শ্যামাশীষ জানা 

যে নক্ষত্র দেখে চিনে নিতাম তোমার গোপনপথ
তাকে গ্রাস করেছে অজানা এক কৃষ্ণগহ্বর
শুধু ম্লান হয়ে এখনও জেগে আছে অলীক নশ্বরতা
দূরে নেই কোনো লাইটহাউসের মৃদুতম আলোকরেখা

আজ হুইলহাউসে আমি একাকী নাবিক
এক হাতে ভগ্ন-কম্পাস আর অন্য হাতে ভ্রষ্ট হুইল
ছায়াপথের সব রেখা মুছে গিয়ে যোগাযোগ হয়েছে বিলীন
ঠিক কোন আশ্রয়ের দিকে এগিয়ে যাওয়া সমীচীন?
নাকি এই স্থূলজীবনকে দাঁড় করিয়ে রাখি স্তব্ধ সময়ের সম্মুখে

মহাশূন্যে ছেয়ে আছে অন্তহীন যাতায়াতের সমগ্র জ্যামিতি
চারিদিকে জেগে ওঠে মিথ্যাচারের নগ্ন ঢেউ ও অস্থির স্মৃতি
নিজের পাঁজর খুলে বানাতে চেয়েছি একটি আদিম নোঙর
সমুদ্রকে প্রশ্ন করি “বলো, কোথায় আমার ঘর”?
আকাশকে প্রশ্ন করি “বলো, কোথায় তোমার ঘর”?

আজ আর কেউ নেই যে বলে দেবে
ঠিক কোথায় ছিল আমাদের স্বপ্নের ঘর,
শুধু আমার পাথরবিম্ব পড়ে থাকে
তোমার বিক্ষত স্মৃতির উপর।

প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *