সঞ্জয় দাস
জ্যেষ্ঠা নক্ষত্র অনুরাধার পর আসেন
অনুরাধা আসেন বিশাখার পর
অনুরাধা মানে যিনি রাধাকে অনুগমন করেন
আলফা আন্টারেস অন্যতম উজ্বল নক্ষত্র
মেঘে ঢাকা থাকলেও বড়বোনকে
সবসময় বড়োই থাকতে হয়
অষ্টমীর চাঁদ তাই সিলিকন ভ্যালি থেকে দে’খে
মনে হয় সিলিকনের নিটোল সুষমা
জন্মাষ্টমী চলে গেছে কৃষ্ণপক্ষে
সেই রাত্রে অন্ধকার ছিল –
বড়োই জরুরি
শুক্লপক্ষের অষ্টমীর কোনো ভয় নেই
লজ্জা নেই
তাই তাকে রাধা অষ্টমী বলে ডাকি
গ্রহণের বাকি আছে মাত্র কিছু দিন
বর্জনের কিছু বাকি নেই
বাঁশি শুনেও তাই আমাদের রয়ে গেছে
আরো আরো কাজ
দুঃখ নেই ক্লান্তি নেই ভালোবাসা নেই
আজ আর বাকি নেই
পড়ে পাওয়া কোনো দুআনার
চাঁদেরও অসুখ হয়
কোজাগর রাতে তাই জেগে থাকা
শিয়রের কাছে
অশ্বত্থ গাছে
উঠিয়াছে চাঁদ
অথবা দেবদারু
বৌদ্ধ সন্ন্যাসী রাত বারোটার পর
বসেছেন ধ্যানে
কানে কানে
বলে যায় রাত জাগা প্যাঁচা
ইঁদুর ধরাটা অত সোজা কাজ নয়
তরল সেপ্টেম্বর আর
পাকা ধান অশ্বিনের শেষে
অবশেষে
এসেছে ফিরিয়া
তার তরে আমাদের ইতিহাস
আদিগন্ত কেঁদে যায়
উড়ে উড়ে
বহুদূরে
বেতের ফলের রূপ কখনো দেখিনি
আঙুরের দেখেছি সুস্বাদ
জীবনের স্বাদ তাই
বুঝতে চাইনা আর
হাসতে চাইনা এই মায়ার সংসার
হারিয়ে ফেলেছি যারা যোনিচক্র স্মৃতি
তাদের জন্য কোনো পরিমিতি
নেই কোনোখানে
তাই আজ অষ্টমীর চাঁদ
সমস্ত লজ্জা খুলে রেখে
নিঃশ্বব্দে উঠেছেন জেগে।
প্রতিভাস ম্যাগাজিন | Prativas Magazine
