দিব্যেন্দু ঘোষ
সব জায়গায় আমি
তোমাদের কথা বলি
.
তোমার নাম বলি
তোমরা অনেক সুন্দর
তুমি অপূর্ব
.
গাছেদের সঙ্গে দ্যাখা হলে বলি
তোমাদের দুঃখের কথা
তোমার না-পাওয়ার কথা
.
ভোরের পাখিদের ডানায় লিখে দিই
তোমাদের জন্য শুভকামনা
পাহাড়ের চূড়ায় উঠে
কখনও কখনও আমি নিজে পাখি হয়ে যাই
শিস দিই তোমার নামে
.
সেদিন ঢাকা সদরঘাট থেকে
বরিশাল পর্যন্ত স্টিমারে চেপে যে চাঁদ
আমার সঙ্গে এসেছিল
তাকে সারারাত শুনিয়েছিলাম তোমাদের গান
বলেছিলাম তুমি সারেগামা জানা
সবথেকে সুন্দর হাঁস
.
কত কত জায়গায় ঘুরলাম তোমাদের জন্য
তোমার সংসার হয়নি বলে
নিজের কবিতা লেখা কলম ভেঙে রাখলাম তোমার সামনে
.
তোমাদের জন্য বৃষ্টিতে ভিজলাম
তোমার জন্য পুড়লাম দাবানলে
.
অথচ তোমরা কখনও
তুমিও কখনও কোথাও
আমার নাম উচ্চারণ করলে না প্রজাপতি!
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
