেখিতে হইবে; দেখিতে হইবে, সকল মানুষের মধ্যেই তাহার সামঞ্জস্য আছে কিনা, কোথাও তাহার বাধা আছে কিনা বুঝিতে হইবে তাহা সেই পরিমাণে সত্য যে পরিমাণে তাহা সকল মানুষেরই।’
আর ধর্ম সকল মানুষের কাছে সত্য তখনই হবে, যখনই ধর্ম হবে দীপশিখার মত। কবির কথায়,’ অন্যকে দৃষ্টিশক্তি দিব বলিয়া দীপশিখা ব্যস্ত হইয়া বেড়ায় না, নিজে সে যে পরিমাণে উজ্জ্বল হইয়া উঠে সেই পরিমাণে স্বভাবতই অন্যের দৃষ্টিকে সাহায্য করে । ধর্মও সেই প্রকারের জিনিস, তাহা আলোর মতো, তাহার পাওয়া এবং দেওয়া একই কথা, তাহা একেবারে একসঙ্গেই ঘটে ।’ এটা আবার তখনই সম্ভব হবে যখনই ধর্মের মধ্যে থাকবে উৎকর্ষতার আলো । ধর্মের সেই উৎকর্ষতা কি ? মালিনী নাটকে সুপ্রিয় চরিত্র এক জায়গায় বলছে, ‘যেথা দয়া সেথা ধর্ম, যেথা প্রেমস্নেহ,/ যেথায় মানব, যেথা মানবের গেহ ।/ বুঝিলাম, ধর্ম দেয় স্নেহ মাতৃরূপে,/ পুত্ররূপে স্নেহ লয় পুন; দাতারূপে/ করে দান, দীনরূপে করে তা গ্রহণ;/ শিষ্যরূপে করে ভক্তি, গুরুরূপে করে/ আশীর্বাদ; প্রিয়া হবে পাষাণ-অন্তরে/ প্রেম-উৎসব লয় টানা, অনুরক্ত হয়ে/ করে সর্বত্যাগ ।/ ধর্ম বিশ্বলোকালয়ে/ ফেলিয়াছে চিত্তজাল, নিখিল ভুবন/ টানিতেছে প্রেমক্রোড়ে– সে মহাবন্ধন/ ভরেছে অন্তর মোর আনন্দবেদনে/ চাহি ওই ঊষারূপ করুণ বদনে/ ওই ধর্ম মোর ।’ এইরূপ ধর্ম ভারতের সকল সমাজের ধর্ম । কবির কথায়, ‘ভারতবর্ষের ধর্ম সমস্ত সমাজেরই ধর্ম, তাহার মূল মাটির ভিতরে এবং মাথা আকাশের মধ্যে; তাহার মুলুকে স্বতন্ত্র ও মার্কেটিং স্বতন্ত্র করিয়া ভারতবর্ষ দেখে নাই —ধর্মকে ভারতবর্ষ দ্যুলোকভূলোকব্যাপী মানবের সমস্ত জীবন ব্যাপী একটি বৃহৎ বনস্পতিরূপে দেখিয়াছে।’
এই বনস্পতির ছায়া নিয়ে ধর্ম আজ সমাজে দাঁড়িয়ে নেই তা আর পরিষ্কার করে বলার অপেক্ষা রাখে না ।
(রবীন্দ্রনাথের কবিতা, নাটক, প্রবন্ধ এবং সাম্প্রতিক বিষয় নির্ভর করে এই উপস্থাপনা )
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
