কনক মণ্ডল
নিজেকে ভেঙেছি, আরও ভাঙি, গুঁড়ো করি,
ধুলো করি মৃত্তিকার সবীজ যৌবনে।
রাষ্ট্র, তুমি নরকের খেলা খেলে নিলে—
আমিনার চোখে চোখ রেখে একটিবার
চুম্বন দহনে নিজে পুড়ে দেখো প্লিজ।
.
যেখানেই বাবা এল, মাটি ভালবেসে
গেঁথে গেছে মৃদুমন্দ অতল শেকড়।
তুমি তাকে অস্বীকার করো কোন বলে?
হৃদয়ের কোন উষ্ণ ছলকানিতে? বলো,
সীমানা কেমন হয়, কেন হয় ভাগ?
.
ঘন বৃষ্টি। বারান্দায় উঠে আসে ঘেয়ো
কুকুর— মৃত্যুর আগে আশ্রয় নিয়েছে
আমারই জীবনে কিছু! কিছুটা ছুঁয়েছে
তোমাকেও। ধ্বংস হবে ধ্বংসের নিয়মে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
![]()
