অমিতাভ সরকার
‘শুধু অবহেলা দিয়ে বিদায় করেছ যারে’
পবিত্র মিত্র
পবিত্র মিত্র গীতিকার হিসাবে বিখ্যাত হলেও গানটাকে খুব ভালো বুঝতেন। গান শেখেননি, কিন্তু সুর ছিল তাঁর অন্তরে – সেই অনুভবকেই ফুটিয়ে তুলতেন রচনায়- উনি মূলত প্রেমের কথাকার- কিন্তু এই প্রেমে উচ্ছ্বাসের আতিশয্য নেই, নেই আনন্দের বর্ণাঢ্য জৌলুস, আছে শুধু এক অনাবিল প্রশান্তি- যে বাণী শ্রোতাদের কানে মুগ্ধতা এনে দেয়, আত্মা লাভ করে তুষ্টি, কাঠিন্য ছাড়াও শব্দ হয়ে ওঠে সম্পদ- জাগতিক বাস্তবতার মধ্যেও কোথাও যেন একটা হিমেল ব্যাপার থাকে, যেখানে আবহাওয়াটাই পাতা ঝরা বাঁশির সুরে শরৎ শেফালির আগমনকে মনে করায়৷ আবার এমনও কিছু গান আছে, যা আপাত দুঃখের মনে হলেও বাহ্যরূপের বাইরে গিয়ে জীবনবোধের গভীর আবেদনকে নির্দ্বিধায় ব্যক্ত করে যায়। ‘আমার ভুবনে প্রদীপ জ্বালাতে’,’চলে শ্রীমতী প্রেম অভিসারে’,’কাজল নদীর জলে’,’তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর’ -র পাশে ‘এই পথে যায় চলে’, ‘তুমি কত দূরে কোন গহন আঁধারে’,‘আলেয়া মতো কেন তারে কাছে ডাকা’, ‘জীবনের পথে শুধু কেন ফুল ঝরানো’, ‘বকুলগন্ধে যদি বাতাস অন্ধ হয়ে’,’সপ্তডিঙা মধুকর দিয়েছি ভাষায়ে’-র মতো কালজয়ী সব সৃষ্টি কোথায় যেন শ্রোতাদের একাত্ম করে রাখে – কালের রথচক্র পেরিয়েও কথাগুলো ঠিকই রয়ে যায়, কিন্তু রাতের আকাশ, ঝলমলে তারা, সপ্ত রঙের খেলা, ছোট্ট পাখি চন্দনা, খেলাঘর মোর, বনহরিণীর চপল আঁখি, বকুলঝরা শ্রাবণরাত -সবই একই থাকে -শুধু কবিই হারিয়ে যান।
এই হলেন পবিত্র মিত্র। তাঁর যাদুকলমের সৃষ্টি আজও মন জাগানিয়া।

পবিত্র মিত্রের জন্ম ১৯১৮ সালে। স্বচ্ছল আইনজীবী পিতার পুত্র যে কীভাবে কেন যে মানুষের মনের আদালতে গান তৈরির কারখানায় কাজ নিয়ে ফেললেন, কে জানে। (পিতা প্রফুল্লকুমার মিত্র একজন সংগীতশিল্পীও ছিলেন। পিতার সূত্রেই পুত্রের মধ্যে খুব অল্প বয়স থেকেই সংগীতের আগ্রহ তৈরি হয়। তাছাড়া বাড়ির সাংগীতিক পরিবেশও একটা অন্যতম কারণ।সংগীত শিক্ষা এবং সংগীতে পারদর্শী হয়ে ওঠাটাও ছিল জাস্ট সময়ের অপেক্ষা)। ভাগ্যকে বাদ দিলেও সবার জীবনে স্থান-কাল-পাত্র বলে কিছু তো একটা আছে! নয়তো গায়ক-সুরকার সুধীরলাল চক্রবর্তীর সঙ্গে তাঁর কেন দেখা হবে, আর শাস্ত্রীয় সংগীতশিল্পী না হয়ে আধুনিক গানেই কেনই বা সুধীরলাল তাঁর সর্বস্ব মনপ্রাণ ঢেলে দেবেন?
মূলত এই ক্ষণজন্মা সংগীতসাধকের সঙ্গে সম্পর্ক থেকেই গান পবিত্র মিত্রের গান লেখার অনুপ্রেরণা। দুজনের সম্পর্ক তৈরি হয়েছিল সংগীতকে কেন্দ্র করেই। সুধীরলালের সুর করা, গাওয়া প্রচুর গানের রচয়িতা পবিত্র মিত্র, নিজে। দুজনেই ঢাকার মানুষ, বয়সের দিক থেকেও সমসাময়িক- ১৯৪২-য়ে ঢাকা বেতার কেন্দ্রে সুধীরলাল একদিকে গানের দায়িত্ব সামলাচ্ছেন, অপরদিকে পবিত্র মিত্র অভিনেতা, ঘোষকের কাজ করছেন ওই একই কর্মক্ষেত্রে – সমমনস্ক দুজনের জীবন সংগীতের হাত ধরে বইছে সমান্তরালে। সুধীরলালের উচ্চাঙ্গসংগীতে অসামান্য দখল থাকলেও আধুনিক গানে মনোনিবেশ করছেন। গড়ে উঠছে ওঁর নিজস্ব শিষ্য-শিষ্যাগোষ্ঠী। গান শেখানো, রেকর্ডিং -সবই চলছে।
সুধীরলালের উৎসাহেই পবিত্র মিত্রের গান লেখা। ১৯৪৫ সালে তাঁর কথায় (সুধীরলাল শিষ্যা) কুমারী নীতা বর্দ্ধনের রেকর্ড বেরোয়। সুধীরলালের সুরে গানদুটো ছিল- ‘বাজে গো বাঁশরী’ এবং ‘ওগো নয়নে আবীর দিয়ো না গো’। এই রেকর্ডের জনপ্রিয়তায় পবিত্র মিত্রের গান লেখার জয়যাত্রা শুরু।
১৯৪৫ সালে সুধীরলাল কলকাতায় আসছেন, কিছুদিন পর ১৯৪৭ সালের দেশভাগের সময় পবিত্র মিত্রও কলকাতায় চলে আসেন সবাইকে নিয়ে। যদিও পবিত্র মিত্র বিয়ে করেননি, গানই ছিল তাঁর জীবন, সংসার। এইচএমভি, কলম্বিয়াতে গীতিকার হিসাবে নিযুক্ত হন। ১৯৪৮ সালে কলকাতা বেতারে অভিনেতা হিসেবে নাট্যবিভাগে যোগ দেন।
এইচএমভির ম্যানেজারের দায়িত্ব সামলেও একের পর এক গান উপহার দিয়েছেন। সতীনাথ, শ্যামল, পবিত্র মিত্র -এই জুটি থেকে দারুণ সব কালজয়ী গান রেকর্ড হয়েছে। মূলত বন্ধু সুধীরলাল এবং তাঁর শিষ্য-শিষ্যাদের রেকর্ডকৃত গানের কথা পবিত্র মিত্র লিখেছেন। উৎপলা সেন, শ্যামল মিত্র, আল্পনা বন্দ্যোপাধ্যায়, অনন্তদেব মুখোপাধ্যায়, রবীন মজুমদার, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুপ্রীতি ঘোষ, গায়ত্রী বসু, ইলা চক্রবর্তী, ধনঞ্জয় ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়, পান্নালাল ভট্টাচার্য সবার গানেই কথা লিখেছেন পবিত্র মিত্র। শুধু নিজের রচনাই নয়, অন্যের লেখা কোন গান কাকে দিয়ে গাওয়ালে ভালো হবে, এই ব্যাপারেও তাঁর দক্ষতা ছিল অসামান্য। উনি ছিলেন বাঙাল।
বাঙালদের মতো কথা বলার ধরনে ফুটে উঠতো নীরব, স্বতন্ত্র, অথচ সংযত এক আত্মপ্রত্যয়।
পবিত্র মিত্রের দূরদর্শীতা থেকেও অনেক গান হিট করেছে। যেমন- ‘হংসপাখা দিয়ে’ গানটির(কথা-অমিয় দাশগুপ্ত) সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ানোর কথা ভেবেছিলেন। পবিত্র মিত্রের মতানুযায়ী শ্যামল মিত্রকে দিয়ে গানটি রেকর্ড করা হয়। গানটি এখনো আগের মতোই বিখ্যাত জনপ্রিয় এবং এটি শ্যামল মিত্রের বিখ্যাত একটি গান। এইরকম আরও অনেক ঘটনাই শোনা যায়(একটি যেমন- ‘শিয়রের দীপ যদি শেষে নিভে যায়’; গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় শ্যামল মিত্র ভেবেছিলেন গানটা নিজের সুরে গানটা নিজেই গাইবেন। পবিত্র মিত্রের পরামর্শ অনুযায়ী আলপনা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে গানটি রেকর্ড করা হয়, এবং অচিরেই জনপ্রিয়তা লাভ করে।)।
শুধু তাই নয়, বোম্বের তালাত মাহমুদ, মহম্মদ রফি, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, গীতা দত্ত -সবার বাংলা গান ওঁর লেখা দিয়েই…।
তবে ১৯৫২ সালের ২০শে এপ্রিল সুধীরলাল চক্রবর্তীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পবিত্র মিত্র গান লেখা ছেড়েই দেন। এই অবস্থায় গ্রামোফোন কোম্পানির অধিকর্তা পি সেনের অনুপ্রেরণায় আবার গান লিখতে শুরু করেন। তথ্যানুসন্ধান করে দেখা যাচ্ছে, ১৯৫৩ সালের মার্চের পর পবিত্র মিত্রের রেকর্ড প্রকাশিত হচ্ছে সেই ১৯৫৫-র আগস্ট গিয়ে। সুধীরলালের প্রয়াণে শোকবিধ্বস্ত পবিত্র মিত্রের লেখা ‘স্মৃতি তুমি বেদনার’ শ্যামল মিত্রের কণ্ঠে বিখ্যাত হয়ে যায়।
নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত থেকে শৈলেন মুখোপাধ্যায়, মৃণাল চক্রবর্তী সবার সুরেই পবিত্র মিত্র সোনা ফলিয়েছেন। তবে প্রাণের টানে নিজের মনের আবেগে গান লিখতেন বলে হয়তো ছায়াছবিতে গান লেখার ব্যাপারে আগ্রহ দেখাতে পারেননি। বন্ধু সুধীরলালের সুরে ‘সুনন্দার বিয়ে’(১৯৫১) আর ‘আলো- আঁধারে’(১৯৭৪) -এই দুটি চলচ্চিত্রেই তাঁর লেখা গান পাওয়া যায়। ‘আলো- আঁধারে’-তে মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে শ্যামল মিত্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে ‘শ্রাবণরাতে বারি ঝরে ঝরঝর’ অসাধারণ রাগাশ্রয়ী একটা গান।
গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্তের মতো ফুলটাইম গীতিকার তিনি ছিলেন না। কিন্তু এইসব বরেণ্য গীতিকারদের মতো কাব্যশৈলী তাঁর কলমে ধরা পড়তো। কবিতা যে অনুভূতিপ্রবণ মানুষের মনের দোসর। কথায় সুর দিলে গান হয়। কণ্ঠ দিয়ে যেমন শিল্পীকে মনে রাখা- তেমনই কথাই বাঁচিয়ে রাখে কথাকারকে। পবিত্র মিত্র সেই জায়গাতেই অমরত্বের ভাগীদার।
তবে বিস্মৃতি সত্যিই মানুষের একটা ব্যাধি। যা সময় পরম্পরায় চলে আসছে, তার প্রতিরোধ করাটাও মানসিকতার একটা সিরিয়াস পরীক্ষা। আর এতে উত্তীর্ণ হওয়ার পথটাও যে…।
শেষ দিকে পবিত্র মিত্রও অসুস্থ হয়ে পড়েছিলেন। গীতিকার মিল্টু ঘোষের মতে ১৯৭৪ কি ১৯৭৫ সালে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছিল। মৃত্যুর দিনটিও সংস্কৃতিপ্রাণ বাঙালির কাছে অজানা। হায়! ‘খেলাঘর মোর ভেসে গেছে’, ‘ভালোবাসো তুমি শুনেছি অনেকবার’,’ওগো কন্যা ঘুমাও কত আর’, ’এ জীবনে যদি আর কোনোদিন’,’এ মন কেমন করে জেনেছে’, ‘কত যে সয়েছি ব্যথা অভিমানিনী তোমারই তরে’, ’যদি গো কাছে আসি ফিরায়ো না অভিমানে’, ‘সেদিনের সোনাঝরা সন্ধ্যা’-র মতো শব্দবন্ধের আবেগসঞ্চার তো চিরকালের। ভালোবাসার স্থান যেখানে মরমির মরমে আসন পাতা -সেখানে পবিত্র মিত্র নামক সবুজ অক্সিজেনের যে এই সময়ে খুব দরকার। শুধু সুরের দরদ ভরা জল দিয়ে কতটুকু! মাঠ যে ফাঁকা হয়ে যাচ্ছে। ভালো গানের কথা, ব্যঞ্জনা আজ কোথায়?
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
সংগীত গবেষক গায়ক সপ্তর্ষি ঘটককে ছবিটি দেওয়ার জন্য ধন্যবাদ।
![]()
