জাহিদ হোসেন
তিমি নক্ষত্রমণ্ডলের একশৃঙ্গী (The Unicorn of Cetus)
(কার্ল সেগানের ভাবানুসারে লেখা)
প্রথম পর্ব
ভূমিকা
আমি সাধারণত কোয়ান্টাম বলবিজ্ঞানের ওপর বেশি লিখি। তবে কোয়ান্টাম বলবিজ্ঞান মহাবিশ্বের যে প্রকৃত রূপ মেলে ধরেছে, তার ইতিকথা রাতের ওই অন্তহীন আকাশেই লুকিয়ে আছে, যা মানুষের কল্পনাকে বরাবরই আলোড়িত করেছে। মানুষ রাতের আকাশে বিন্দু বিন্দু তারাকে কাল্পনিক রেখায় জুড়ে এঁকেছে সিংহ, শিকারী, তিমি বা রূপকথার একশৃঙ্গ ঘোড়ার (Unicorn) অবয়ব; আকাশকে ভাগ করেছে বিভিন্ন তারামণ্ডলী (Constellation) ও রাশিতে (Zodiac Sign)। মানুষের মন আসলে প্রকৃতির এলোমেলো বিষয়ের মাঝেও একটি সুনির্দিষ্ট নকশা বা শৃঙ্খলা খুঁজে পেতে পছন্দ করে। কিন্তু প্রশ্ন হলো, মানুষের কল্পিত তারামণ্ডলীগুলো কি আসলেই কোনও মহাজাগতিক বাস্তবতা? মহাকাশ সত্যিই কি এমন?
বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগান তাঁর The Cosmic Connection (১৯৭৩) গ্রন্থে এই প্রশ্নের এক চমৎকার উত্তর দিয়েছেন। কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তিনি দেখিয়েছেন, অন্য কোনও নক্ষত্রলোক থেকে রাতের আকাশে তাকালে আমাদের চেনা তারামণ্ডলীগুলো কীভাবে ওলটপালট হয়ে যায়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, পৃথিবী থেকে প্রায় ১২ আলোকবর্ষ দূরের নক্ষত্র ‘টাও সেটি’র (Tau Ceti) কোনও কাল্পনিক গ্রহের আকাশে একটি ইউনিকর্ন আঁকা যায়, আর সেই ইউনিকর্নের লেজের গোড়ায় যে ম্লান তারাটি টিমটিম করছে, সেটি আর কিছু নয়, স্বয়ং আমাদের সূর্য!
সুদূর নক্ষত্রলোক থেকে আমাদের সূর্যকে কেমন দেখায়, সেই প্রেক্ষাপটেই এই প্রবন্ধ। কার্ল সেগানের এই গ্রন্থের প্রথম অধ্যায় ‘COSMIC PERSPECTIVES’-এর দ্বিতীয় প্রবন্ধ ‘The Unicorn of Cetus’-এর ভাবানুসারে লেখা এই রচনা মনে করিয়ে দেয়, মহাবিশ্বের অসীম শূন্যতার মাঝে নিজেদের শ্রেষ্ঠ ভাবা আসলে এক অন্তঃসারশূন্য অহংকার। দূর আকাশের অন্য কোনও গ্রহে হয়তো বাস করছে মানুষের মতো বুদ্ধিমান কোনও প্রাণী, যারা আমাদের মতোই নিজেদের সৃষ্টির সেরা ভাবছে! প্রকৃতপক্ষে স্থান ও কালের এই অন্তহীন মহাশূন্যে আমাদের সূর্যই একমাত্র শক্তিমান তারকা নয়; এমন রূপ ও শক্তির নক্ষত্র আমরা গুণে শেষ করতে পারবো না।

একশৃঙ্গী (Unicorn) আসলে কী?
একশৃঙ্গী বা ইউনিকর্ন প্রাচীন লোকগাথা ও রূপকথার একটি কাল্পনিক প্রাণী, যার কপালে থাকে একটিমাত্র সর্পিল শিং। এটি কোনও বাস্তব জীব নয়, কেবলই মানুষের কল্পনা। মহাজাগতিক প্রেক্ষাপটে এই অবয়বকে এক অনন্য রূপ দিয়েছিলেন কার্ল সেগানের শিল্পী স্ত্রী লিন্ডা সালজম্যান সেগান। সূর্য থেকে প্রায় ১২ আলোকবর্ষ দূরের নক্ষত্র ‘টাও সেটি’ তিমি (Cetus) তারামণ্ডলীর দিকে দেখা যায়। ধরা যাক, টাও সেটি নক্ষত্রের কোনও এক গ্রহ থেকে রাতের আকাশের তারাগুলোকে কাল্পনিক রেখা টেনে জোড়া দিয়ে একটি ইউনিকর্নের অবয়ব আঁকা সম্ভব। লিন্ডা সেই আকাশের একগুচ্ছ তারা জুড়ে ছয় পা-বিশিষ্ট একটি অভিনব ইউনিকর্ন তারামণ্ডলীর নকশা এঁকেছিলেন।
আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সেই ইউনিকর্নের লেজের গোড়ায়, অর্থাৎ শরীরের সঙ্গে লেজের সংযোগস্থলে, যে ম্লান ও ক্ষুদ্র নক্ষত্রটি কোনোমতে টিমটিম করছে, সেটি স্বয়ং আমাদের সূর্য। অর্থাৎ ইউনিকর্ন সূর্য নয়; সূর্য ইউনিকর্নের লেজের গোড়ার একটি সামান্য তারা মাত্র।
মহাজাগতিক রোরশ্যাখ: নকশা খোঁজার প্রবণতা
রাতের আকাশ যখন মেঘমুক্ত আর স্থানীয়ভাবে বাতাস স্বচ্ছ, তখন সেখানে আমাদের জন্য অপেক্ষা করে এক মহাজাগতিক ‘রোরশ্যাখ’ (Rorschach test): কালির দাগের মতো অর্থহীন নকশায় মানুষ যেমন নানা ছবি দেখে, আকাশের তারার ছড়ানো বিন্দুতেও আমরা তেমনই অবয়ব খুঁজে নেই। রাতের চাঁদোয়া জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে লক্ষ তারার মেলা; কোনোটি উজ্জ্বল, কোনোটি ম্লান, কোনোটি কাছে, কোনোটি বহু দূরে। এলোমেলো বিষয়ের প্রতি মানুষের চোখের এক সহজাত অনীহা আছে; চোখ সবসময় শৃঙ্খলা খোঁজে। তাই আলোর এই বিচ্ছিন্ন বিন্দুগুলোকে সাজিয়ে একটি সুনির্দিষ্ট ছক তৈরি করতে চায় আমাদের দৃষ্টি। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা, যাঁদের জীবনের সময় কাটতো দূষণমুক্ত খোলা আকাশের নিচে, এই তারার ছকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। এভাবেই তারাদের কেন্দ্র করে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ পৌরাণিক উপাখ্যানের জগৎ।
তারামণ্ডলীকেন্দ্রিক এই উপাখ্যানগুলোর মূল উপাদানের বেশিরভাগই আমাদের কাছে এসে পৌঁছায়নি। এগুলো এতটাই প্রাচীন এবং এত অসংখ্যবার নতুন করে বলা হয়েছে, বিশেষ করে গত কয়েক হাজার বছরে এমন মানুষের হাতে, যাঁরা আকাশের প্রকৃত রূপের সঙ্গে পরিচিত ছিলেন না, এর অনেক কিছুই চিরতরে হারিয়ে গেছে। কেবল এখানে-সেখানে, কিছু অদ্ভুত ও বিচ্ছিন্ন জায়গায়, সেইসব মহাজাগতিক গল্পের ক্ষীণ প্রতিধ্বনি আজও রয়ে গেছে।
বাইবেলের ‘বুক অব জাজেস’-এ (Book of Judges) এক নিহত সিংহের বিবরণ আছে, যার মৃতদেহের ভিতরে একঝাঁক মৌমাছি বাসা বেঁধেছিল। ঘটনাটি অদ্ভুত এবং আপাতদৃষ্টিতে উদ্দেশ্যহীন মনে হয়। এদিকে আকাশে সিংহ (Leo) তারামণ্ডলীর ঠিক পাশেই, কর্কট (Cancer) তারামণ্ডলীর মধ্যে, একগুচ্ছ তারা আছে যা মেঘমুক্ত রাতে খালি চোখে আবছা আলোর তালির মতো দেখা যায়। এর নাম ‘প্রেসীপি’ (Praesepe)। দূরবীক্ষণে দেখলে একে মনে হয় মৌচাকের মতো, তাই আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা একে ‘মৌচাক’ (The Beehive) বলেন। এ থেকে একটি কৌতূহলী প্রশ্ন ওঠে: দূরবীক্ষণ আবিষ্কারের বহু আগে কোনও তীক্ষ্ণ দৃষ্টির মানুষের দেখা প্রেসীপির দৃশ্যই কি কোনোভাবে বুক অব জাজেসের এই কাহিনিতে বর্ণীত হয়েছে? এটি অবশ্য নিছক একটি আকর্ষণীয় অনুমান; এর পক্ষে নিশ্চিত প্রমাণ নেই।
আকাশের বাস্তবতা আসলে কী?
রাতের আকাশের দিকে তাকালে ‘সিংহ’ তারামণ্ডলীর মধ্যে আমরা কোনও সিংহের অবয়ব খুঁজে পাই না। সপ্তর্ষিমণ্ডল (Big Dipper) সহজে চেনা যায়, আকাশ বেশ পরিষ্কার থাকলে লঘু সপ্তর্ষিও (Little Dipper) চোখে পড়ে। কিন্তু কালপুরুষের (Orion) মধ্যে একজন শিকারী কিংবা মীন (Pisces) রাশিতে একটি মাছের আকৃতি খুঁজে পেতে হিমশিম খেতে হয়; ‘সারথি’ (Auriga)-র কথা না হয় বাদই রইলো। মানুষ আকাশের বুকে যেসব কাল্পনিক প্রাণী, চরিত্র আর যন্ত্রপাতির স্থান দিয়েছে, সেগুলো খেয়ালখুশি মতো চাপানো, মোটেও স্বতঃস্ফূর্ত বা স্পষ্ট নয়।
কোন তারামণ্ডলী আসলে কোনটি, তা নিয়ে অবশ্য কিছু সর্বসম্মত চুক্তি আছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (IAU) বিশ শতকের শুরুর দিকে, ১৯২০-এর দশকে, ৮৮টি তারামণ্ডলী অনুমোদন করে এবং এক তারামণ্ডলীকে অন্যটি থেকে আলাদা করার জন্য সুনির্দিষ্ট সীমানাও টেনে দেয়। তবে সত্যি বলতে, আকাশে এমন স্পষ্ট ছবি নেই বললেই চলে। এগুলো মানুষের ভাবনায় সাজানো কিছু কাল্পনিক চিত্র মাত্র, যেমন আকাশের মেঘও মাঝে মধ্যে হাতি, বাঘ, ঘোড়া, কুকুর বা মানুষের মতো নানা অবয়ব তৈরি করে, কিন্তু অল্পক্ষণ পরেই সেগুলোর কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায় না।
আকাশের পটে প্রতিটি তারামণ্ডলীকে আমরা দ্বিমাত্রিক অবস্থায় দেখি, কিন্তু আসলে এরা ত্রিমাত্রিক। কালপুরুষের মতো একটি তারামণ্ডলী আসলে পৃথিবী থেকে সুদূরে থাকা কিছু উজ্জ্বল নক্ষত্র আর তুলনামূলক কাছের কিছু ম্লান নক্ষত্রের এক জটিল সমষ্টি। আবার প্রায় প্রতিটি উজ্জ্বল নক্ষত্রের আশেপাশে আরও কিছু ম্লান নক্ষত্র থাকে, যেগুলো কেবল টেলিস্কোপেই ধরা পড়ে। দৃশ্যমান হোক বা খালি চোখে অদৃশ্য, কোনও নক্ষত্রই স্থির নয়; তবে বিপুল দূরত্বের কারণে এদের নড়াচড়া আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি দেখার অবস্থান বদলাই, ধরা যাক কোনও আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে চড়ে সুদূর কোনও অঞ্চলে পৌঁছাই, তবে আকাশের চেনা রূপ আর থাকবে না; তারামণ্ডলীগুলোর চিরচেনা আকৃতি ক্রমশ ওলটপালট হতে থাকবে।
কালপুরুষের কোমরবন্ধনীর (Orion’s Belt) কথাই ধরা যাক। আমাদের কল্পনার সেই তিনটি তারা আসলে কোনো শিকারীর বেল্ট নয়; এরা প্রতিটিই সূর্যের চেয়ে বহুগুণ বড় ও উজ্জ্বল নক্ষত্র, পৃথিবী থেকে প্রায় বারোশো থেকে দুই হাজার আলোকবর্ষ দূরে এবং নিজেদের মধ্যেও শত শত আলোকবর্ষের ব্যবধানে অবস্থিত। এদের কোনও একটির কাছাকাছি গেলে কোমরবন্ধনীর ধারণা কোথায় হারিয়ে যাবে, তা কল্পনা করাও কঠিন!
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
ক্রমশ
![]()
