জার্মান নাট্যকার ব্রেশটকে এক নাট্য রসিক ভদ্রলোক একবার জিজ্ঞেস করেন,’আচ্ছা, আপনিতো নাটক লেখেন, অভিনয় করেন। বলুনতো গত দশকের জার্মান মেলোড্রামাগুলি থিয়েটার হলে উপভোগ করার সেরা পদ্ধতি কী?’ ব্রেশট মুচকি হেসে উত্তর দিলেন,’হলে ঢুকে স্রেফ ঘুমিয়ে পড়া।’
.
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। তিনি খুবই বাকপটু ও রসিক ছিলেন। এক সাংবাদিক একজন রাজনীতিকের কী কী গুণ থাকা প্রয়োজন জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন, ‘একজন রাজনীতিকের আগামী দিনে কী কী ঘটতে চলেছে তার ভবিষ্যৎ বাণী করার ক্ষমতা থাকা দরকার। সেই সঙ্গে কেন সেগুলো ঘটলো না তার উপযুক্ত ব্যাখ্যা করার ক্ষমতাও থাকতে হবে।’
.
.
জনৈক তরুণের খুব শখ সে সিম্পনি রচনা করবে। বিখ্যাত সুরস্রষ্টা মোৎজার্টকে গিয়ে সে ধরলো, কিভাবে সিম্ফনি রচনা করা যায় সেই বিষয়ে পরামর্শ পেতে। বয়স বেশ কম দেখে মোৎজার্ট তরুণটি কে বললেন যে প্রথমেই সিম্ফনি দিয়ে শুরু না করে সে যেন ব্যালাড রচনা করতে হাত পাকায়। তরুণটি অবাক হয়ে বলল, ‘কিন্তু আপনি তো মাত্র বারো বছর বয়সে সিম্ফনি তৈরি করেছিলেন। আমার চেয়েও কম বয়স ছিল আপনার।’ মোৎজার্ট উত্তর দিলেন, ‘কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করিনি কিভাবে সিম্ফনি তৈরি করতে হবে।’
.
.
চার্লি চ্যাপলিনের মা ছিলেন গায়িকা। একবার স্টেজ পারফর্মেন্সের সময় তাঁর গলা বসে যায় ও তাঁকে স্টেজ ছেড়ে চলে যেতে হয়। চার্লির বয়স তখন মাত্র পাঁচ। চার্লি স্টেজে উঠে একটি জনপ্রিয় গান গাইতে শুরু করেন। গানের মাঝখানে শ্রোতারা খুশি হয়ে স্টেজের দিকে টাকা ছুঁড়তে থাকে। চার্লি গান থামিয়ে দেন এবং শ্রোতাদের বলেন যে আগে তিনি সব টাকা কুড়িয়ে নেবেন ও পরে গানের বাকি অংশটা গাইবেন। তাঁর কথা শুনে শ্রোতারা সব হেসে ওঠে। পরে যিনি সারা জীবন সবাইকে হাসিয়েছেন তাঁর জীবনে ওটাই ছিল প্রথম হাসির সৃষ্টি।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
সংগৃহীত
![]()
